নিজস্ব প্রতিবেদক:
উখিয়ায় ব্যবসায়িক সম্পর্কের টানাপোড়ন ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে ঝগড়ার জেরে ব্যবসায়ী জসিম উদ্দীনকে নির্মমভাবে খুন করেন বিক্রয় কর্মী মোহাম্মদ নয়ন। র্যাবের হাতে গ্রেফতার হওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্যই মিলেছে। ধারণা করা হচ্ছে, হাতুড়ির আঘাতেই জসিম উদ্দিনকে খুন করে তার ব্যবসায়িক গুদামে লুকিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় অপরাধীর দৃষ্টান্তমূলক চেয়েছে নিহত জসিমের পরিবার।
গত ১০ ফেব্রুয়ারি রাতে মরিচ্যা বাজার এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘নাঈমা এন্টারপ্রাইজ’ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন ব্যবসায়ী জসিম উদ্দিন। এর পাঁচ দিন পর গত ১৫ ফেব্রুয়ারি নিজের ব্যবসায়িক গুদাম থেকেই উদ্ধার করা হয় তাঁর গলিত মরদেহ। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত আসামী মোহাম্মদ নয়নকে সোমবার (১৪ মার্চ) বিকেলে উখিয়ার জালিয়াপালং এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। তাকে গ্রেফতারের খবর পেয়ে মঙ্গলবার সকালে উখিয়া থেকে কক্সবাজারের র্যাব-১৫ কার্যালয়ে ছুটে আসেন নিহত জসিমের স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যরা। এসময় তারা বারবার কান্নায় ভেঙে পড়েন।
নিহত ব্যবসায়ী জসিম উদ্দীনের স্ত্রী জোসনা আকতার বলেন, কেন আমার স্বামীকে এভাবে খুন করা হলো? আমার স্বামীকে খুন করে যে আমার এত বড় সর্বনাশ করেছে, যে আমার অবুঝ দুই সন্তানকে এতিম করে দিয়েছে আমি তার ফাঁসি চাই।
মূলত ব্যবসায়িক সম্পর্কের টানাপোড়ন ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে ঝগড়ার জেরে বিক্রয় কর্মী মোহাম্মদ নয়নের হাতে খুন হয়েছেন জসিম। ধারণা করা হচ্ছে, হাতুড়ির আঘাতেই তাকে খুন করা হয়েছে। সংবাদ সম্মেলনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া এমন তথ্যই জানিয়েছেন র্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান।
ব্যবসায়ী জসিম নিখোঁজ হওয়ার পর উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছিল। পরে গত ১৫ ফেব্রুয়ারী উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখা ক্লাসপাড়া এলাকার বদিউল আলমের ছেলে মোহাম্মদ নয়কে প্রধান আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করে পরিবার। ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন নয়ন। জসিমকে দ্রুত উদ্ধারের দাবীতে মানবন্ধনও করে স্থানীয় ব্যবসায়ীরা।