জয়নাল উদ্দিন:
কক্সবাজার শহরের চন্দ্রিমা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৩ নভেম্বর) বিকেল ৪ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মো. ইউসুফ(২৪) চন্দ্রিমা মাঠ এলাকার আব্দুল জব্বারের ছেলে ও কক্সবাজার সমুদ্র সৈকতের ফটোগ্রাফার।
ছুরিকাঘাতের ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার করে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
এরপর পুলিশ চন্দ্রিমা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা মো. সোহেল (২২) কে আটক করে। এসময় উত্তেজিত জনতা আসামীকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে পুলিশের সাথে তাদের ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। এতে পুলিশসহ ৫ জন আহত হয় বলে জানা গেছে।
এদিকে নিহতের বড় ভাই বেলাল জানান, চাঁদা দাবীকে কেন্দ্র করে রোববার বিকেলে সমুদ্র সৈকত থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে মো. সোহেলের নেতৃত্বে হারুন ও মিজানসহ ৩ জন মিলে ইউসুফকে ছুরিকাঘাত করে। চাঁদা দাবীকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকান্ড বলে তিনি দাবী করেন।
বেলাল আরো বলেন- এক সপ্তাহ আগে আলোচিত ছিনতাইকারী সোহেলের সাথে আমার ভাই ইউসুফের ঝামেলা হয়েছিল। গত বৃহস্পতিবার এটা সমাধানও করা হয়েছিল। তারপরও সোহেলের নেতৃত্বে আমার ভাইকে খুন করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে, একজনকে আটক করা হয়েছে। তবে এখনো কোনো মামলা হয়নি।