ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের উপকূলীয় গোমাতলীতে এক এসআইয়ের দাপটে পাঁচ পরিবার এলাকাছাড়া রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইজিপিসহ ঊর্ধ্বতন মহলে অভিযোগ দেওয়ায় চিংড়ি ঘের, পুকুর দখল ও মাঠের গর্তে জমিয়ে রাখা লবণ লুট করে নিয়েছে এসআইর স্বজনরা। দীর্ঘ আড়াই মাসেও ঘরে ফিরতে না পেরে এখানে-ওখানে পালিয়ে বেড়াচ্ছেন পাঁচ পরিবারের ৩০-৩৫ নারী পুরুষ ও শিশু।
ভুক্তভোগীদের অভিযোগ-চট্টগ্রামের চাদগাঁও থানায় কর্মরত থাকলেও এসআই রফিকুল ইসলাম তার গ্রাম গোমাতলীতে এসে সব ধরনের অপরাধকাণ্ডে সাহস জোগাচ্ছেন। এলাকার দখল প্রক্রিয়ায় যেন শক্তিমত্তা দেখাতে পারে সেজন্য নজরুল নামে ছোট ভাইকে অবৈধ অস্ত্র কিনে দিয়ে তা চালানোর প্রশিক্ষণ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এসব বিষয় উল্লেখ করে পুলিশের আইজিসহ বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ দেওয়ার পরও কোনো সুরাহা পায়নি ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবার।
পোকখালীর উত্তর গোমাতলীর কামাল পাশার ছেলে তাজনোভা কামাল আবদুল্লাহ পুলিশ হেডকোয়ার্টারে দেওয়া অভিযোগে উল্লেখ করেন, পোকখালীর উপকূলীয় গোমাতলীর ৯০ শতাংশ পরিবার গ্রীষ্মে লবণ ও বর্ষায় চিংড়ি উৎপাদন এবং শ্রমবিক্রি করে আহার জোগান। বাকি ১০ শতাংশ লোক উৎপাদিত পণ্যের মধ্যস্বত্বভোগী এবং গোষ্ঠীগত আধিপত্যে জবর-দখলকারী। এলাকার সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মিয়া, মৌলভী আবদুল্লাহ খাঁন-এরাই আশির দশক থেকে পালা করে লুটপাট করে আসছেন।
সব অভিযোগ অস্বীকার করে এসআই রফিকুল ইসলাম বলেন, জমির দখল নিয়ে মারামারির ঘটনা ঘটলেও সেখানে আমি উপস্থিত ছিলাম না। তারা (হামলার শিকার আবদুল্লাহরা) নিজেরাই এলাকায় যাচ্ছে না। গেলে কেউ বাধা দিচ্ছে না। ভাইকে অস্ত্র প্রশিক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, আমি পুলিশ-সেটি আমার অপরাধ। প্রতিপক্ষরা তা মেনে নিতে পারছে না। পুকুর দখলের পর পিকনিক আয়োজনটি সত্য নয়, তার কোনো প্রমাণও নেই বলে মন্তব্য করেন এসআই রফিক।
এসআই রফিকের বিরুদ্ধে দেওয়া অভিযোগের তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (উত্তর) শহিদুল ইসলাম বলেন, আমার অধীন চাদগাঁও থানায় কর্মরত এসআই রফিক তার এলাকায় গিয়ে মারামারিতে ইন্ধন দিয়েছে বলে মামলায় আসামি হয়েছেন, তা তদন্তাধীন। আমাদের কাছে আসা অভিযোগের বিষয়ে উভয়পক্ষের সাক্ষ্য নেওয়ার পর তাও বিশদভাবে তদন্ত করা হচ্ছে। সূত্র-যুগান্তর