• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

কক্সবাজারে আনসার ভিডিপির কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিদেক / ১২৯ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৯ মার্চ, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মতো একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানের রাস্তা নির্মাণ কাজে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে বিতর্কিত ও বহু অপকর্মে জড়িত ব্যাক্তিদের। এমন অভিযোগ উঠেছে কক্সবাজার সদর আনসার ভিডিপির কর্মকর্তা জুয়েল ভূইয়ার বিরুদ্ধে।

সূত্রে জানা গেছে, গত বছরের মাঝামাঝি সময়ে কউকের রাস্তা নির্মাণ কাজ শুরু হলে নিরাপত্তা ও পাহারার জন্য জেলা আনসার ও ভিডিপির কাছ থেকে এক প্লাটুন আনসার চাওয়া হয়। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে কক্সবাজার সদর আনসার কর্মকর্তা জুয়েল ভূইয়া কউকের রাস্তা নির্মাণ কাজে নিরাপত্তার দায়িত্বে প্রকৃত আনসার সদস্যদের মোতায়েন না করে প্রতারণার আশ্রয় নিয়ে অপ্রশিক্ষিত, বহিস্কৃত ও চিহ্নিত দাগী ব্যাক্তিদের মোতায়েন করেছে। বিশেষ করে প্লাটুনটির সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) মো. আজম প্রকাশ বোরহান উদ্দিন আজম হলেন ২০১৫ সাল থেকেই আনসার থেকে বহিস্কৃত এবং বিভিন্ন ফৌজদারী অপরাধের সাথে জড়িত বলে লিখিত অভিযোগ রয়েছে।

জানা যায়, মো. আজম প্রকাশ বোরহান উদ্দিন আজম ইতিপূর্বে জাল সনদ দিয়ে প্রশিক্ষণ গ্রহণ, আনসার সদস্যদের মারধর, বাহিনীর শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে লিপ্ত এবং মানবপাচারের মতো গুরুত্বর অপরাধের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। ফলে তাকে সুশৃঙ্খল বাহিনী হিসেবে আনসার থেকে ২০১৫ সাথে বহিস্কার করা হয়েছিলো। সেই সাথে তাকে যেনো আনসার বাহিনীর সাথে সংশ্লিষ্ট কোনো কাজে নিয়োগ দেওয়া না হয় সেই নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিলো। কিন্তু এরপরেও সে আনসার বাহিনীর বিভিন্ন দুর্নীতিবাজ কর্মকর্তাকে হাত করে ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত বাহিনীর অধীনে কাজ করছে এবং পূর্ণ স্কেলে বেতন ভাতা সহ যাবতীয় রেশন সুবিধা ভোগ করে যাচ্ছে।

খোঁজ নিয়ে আরও জানা যায়, কক্সবাজারের সদর আনসার কর্মকর্তা জুয়েল ভূইয়ার প্রত্যক্ষ সহযোগীতায় মো. আজম কউকের রাস্তা নির্মাণ কাজে নিয়োজিত আনসার প্লাটুনে এপিসির দায়িত্ব পালন করছে। কক্সবাজারে আনসার ভিডিপি বাহিনীতে কাজে নিয়োগের ব্যাপারে বোরহান উদ্দিন আজম নামে যখন নিষেধাজ্ঞা এসেছে তখনই প্রতারণার আশ্রয় নিয়ে নাম পরিবর্তন করে মো. আজম নামে তাকে এপিসি পদ দিয়ে পুনরায় কাজে নিয়োগ সহ বেতন ভাতা ভোগের ব্যবস্থা করেছে এই কর্মকর্তা। এমনকি ওই প্লাটুনের একমাত্র কমান্ডার পিসি কাসেম ছাড়া বাকী ১১ সদস্যেদের মধ্যে কেউই আনসার বাহিনী কর্তৃক যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত এবং আইনগত ভাবে বৈধ সদস্য নয় বলেও জানা যায়। বিভিন্ন জায়গা থেকে অপ্রশিক্ষিত, অদক্ষ এবং অপেশাদার লোকজন দিয়ে এই প্লাটুন সাজিয়ে কউকের কাছে সরবরাহ করেছে সদর কর্মকর্তা জুয়েল ভূইয়া। প্লাটুনটির কমান্ডার কাসেম হলেও মূলত ওই প্লাটুনে যাবতীয় খবরদারী চলে অবৈধ ভাবে এপিসি পদ প্রাপ্ত এবং জুয়েলের ঘনিষ্ঠ মো. আজম প্রকাশ বোরহান উদ্দিন আজম।

