নিজস্ব প্রতিবেদক:
সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও বিরল জীববৈচিত্র্য রক্ষা এবং ইকোট্যুরিজম উন্নয়নে কর্মপরিকল্পনা প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্টিত উক্ত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২০ জানুয়ারি অনু্ষ্ঠিত বিশেষ সভায় সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও বিরল জীববৈচিত্র্য রক্ষার নিমিত্ত গৃহীত খসড়া সুপারিশমালা ও তা বাস্তবায়ন কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
তাছাড়া সেন্টমার্টিনের স্থানীয় জনসাধারণের জীবনযাত্রা ও সুবিধা-অসুবিধা বিবেচনায় নিয়ে দ্বীপে নতুন স্থাপনা নির্মাণ বন্ধ রাখা, আধুনিক ও সুসমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা, উন্নত স্যুয়ারেজ সিস্টেম, শব্দ ও বায়ুদূষণ রোধ, দেশী নৌকায় পর্যটক পরিবহন নিষিদ্ধকরণ, দ্বীপের চতুর্দিকে কেয়া বেষ্টনী নির্মাণ, ভূমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকল্পে জোনিং, স্থানীয় জনসাধারণের জন্য পরিবেশ উপযোগী ঘরের নকশা প্রণয়নসহ একাধিক সিদ্ধান্ত গৃহিত হয় উক্ত সভায়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও আলোচনা করেন-আশেক উল্লাহ রফিক এমপি, জাফর আলম এমপি, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃ কর্নেল (অব:) ফোরকান আহমদ, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহিউদ্দিন আহমেদ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, কক্সবাজার চেম্বার অফ কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ ওশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট এর মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দর, জাহাজ মালিক সমিতির প্রতিনিধি, টোয়াক এর প্রতিনিধি, সেন্টমার্টিন হোটেল, মোটেল, রেস্টুরেন্ট মালিক সমিতির প্রতিনিধি, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর ও এনজিওর প্রতিনিধিবৃন্দ।