উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুটি কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ শাহ আলম ও বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতীকের ইমরুল কায়েস চৌধুরীর সমর্থকের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে এ ঘটনার জন্য তারা একে অপরকে দোষারোপ করছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল থেকে সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চললেও বেলা পৌনে ২টার দিকে পরিস্থিতি নাজুক থেকে শুরু করে।
এবিষয়ে আওয়ামী লীগের প্রার্থী শাহ আলম বলেন, আমার ভাতিজা উখিয়া উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম ৮ নম্বর ওয়ার্ড নাপিতপাড়া কেন্দ্র পরিদর্শনে যায়। সেখানে বিদ্রোহী প্রার্থী ইমরুল কায়েস চৌধুরী চড়াও হয়। পরে বাকবিতন্ডার এক পর্যায়ে জাহাঙ্গীর ও নৌকার সমর্থকদের পিটিয়ে কেন্দ্র থেকে বিতাড়িত করে ঘোড়া প্রতীকের প্রার্থী ও সমর্থকরা। এতে উপজেলা চেয়ারম্যানসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। এ ঘটনার রেশ ধরে ৯ নম্বর ওয়ার্ডেও ছোটখাট ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে।
তবে ঘোড়া প্রতীকের প্রার্থী ইমরুল কায়েস চৌধুরী বলেন, অধ্যক্ষ শাহ আলম ও তার অনুসারীরা ৯ নম্বর ওয়ার্ডের রুমখাপালং মাদ্রাসা কেন্দ্রে নৌকার পক্ষে ব্যালট পেপার ছেঁড়ার চেষ্টা করে। এ সময় আমার এজেন্টরা বাধা দিলে তাদেরকে মারধর করে। এতে সেখানে উপস্থিত কর্মী সমর্থকরা তাদেরকে শান্ত করার চেষ্টা কলে তাদের ওপরও চড়া হয় শাহ আলমের পালিত সন্ত্রাসীরা। তাদের হামলায় আমার এজেন্টসহ ৮ জন আহত হয়েছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতাল পাঠানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এ ঘটনা অন্য কেন্দ্রেও প্রভাব ফেলেছে। উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে আরও মারামারি করতে জড়ো হয়।
র্যাব-১৫ এর কক্সবাজার কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, হলদিয়াপালংয়ের দুটি কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি প্রশাসনের অনুকূলে আসে।