নাম প্রকাশে অনিচ্ছুক প্লাটুনটির একাধিক সদস্য জানিয়েছে, আজম মূলত সদর কর্মকর্তা জুয়েলের লাঠিয়াল হিসেবে কাজ করে। সে ওই প্লাটুনের বাকী এগারো জনের বেতন থেকে কমিশনের ভিত্তিতে টাকা কেটে নিয়ে জুয়েলের কাছে পাঠায়। অন্যদিকে প্লাটুনটির বেশির ভাগ সদস্যই বাহিনী সম্পর্কে অনভিজ্ঞ, অদক্ষ এবং অপ্রশিক্ষিত হওয়ায় বেতনের বেশির ভাগ টাকা কেটে নিলেও যা দেয় তা নিয়ে সন্তুষ্ট থাকে। তাদের মতে- এসব বিষয়ে প্রতিবাদ করলে এটুকুও পাবার সুযোগ থাকবে না। তখন আম ছালা দুটোই যাবে। পাশাপাশি কক্সবাজার শহরে কউকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের রাস্তা নির্মাণের কাজে এমন অনভিজ্ঞ আনসার সদস্য মোতায়েন করায় সড়কে শৃঙ্খলা প্রতিনিয়ত ব্যহত হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। তারা গাড়ির চালক, পথচারী ও সাধারণ মানুষের সাথে প্রতি মুহুর্তে অপেশাদার আচরণ করছে। ফলে প্রায় সময়ই সড়কে বিশৃঙ্খলা লেগে থাকে।

অনুসন্ধানে জানা যায়, জেলা আনসার বাহিনীতে জুয়েল ভূইয়ার নেতৃত্বে বেশ কয়েকজন বিতর্কিত সদস্য ও কর্মকর্তার সমন্বয়ে একটি দুর্নীতিবাজ সিন্ডিকেট গড়ে উঠেছে। সিন্ডিকেটটি এখন ছড়ি ঘুরাচ্ছে জেলার পুরো আনসার বাহিনীতে। লুটে নিচ্ছে লাখ লাখ টাকা ও সাধারণ সদস্যদের রেশনের চাল ডাল তেল সহ নানা বেতন ভাতা। কর্মে নিয়োগের নামে প্রতি সদস্যদের কাছ থেকে কমিশনে হাতিয়ে নেন বিপুল পরিমাণ অর্থ। জুয়েলে বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিকবার অনিয়ম দুর্নীতির অভিযোগ এনেছিলো বাহিনীর ভুক্তভোগী সদস্যরা। জুয়েল ২০১৯ সালে ছিলেন রামুতে। সেখানেও গড়ে তুলেছিলেন একটি সিন্ডিকেট। ছিলো অভিযোগের পাহাড়। অনিয়মে অতিষ্ঠ আনসার ও ভিডিপি সদস্যরা দুর্নীতিবাজ কর্মকর্তা জুয়েলের অনিষ্ঠ থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বত্বন কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরলেও আজও মিলেনি প্রতিকার। উল্টো জুয়েলের হয়েছে পদোন্নতি।

অঙ্গিভুত একাধিক আনসার সদস্য জানান, আনসার ভিডিপি কর্মকর্তার অনিয়ম-দুর্নীতির কারণে সরকারি গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানটির সুনাম চরমভাবে ক্ষুন্ন হচ্ছে। অপরদিকে সরকারি আনসার-ভিডিপি সদস্যদের গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মকান্ডে ভাতা ও অন্যান্য সুবিধাদি বৃদ্ধি করলেও কক্সবাজার সদরে এর সুফল থেকে আনসার-ভিডিপি সদস্যরা বি ত হচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে আজমের পক্ষে সাফাই গেয়ে অভিযুক্ত কর্মকর্তা জুয়েল ভূঁইয়া বলেন, ‘আজম একজন ভালো আনসার সদস্য। তার ব্যাপারে তিনি ইতিমধ্যে কোনো অভিযোগ পাননি। কউকের রাস্তা নির্মাণ কাজে সে ঠিক মতো দায়িত্বও পালন করে যাচ্ছে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে তা আদৌ সঠিক নয়।’

বিষয়টি আনসার ভিডিপির কক্সবাজার জেলা কমান্ড্যান্ট অম্লান জ্যোতি নাগের নজরে আনা হলে তিনি বলেন-‘আজমের ব্যাপারটি তিনি অবগত আছেন। এই মাসের শেষে তাকে ওই প্লাটুন থেকে প্রত্যাহার করে নেওয়া হবে। নিষেধাজ্ঞা থাকা সত্বেও তার এবং সহযোগীদের বিরুদ্ধে এখনই কেনো ব্যবস্থা গ্রহণ করা হবে না জানতে চাইলে তিনি বলেন এটা একটা ‘মানবিক’ ব্যাপার।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন