কক্সবাজার অফিস:
চলতি বছরের ১৮ জানুয়ারি ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট নিয়ে পুলিশের হাতে আটক হয়েছিল কক্সবাজার শহরের আলোচিত ইয়াবা কারবারি আবু তাহের (২৭)। আটকের পর পুলিশ মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। কিন্তু বেশি দিন কারাগারে থাকতে হয়নি আবু তাহেরকে। মাত্র ১১ দিনের মাথায় জামিন নিয়ে কারাগার থেকে বের হন তিনি। মামলার জামিন মিলবে এটা স্বাভাবিক। কিন্তু তাহেরের জামিন পাওয়া নিয়ে রীতিমত বিস্মিত খোদ পুলিশ।

৩০০ পিচ ইয়াবা নিয়ে আটকের পর এতো অল্প সময়ে জামিনে বের হওয়া কক্সবাজারের জন্য প্রথম ঘটনা বলেও মন্তব্য করেছেন পুলিশও। ইয়াবা মামলায় অল্প দিনে তাও মাত্র ১১ দিনে জামিনে বের হয়ে রেকর্ড সৃষ্টি করেছে ইয়াবা কারবারি আবু তাহের। রেকর্ড সৃষ্টিকারী এই ইয়াবা কারবারি আবু তাহেরের উত্থান নিয়েও হতবাক আটককারী ও মামলার বাদি পুলিশ কর্মকর্তা। ইয়াবার টাকায় অল্প দিনে জামিনে বের হলেও নিজের পেশা পরিবর্তন করতে পারেনি আবু তাহের। বরং কৌশলে রমরমা ব্যবসা চলছে তার। আবু তাহের কক্সবাজার পৌরসভা ৯নং ওয়ার্ড পশ্চিম ঘোনার পাড় এলাকার আবুল হাসেম ওরফে বর্মায়া হাসেমের ছোট ছেলে।
আবু তাহের আটকের একমাস পর তার গ্রুপের সদস্য ঘোনার পাড়া এলাকার শেখ আহমদও ইয়াবা নিয়ে পুলিশের হাতে আটক হয়। বর্তমানে শেখ আহমদ কারাগারে। নিজের ইয়াবা আস্তানা থেকে আটক হয়েছিল শেখ আহমদ। শেখ আহমদও স্বীকার করেছিল আবু তাহের একজন বড় মাপের ইয়াবা কারবারি এবং তার গ্রুপের সদস্য। তারা নিয়মিত ইয়াবা বিক্রি এবং সেবন করত। শেখ আহমদের বাড়িতে এসব ইয়াবার লেনদেন করে আবু তাহের।

আবু তাহেরের এলাকার এক সমাজ নেতা বলেন, তাহের বড় মাপের ইয়াবা কারবারি এটি এলাকার সবাই জানে। বার্মিজ মার্কেট এলাকায় ছোট্ট ঝিনুকের দোকানের আড়ালে গড়ে তুলে ইয়াবা কারবার। প্রায় ১০ বছর আগে থেকেই ইয়াবাতে জড়িত তাহের। কিন্তু ধরাছোঁয়ার বাইরে। খুব চালাক সে। নিজের বাইক নিয়ে ইয়াবা পাচার এবং বিক্রি করে। নিয়মিত আড্ডা জমায় শেখ আহমদের বাড়িতে এবং বাদশা ঘোনা এলাকায়। বেশ কয়েকবার পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়েছিল। কিন্তু সে পালিয়ে যায় কৌশলে।
জানুয়ারির দিকে পুলিশ তাকে বৌদ্ধ মন্দির এলাকা থেকে ইয়াবা নিয়ে আটক করেছিল। কিন্তু তাকে বেশি দিন আটকে রাখতে পারেনি। ইয়াবার টাকার জোয়ার তুলে অল্প দিনেই জামিনে বের হয়ে আবারো ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছে নিয়মিত। হেলাল নামে এক সহযোগিও রয়েছে তাহেরের। পুলিশও অভিযান চালিয়েছিল হেলালের বাড়িতে। বর্তমানে পলাতক রয়েছে হেলাল।
থানা সূত্রে জানা যায়, চলতি বছরের ১৮ জানুয়ারি পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আবু তাহের (২৭) কে গ্রেপ্তার করা হয়েছিল। কক্সবাজার সদর থানার এসআই দেলোয়ার হোসেন ও তার সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে শহরের পৌরসভাস্থ বৌদ্ধ মন্দিরের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৩০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এসআই দেলোয়ার হোসেন জানিয়েছিলেন, গ্রেপ্তারকৃত আবু তাহের শহরের পাইকারী মাদক বিক্রেতা। ইয়াবার আশির্বাদে আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন। অনেক বছর যাবত ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছিল তাহের।

অপর দিকে চলতি বছরের ২০ মার্চ (শুক্রবার) দুপুরে শহরের ৯ নং ওয়ার্ড দক্ষিণ ঘোনার পাড়ায় শেখ আহমদের বাড়ীতে পাচারের উদ্দেশ্যে ইয়াবা মজুদের খবরে সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মৃত ডাঃ ইছহাকের ছেলে শেখ আহমদ (৫৫) ও আলতাফ হোসেনের ছেলে আব্দু শুক্কুর (৩০) কে একশ পিস ইয়াবাসহ আটক করেছিল। আটক শেখ আহমদ ইয়াবা কারবারি আবু তাহেরের সক্রিয় ব্যবসায়ী পার্টনার।
খোঁজ নিয়ে জানা গেছে, মোটা অংকের টাকা কন্ট্রাক করে অল্প দিনেই জামিন নেন ইয়াবা তাহের। জামিনে বের হয়ে ফের এলাকায় চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা। পুলিশও জানেন তিনি মাদক কারবারে সরাসরি জড়িত। তবে হাতেনাতে মাদক না পাওয়ায় তাকে বর্তমানে ধরা যাচ্ছে না। এলাকায় নিয়মিত বিচরণ করছে বাইক নিয়ে। আবু তাহেরের পিতাও মাদক নিয়ে বেশ কয়েকবার আটক হয়েছিল পুলিশের হাতে। সেই সূত্র ধরে মাদক ব্যবসা জড়িয়ে যায় আবু তাহের। মাদকের টাকায় তৈরি করেছে আলিশান বাড়িও। বাড়ির ভিতরে তৈরি করেছে রাজপ্রাসাদ।
আবু তাহেরের জামিন নিতে আদালতে কোন তথ্য গোপন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবী করেছেন স্থানীয় সচেতন মহল।