নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের কলাতলীর হোটেল-মোটেল জোন থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৬ জনকে আটক করার কথা জানিয়েছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও তিনটি ছোরা উদ্ধার করা হয়।
বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় এসব তথ্য জানান কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) বিল্লাল হোসেন।
আটকরা হলেন- কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ড পশ্চিম বাহারছড়া এলাকান জাফর আলমের ছেলে মঞ্জুর আলম (৩৪), ৬নং ওয়ার্ডের নাপপাঞ্জা পাড়ার রুস্তম আলীর ছেলে আব্দুল হালিম (৩১), পশ্চিম লারপাড়া এলাকার মো. মহিউদ্দিনের ছেলে কুতুব উদ্দিন (২৫), একই এলাকার মৃত ইউসূফের ছেলে নুর মোহাম্মদ (৩০), পূর্ব লারপাড়ার সাবের আহমেদের ছেলে আব্দুল করিম ওরফে দুদু (২৬) ও পশ্চিম বাহারছড়া এলাকার আব্দুর রউফের ছেলে ফয়সাল আহমেদ রকি (২২)।
সহকারী পরিচালক (মিডিয়া) বিল্লাল হোসেন জানান, বুধবার দুপুরে হোটেল-মোটেল জোনের ডায়মন্ড এঞ্জেল হোটেলের সামনে কয়েকজন ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এমন খবরে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ৮০ ইয়াবা, ৫ পুরিয়া গাঁজা ও তিনটি ছোরা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।