জয়নাল উদ্দিন:
মানব পাচার ও মারামারিসহ একাধিক মামলা ও অভিযোগ মাথায় নিয়ে এলাকায় ত্রাস চালিয়ে যাচ্ছে কক্সবাজার ১নং ওয়ার্ড সমিতি পাড়া এলাকার মো. মিজান। নিজের দখলে থাকা ২৫ জনের একটি কিশোর গ্যাংয়ের সিন্ডিকেট নিয়ে পুরো এলাকায় অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে মিজান। ভুয়া তথ্য দিয়ে একটি এনজিও সংস্থার গাড়ি চালকের দায়িত্ব নিলেও থেমে থাকেনি তার অপকর্ম। একের পর এক অপরাধ কর্মকান্ড চালাচ্ছে নিজ এলাকা সমিতি পাড়ায়। সর্বশেষ এক ব্যবসায়ীকে রাতে মারধর করে নগদ টাকা লুট করার মতো ঘটনা জন্ম দেন কিশোর গ্যাং লিডার মিজান। ঘটনায় তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দায়ের করেন ভুক্তভোগি ব্যবসায়ী। মো. মিজান সমিতি পাড়া এলাকার ইউনুছ মিস্ত্রির ছেলে বলে জানা গেছে।
এজাহার সূত্রে জানা গেছে- মধ্যম কুতুবদিয়া পাড়ার বাসিন্দা শুটকি ও ফিশিং বোট ব্যবসায়ী ফজল করিম শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে তার কর্মচারী আব্দু শুক্কুরের বাড়িতে যান তার কিছু বেতনের টাকা পরিশোধ করার জন্য। তাকে টাকা পরিশোধ করে আসার পথে মিজানসহ তার গ্যাংয়ের সদস্যরা ফজল করিমের পথ গতিরোধ করে। পথ গতিরোধ করার সাথে সাথে ফজল করিমের উপর অর্তকিতভাবে হামলা চালায় গ্যাং লিডার মিজান, সমিতি পাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে মো. মান্নান, ইউসুফ জালালের ছেলে মো. জয়নাল ও নুর আহমদ মাঝির ছেলে মো. হান্নানসহ একদল অপরাধী চক্র। এসময় ব্যবসায়ী ফজলকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এমনকি চাকুর ভয় দেখিয়ে পকেটে থাকা নগদ ১ লাখ ৭০ হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নেন তারা।
এজাহারে উল্লেখ রয়েছে- এসময় ব্যবসায়ী ফজলের চিকিৎকারে পথচারীরা এগিয়ে আসলে দ্রুত স্থান ত্যাগ করে গ্যাং লিডার মিজানসহ তার সহযোগিরা। ঘটনার পরপরেই হাসপাতালে চিকিৎসা নিয়ে অপরাধীদের বিরুদ্ধে শনিবার (৩১ ডিসেম্বর) কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানান ফজল করিম। মধ্যম কুতুবদিয়া পাড়া এলাকার ইয়াকুব আলীর ছেলে ফজল করিম।
স্থানীয় সূত্রে জানা গেছে- সমিতি পাড়া এলাকায় আলোচিত কিশোর গ্যাং লিডার হিসেবে চিহ্নিত মো. মিজান। দীর্ঘদিন ধরে ১নং ওয়ার্ডে বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে তিনি। তার বিরুদ্ধে সদর থানায় মানব পাচার ও মারামারির মামলা রয়েছে বলে জানা যায়। এছাড়া তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ দায়ে করেন ভুক্তভোগিরা।
সমিতি পাড়া এলাকার এক সমাজ নেতা বলেন- মিজান ছেলেটি খুবই বেপরোয়া। এমন কোন অপরাধ নেই সে করে না। এক সময় মানবপাচার করেছিল। যার কারণে তার বিরুদ্ধে মামলাও দায়ের হয়। তবে এসব মামলা ও অভিযোগ আড়াল করে কয়েক বছর ধরে একটি এনজিওতে ড্রাইবারের চাকরি নেন। এনজিওতে চাকরি করলেও তার অপরাধ প্রবণতা কমেনি। এলাকায় গ্যাং তৈরি করেছে। ২৫ জনের একটি গ্যাং তার নেতৃত্বে রয়েছে বলেও খবর প্রচার করে মিজান। সমিতি পাড়া এলাকায় প্রকাশ্যে তার বিচরণ। তার ভয়ে সহজে কেউ কথাও বলে না। তবে প্রতিমাসে কয়েকটি করে তার বিরুদ্ধে অভিযোগ থানায় দায়ের করেন ভুক্তভোগিরা। তবে অনেকেই ভয়ে সাহস করে না। সর্বশেষ গত শুক্রবার রাতে এক ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই করে বলে জানা গেছে।