কক্সবাজার অফিস
কক্সবাজারে আটকা পড়া পর্যটকদের নিয়ে রোববার (৭ নভেম্বর) পর্যন্ত মোট ৭টি পর্যটকবাহীবাস চট্টগ্রামের উদ্দেশ্যে কক্সবাজার ছেড়েছে। এতে পরিবহণ ধর্মঘটের কারণে ভোগান্তিতে থাকা ২৮৮ জন পর্যটক যাওয়ার সুযোগ হয়েছে।
কক্সবাজারের জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম জানিয়েছেন, জেলা পুলিশের পক্ষ থেকে ভোগান্তিতে পড়া পর্যটকদের পৌঁছে দিতে জেলা পুলিশ উদ্যোগ নেয়। এরমধ্যে গত শনিবার রাতে ৪টি বাসে ১৬৭ জন এবং রোববার (৭ নভেম্বর) ৩টি বাসে ১২১ জন পর্যটক চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর এখন আর কোন পর্যটক আমাদের কাছে আসেনি।
সর্বমোট দু’দিনে ৭টি বাসে ২৮৮ জন পর্যটককে কক্সবাজার থেকে চট্টগ্রাম প্রেরণ করা হয়েছে। যানবাহনের জন্য ভোগান্তিতে যারা পড়বে তাদের পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
জ¦ালানি তেল ও ডিজেলের দাম বৃদ্ধির কারণে গনপরিবহন বন্ধ থাকায় যে সব পর্যটক গত শুক্রবার রাতে কিংবা গত শনিবার চট্টগ্রাম ও ঢাকায় কিংবা নিজ গন্তব্যে ফিরে যাওয়ার কথা ছিল তাদের বিনা খরচে চট্টগ্রাম পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ। সেখান থেকে তারা ট্রেনে অন্যান্য স্থানে যেতে পারবেন।
এছাড়া ছোট ছোট যানবাহন ভাড়া করে কিছু পর্যটক কক্সবাজার ত্যাগ করছেন। আবার অনেক পর্যটক অতিরিক্ত ভাড়ায় উড়োজাহাজে কক্সবাজার ত্যাগ করেছেন।