চকরিয়া প্রতিনিধি
কক্সবাজার চকরিয়ায় সরকারী ওষুধ বিক্রি করার ছলে ইয়াবা পাচার করার সময় এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে সাধারণ জনগণ। অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে সরকারী বিক্রয় নিষিদ্ধ ঔষধসহ ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যায় চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক সুজন নাথ (৩৭) রামু উপজেলার ফতেয়ারকূল নাথ পাড়া এলাকার মৃত হরিমোহন নাথের পুত্র। সুজন নিজেকে পল্লী চিকিৎসক বলেও দাবি করেন। এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, প্রায় সময় মোটরসাইকেলের মাধ্যমে এ ব্যক্তিকে পূর্ব মাইজপাড়া এলাকায় আসতে দেখা যায়। ঘটনার দিন বিকেলে এলাকার ফার্মেসিতে এসে ওষুধ কিনতে জোরজবরদস্তি করেন সুজন।
সরকারী ঔষধ দেখে ফার্মেসিতে ওষুধ কিনতে আসা কয়েকজন সচেতন ব্যক্তি তার প্রতিবাদ জানায়। সুজন নাথ উল্টো ক্ষিপ্ত হয়ে গেলে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাকে আটক করে। সকলের উপস্থিতিতে তার ব্যাগ তল্লাশী করে যৌন উত্তেজক ট্যাবলেটসহ এক শ’ পিস সরকারী বিক্রয় নিষিদ্ধ লিপিকন-১০ ট্যাবলেট, মেট্রোনিডাজল গ্রুপের ট্যাবলেট ও স্কয়ার কোম্পানির নিউরো-বি টেবলেটের কৌটার ভেতর থেকে ২৬ পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকালে সরাসরি ভিডিও চিত্র ধারণ করে উপস্থিত সাধারণ মানুষ।
স্থানীয় মেম্বার ফরিদুল আলম বিষয়টি জানতে পেরে থানা পুলিশকে খবর দেয়। বিক্রয় নিষিদ্ধ সরকারী ওষুধ ও ইয়াবাসহ পাচারকারী ধরা হয়েছে খবর পেয়ে চকরিয়া থানার অফিসার্স ইনচার্জসহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয় লোকজনের বক্তব্য নিয়ে পুলিশ সুজন নাথকে আটক করে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসমান গণি জানান, সরকারী ওষুধ বিক্রি করতে এসে ২৬ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।