বিশেষ প্রতিবেদক:
কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত বিলডাকিনি সিনেমার প্রযোজক মমিন খান পর্যটন শহর কক্সবাজার ঘুরে গেলেন গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে।
মমিন খান সাংবাদিকদের বলেন, বিলডাকিনি সিনেমার শুটিং শেষ করে বর্তমানে এডিটিং-ডাবিংয়ের কাজ চলমান। তিনি আশা প্রকাশ করেন দুই মাসের মধ্যে বিলডাকিনি সিনেমাটি মুক্তি পাবে। এই সিনেমাটি মুক্তি পেলে দেশব্যাপী বিলডাকিনি সিনেমার যে মৌলিক চরিত্রের উপর নির্মাণ করা হয়েছে, তা সত্যিকারভাবে মানুষের সমাজকর্ম ও চিন্তায় আমূল পরিবর্তন আনতে সক্ষম হবে। এই সিনেমাটি আমাদের বর্তমান সমাজচিত্রের বাস্তবিক ঘটনাবলির দারুণভাবে উপস্থাপন করা হয়েছে। মূলত অত্যাচার, নির্যাতন, ধর্ষণ, অন্ধকার জগত এবং নির্যাতনের বিরুদ্ধে সামাজিক জাগরণের গল্পই বিলডাকিনি।
এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবং ভারতের প্রখ্যাত অভিনেত্রী পার্নো মিত্র।অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছেন এই সিনেমাটি। সিনেমার বড় অংশের শুটিং কাজ নওগাঁর পতিসরের পার্শ্ববর্তী এলাকা আত্রাই নদীতেই সম্পন্ন হয়।
মমিন খান বলেন, বিলডাকিনি সিনেমার গল্পের সাথে আত্রাই নদী ও পতিসরের আদি মাটির বাড়ীঘর, গ্রামীন রাস্তাঘাটের অপূর্ব মিল থাকায় শুটিং স্পট হিসেবে আমরা এখানে বেঁছে নিয়েছিলাম। চমৎকার একটি জায়গা যেখানে প্রকৃতি, মানুষ, নদী সব মিলে অসাধারণ। খুব ভালো লেগেছে ওই জনপদে।
সর্বশেষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে কাচারি বাড়িতেও এই বিলডাকিনি সিনেমার কিছু দৃশ্যপটের শুটিং হয়।
চলতি বছরের গত ৩ জানুয়ারি থেকে নওগাঁর আত্রাইয়ে শুরু হয় সিনেমাটির দৃশ্য ধারণ। চলেছিলো প্রায় এক মাস।
অভিনেতা মোশাররফ করিম গত ১২ জানুয়ারি থেকে এই শুটিংয়ে যোগ দেয় এবং পরবর্তীতে শুটিংয়ে যোগ দেন ভারতীয় অভিনেত্রী পার্নো মিত্র। এই সিনেমায় অন্যান্য চরিত্রে যারা অভিনয় করেন, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার, অপু, আইনুন পুতুল, তিথী, হাবিব মাসুদ, প্রফেসর হারুন, ফালগুনী দাসসহ আরও অনেকে। সিনেমাটি নির্মাণ ও পরিচালনা করছেন ফজলুল কবির তুহিন।
বিলডাকিনি সিনেমার প্রযোজক মমিন খান কক্সবাজার ভ্রমণ বিষয়ে সাংবাদিকদের বলেন, ইতোমধ্যে উদ্বাস্তু সিনেমার শুটিংয়ের কাজের জন্য কক্সবাজার শহরের ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করেছি।
বিশেষ করে কক্সবাজার বাঁকখালি নদী, সোনাদিয়া দ্বীপ, নারিকেল জিনজিরা খ্যাত সেন্টমার্টিনের দারুচিনি দ্বীপ, নাইক্ষ্যংছড়ি, হিমছড়ি, খুনিয়া পালং, রেজু নদী, চৌফলদন্ডী নদীসহ একাধিক জায়গায় আমরা দেখেছি।
“উদ্বাস্তু” সিনেমার শুটিংয়ের জন্য এইসব স্থানকে পছন্দসই বলে মনে হয়েছে। যদি বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে খুব দ্রুত উদ্বাস্তু সিনেমার শুটিংয়ের কাজ শুরু করবো পর্যটকদের প্রিয় শহর কক্সবাজারে।