• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

১০ ডিসেম্বর বিএনপি সুপার ফ্লপ, চ্যাম্পিয়ন হবো আমরা : কক্সবাজার আ.লীগ সম্মেলনে কাদের

নিজস্ব প্রতিদেক / ১৬২ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

বিশেষ প্রতিবেদক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘১০ ডিসেম্বর সুপার ফ্লপ মেরেছে বিএনপি। তাদের টার্গেট মিস হয়ে গেছে। তারা এখন বেপরোয়া ও পাগলপ্রায়। তাদের গোল দিয়েছি আমরা। ফাইনাল খেলাতেও গোল দেবো। ফাইনাল খেলা মানে হচ্ছে জাতীয় নির্বাচন।’

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে ২টার দিকে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সম্মেলনে ভিডিও কনফারেন্স যুক্ত থেকে তিনি এ সব কথা বলেন।

এ সময় সৈকত নগরী কক্সবাজারের মানুষকে প্রস্তুত থাকতে বলে মন্ত্রী আরও বলেন, ‘আমাদের নেক্সট টার্গেট স্মার্ট বাংলাদেশ। সজীব ওয়াজেদ জয়ের সহায়তায় ডিজিটাল বাংলাদেশ করেছেন আমাদের নেত্রী। ২০৪০ সাল পর্যন্ত আমাদের টার্গেট স্মার্ট বাংলাদেশ করা।’

কক্সবাজার জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্বকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আজকে সভাপতি-সাধারণ সম্পাদক দিয়ে কমিটি ঘোষণা হবে। জাতীয় সম্মেলনের আগেই পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে হবে। কমিটিতে দুঃসময়ে ত্যাগীদের মূল্যায়ন করা হবে। তবে সু-সময়ে যারা এসেছে, তাদের তাড়িয়ে দেবেন না। তাদের নিয়ে বাড়াবাড়িও করবেন না।’

বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘খেলা হবে। আজ সেমিফাইনালে গোল দিয়ে ফাইনালেও জয় লাভ হবে। আর্জেন্টিনা যেভাবে গোল দেবে, আমরাও বিএনপিকে একইভাবে গোল দেবো।’

দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘৭১ এর রাজাকার হলো জামায়াত, আর ৭৫ এর রাজাকার হলো বিএনপি। এরা এখন মিলিত হয়ে এদেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে। ২০১২ সাল থেকে নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তারা। কিন্তু বার বার ব্যর্থ হওয়ার পরও ষড়যন্ত্র চলমান রেখেছে। ১০ ডিসেম্বর আরেক ষড়যন্ত্র করার অবশিষ্ট চেষ্টা চালিয়েছে তারা কিন্তু ব্যর্থ হয়েছে। তাদের সঙ্গে জনগণ নেই। তাদের নেতা হচ্ছে, তারেক রহমান। যিনি কোনো রাজনৈতিক নেতা নন। তার কাজ হচ্ছে, এ দেশের সম্পদ লুট করা। আর সন্ত্রাসী হিসেবে মানুষ খুন করা।’

সকাল ১১টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এ সময় সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মাহবুব-উল আলম হানিফ, ব্যরিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সিরাজুল মোস্তফা, আমিনুল ইসলাম আমিন, বারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সর্বশেষ ২০১৬ সালের ২৮ জানুয়ারি কক্সবাজার জেলা শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন