১২ জুন (সোমবার) পর্যটন নগরী কক্সবাজার পৌরসভা নির্বাচন। বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে কে হচ্ছে পৌর পিতা? এমন জল্পনা কল্পনার অবসান হবে সোমবার। ভোটের মাধ্যমে যোগ্য প্রার্থীকে পৌরসভার চেয়ারে বসাবেন পৌরবাসীরা। এই নির্বাচনকে ঘিরে পৌরবাসীর মাঝে বইছে উৎসবের আমেজ।
এরআগে শনিবার রাত ১২ টায় শেষ হয়েছে সকল ধরনের প্রচারনা। এরআগে বিরামহীন প্রচারনার মাধ্যমে ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিয়েছেন নানা প্রতিশ্রুতি।
এদিকে রাজনৈতিক দল আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী ভোট প্রার্থনার পলিসির মাধ্যমে পাল্টে গেছে ভোটের মাঠের সমীকরণ। সৃষ্টি হয়েছে নৌকার পক্ষের গণজোয়ার। মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন মাহবুবুর রহমান। এমনটাই দাবি করছেন নৌকার পক্ষের সমর্থকেরা।
নৌকা প্রতীকে মেয়রপ্রার্থী মাহবুবুর রহমান বলেন, জনগনের ব্যাপক সাড়া পেয়েছি। জনগন আমাকে মনেপ্রাণে নিয়েছেন। আমি বিশ্বাস করি শহরবাসী ভুল করবেনা। তাঁরা ১২ জুন নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি জনগনের সেবায় নিজেকে বিলিয়ে দেবো। জনগণের দোর গোড়ায় পৌঁছে দেবো নাগরিক সেবা। সন্ত্রাসী, দখলবাজ, ও মাদকের বিরুদ্ধে সুন্দর পর্যটন নগরী গড়তে মানুষ আমাকেই বেছে নেবেন।
অন্যদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নারিকেল গাছ প্রতীকের মাসেদুল হক রাশেদও থেমে নেই। সর্বোচ্চ শক্তি দিয়ে আটঘাট বেঁধে মাঠে চষে বেড়াচ্ছেন। হকশনের পুত্র বঁধু থেকে শুরু করে আত্মীয় স্বজনরাও অংশ নিয়েছেন প্রচারনায়।
মেয়রপ্রার্থী মাসেদুল হক রাশেদ বলেছেন, নারিকেল গাছের গণজোয়ার দেখে প্রতিপক্ষ প্রার্থীর মাথা খারাপ হয়ে গেছে। এজন্য তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং তাঁর কর্মীদের ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে তিনি দাবি করছেন।’ তিনি বলেন, যেদিকে যাচ্ছি সেদিকে নারিকেল গাছের জয়ের ধ্বনি। তিনি নির্বাচিত হলে একটি মডেল পৌরসভা জনগনকে উপহার দেবেন বলেও প্রতিশ্রুতি দেন।
কক্সবাজার পৌরসভায় বরাবরই বিএনপি- জামায়াত সাংগঠনিকভাবে শক্তিশালী। এবারের নির্বাচনে এই দুই দলের কোনো প্রার্থী নির্বাচনে অংশ নেয়নি। এখন প্রশ্ন ? কার ভোট ব্যাংকে যোগ হচ্ছে তাঁদের ভোট।
নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছেন, শক্তিশালী দুই মেয়রপ্রার্থীই রাজনৈতিক দল আওয়ামী লীগ সমর্থীত। এজন্য কাউকেই তাঁরা তাদের ভোট প্রয়োগ করবেন না। তবে নানাভাবে আলোচিত-সমালোচিত আধ্যাত্মিক নেতা দাবি করা মঙ্গল পার্টি নামের অনিবন্ধিত রাজনৈতিক দলের চেয়ারম্যান জগদীশ বড়–য়া পার্থ’র ভোট বাক্সে যেতে পারে কিছু ভোট।
এবার নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৫ জন মেয়র। তাঁরা হলেন, আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী, নাগরিক কমিটির প্রার্থী নারিকেল গাছ প্রতীক মাসেদুল হক রাশেদ, তাঁর স্ত্রী জোসনা হক মোবাইল ফোন, জগদীশ বড়–য়া হেলমেট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়রপ্রার্থী মো. জাহেদুর রহমান হাতপাখা।
সোমবার (১২ জুন) ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কক্সবাজার পৌরসভার সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ২৫ জুলাই। ওই নির্বাচন আওয়ামী লীগের দলীয় প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান।
এদিকে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য রোববার (১১ জুন) প্রশাসনের একটি মহড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করেছেন। পৌরসভার নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) অন্য নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পাঠানো হয়েছে।
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন বলেন, নির্বাচন উপলক্ষ্যে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনে যেসব কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ সেসব কেন্দ্রে অধিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার যেসব কথা প্রচলন রয়েছে তেমন কোনো ঘটনাও ঘটবে না।
রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডে মোট কেন্দ্র ৪৩টি। কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডের ভোটার সংখ্যা ৯৫ হাজার ৩৮৬। নির্বাচনে ১২টি ওয়ার্ডে ১৫ ম্যাজিস্ট্রেট, ৭ প্লাটুন বিজিবি, ১২টি র্যাব টিম, ৭৯০ জন পুলিশ দায়িত্ব পালন করবেন।