নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকায় জাহানারা বেগম প্রকাশ বুড়ি বেগম নামে এক নারীকে ইয়াবাসহ আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (১ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে বৈদ্যঘোনা’র (৮ নং ওয়ার্ড) বিবি হাজেরা জামে মসজিদের সম্মুখে এ ঘটনা ঘটে। পরে তাকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে সোপর্দ করা হয়। এসময় ওই নারীর কাছে ৩ হাজার ১২৫ পিস ইয়াবা পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আটক জাহানারা বেগম প্রকাশ বুড়ি বেগম (৪০) একই ওয়ার্ডের বাইত্তুল ইজ্জত এলাকার তৈয়ব আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও সচেতন যুবকদের দেওয়া তথ্যে জানা যায়, এশার নামাজ শেষে লোকজন মসজিদ থেকে বের হয়ে দেখে রাস্তার উপর এক নারী সহ ৫-৬ জন যুবকের মধ্যে কোন এক বিষয় নিয়ে মারপিটের উপক্রম হচ্ছিল। কাছে গিয়ে বুঝতে পারে তারা সবাই এলাকার চিহ্নিত মাদক পাচারকারী। পরে ওই এলাকার বৃহত্তর বৈদ্যঘোনা সমাজ কমিটির সচেতন যুবকেরা তাদের চ্যালেঞ্জ করলে মাদকপাচারকারীরা ছুরি হাতে হামলার চেষ্টা করে। এরমধ্যে ৪-৫ জন পালিয়ে গেলেও বুড়ি বেগম তাদের হাতে আটক হয়। পালিয়ে যাওয়া যুবকদের মধ্যে শাকিল ও আব্বু প্রকাশ শমশু নামে দুইজনকে চিহ্নিত করতে পেরেছে এলাকার লোকজন। তারা পাহাড়তলীর খুনিরমাঠ এলাকার বাসিন্দা। এই যুবকেরা ছিনতাই, ডাকাতি ও মাদক সহ নানা অপরাধের সাথে জড়িত।
এদিকে বুড়ি বেগমের কাছে কালো পলিথিনে মোড়া দুই প্যাকেট ইয়াবা পাওয়া যায়। এরই মধ্যে ওই নারী স্বীকার করেন টাকার বিনিময়ে তিনি ইয়াবাগুলো এক পার্টির কাছ থেকে অন্য পার্টির কাছে পৌছে দিচ্ছেন। দ্বিতীয় পার্টি অবস্থান করছিল শহরের পুরাতন স্টেডিয়াম সংলগ্ন এলাকায়।
পরে এলাকার লোকজন ৯৯৯ নাইনে ফোন করে। এরই মধ্যে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ঘটনাস্থলে আসে এবং মাদক সহ এই নারীকে আটক করে।
এ ব্যাপারে বৃহত্তর বৈদ্যঘোনা সমাজ কমিটির সভাপতি শরিফুল ইসলাম জানান, এই এলাকার যারা মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত তাদের বিরুদ্ধে সচেতন যুবকেরা প্রতিবাদ করছে। এই ঘটনাতে ট্রিপল নাইনে ফোন করা হয়। পরে ডিবি পুলিশ আসে।
এ ব্যাপারে বৃহত্তর বৈদ্যঘোনা সমাজ কমিটির সাধারণ সম্পাদক মারুফ হোসাইন শাওন জানান, প্রশাসনের সহযোগিতা পেলে এই এলাকা মাদকমুক্ত করা সম্ভব। পাশাপাশি যারা জীবনের ঝুঁকি নিয়ে এই পাচারকারীদের ধরছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা উচিৎ প্রশাসনের।
এ ব্যাপারে গোয়েন্দা শাখার এসআই শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসে এবং এলাকাবাসী মাদক সহ জাহানারা বেগম প্রকাশ বুড়ি বেগম (৪০) নামে এক নারীকে তাদের কাছে তুলে দেয়। পরে তারা শহর ফাঁড়ির পুলিশের সহযোগিতা নেন। প্রকাশ্যে উদ্ধার হওয়া দুই প্যাকেট ইয়াবা গননা করে ৩ হাজার ১২৫ টি ইয়াবা পাওয়া যায়।