এম জাহেদ চৌধুরী:
কক্সবাজারের চকরিয়ার সাহারবিল ইউনিয়নের রামপুর বায়তুশ শরফ জামে মসজিদে মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযুদ্ধা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে খতমে কোরআন, জিকির ও দোয়া মাহফিল চলছিল বিজয় দিবসের দিন বাদে মাগরিব। এতে একদল দুর্বৃত্ত হামলা চালালে ওই মাহফিল ভন্ডুল হয়ে যায়।
ওই সময় সংবাদ সংগ্রহে যাওয়া ছালেম বিন নুর ও মাহফিলে অংশগ্রহণকারী শাহাদাতের দুটি মুঠোফোন ছিনিয়ে নেয় হামলাকারীরা। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বাদে মাগরিব এ ঘটনা ঘটে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় চকরিয়া পৌর শহরের পূর্বকোণ পাঠক ফোরাম অফিসে সংবাদ সম্মেলনে উপরোক্ত অভিযোগ করেন ইমাম মাওলানা রিদুয়ানুল কবির। তিনি বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ১০০-১৫০ জনকে অভিযুক্ত করে চকরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে আরো দাবী করা হয়, হামলাকালে “৯৯৯” এ ফোন করা হলে এএসপি, ওসিসহ বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপরও উত্তেজনা বিরাজ করছে এলাকায়। শুক্রবার বেলা আড়াইটার দিকে দুর্বৃত্তরা আবারো অশালীন ব্যবহার ছাড়াও হামলার চেষ্টা করে মাহফিলে অংশ নেয়া লোকজনের উপর। ফলে উত্তেজনা আরো বেড়ে গেছে। এতে ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ, এ আশংকা এলাকাবাসীর।
অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওসমান গনি বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।