নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের আইবিপি মাঠ এলাকায় অভিযান চালিয়ে বিপুলপরিমাণ চোরাই ক্যাবলসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (৫ ডিসেম্বর) ভোরে শহর পুলিশ ফাঁড়ির অভিযানে ঘটনাস্থল থেকে সাতটি বিটিসিএল এর ক্যাবল,একটি ক্যাবল কাটার কাজে ব্যবহৃত লোহার দা, একটি হাতল ও হ্যাচ্কব্লেড সহ ৪ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন হাজী পাড়ার পাওয়ার হাউস এলাকার ইউনুসের ছেলে জসীম উদ্দীন, একই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে জসীম,ইসমাইলের ছেলে মাহবুব এবং মধ্যম বাহার ছড়ার গোলাম হোসেন খোকনের ছেলে আসিফ ইমরান জামশেদ।
এবিষয়ে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, আটককৃতরা শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ডিসের ক্যাবল,বিটিসিএল ক্যাবল চুরিসহ বিভিন্ন অপরাধ করে আসছিলো। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।