বিশেষ প্রতিনিধি :
উখিয়া উপজেলার সোনারপাড়া ও ইনানীর সাধারণ মানুষের আতংকের নাম সন্ত্রাসী ফজলি। চাঁদাবাজি, জালিয়াতি, মানবপাচার, মাদক পাচার, ভুমিদস্যূতাসহ বিভিন্ন ধরণের অপরাধ চালিয়ে যাচ্ছে কুখ্যাত ওই সন্ত্রাসী। বিএনপি জামায়াতের যে কোন হরতালে উখিয়ার কোটবাজার, ইনানী ও সোনার পাড়া এলাকায় নাশকতার নেতৃত্ব দেয় সে। তার বিরুদ্ধে হরতালে নাশকতার দায়ে উখিয়া থানায় একাধিক মামলাও রয়েছে।
কখনো আইনজীবী আবার কখনো র্যাবের সোর্স পরিচয়ে দিনের পর দিন সাধারণ মানুষের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী ফজলি। ফজলি’র হাত থেকে রেহায় পেতে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, পুলিশ সুপার, র্যাবসহ সংশ্লিষ্ঠ সব দপ্তরে অভিযোগ করেছে ভুক্তভোগিরা।
সূত্রে জানা গেছে, উখিয়া ও সোনার পাড়া এলাকার অপরাধের নায়ক আবু ছৈয়দ প্রকাশ ফজলি। জালিয়া পালং ইউনিয়নের সোনারপাড়া এলাকার মৃত মকতুল হোসেন প্রকাশ লাল মতু’র পুত্র ফজলি দিনের পর দিন বেপরোয়াভাবে নির্যাতন চালিয়ে আসছে সাধারণ মানুষের উপর। এমন কোন অপরাধ নেই যা সে করেনা। স্থানীয় বখাটেদের নিয়ে সোনার পাড়া ও ইনানীতে আলাদা দুটি গ্রুপ করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে সে। বিভিন্ন অপরাধের মামলায় জেল খাটলেও বের হয়ে পুণরায় শুরু করে অপরাধ কর্মকান্ড।
মানবপাচারে সোনারপাড়ার গডফাদার ফজলি। চিহ্নিত এই মানপাচারাকারী প্রলোভনে ফেলে শুধুমাত্র সোনার পাড়া ও ইনানী থেকে মালয়েশিয়া পাচার করেছে শতাধিক সহজ সরল যুবক। এরমধ্যে অনেককে জোর করে পাচার করেছে বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিন্ডিকেটের মাধ্যমে শত শত স্বপ্নবাজ যুবকদের ফুসলি এনে পাচার করেছে মালয়েশিয়ায়।
বিশ্বস্থ সূত্রে জানা গেছে, চিহ্নিত মানবপাচারকারী ফজলি উখিয়া উপজেলার মানবপাচারের ডন রেবি ম্যাডামের অন্যতম সহযোগি ছিলেন। একের পর এক নিজের মামলা’র জামিন আর নিরীহ মানুষদের মিথ্যা মামলায় ফাঁসাতে ফাঁসাতে এক সময় ফজলি নিজেই আইনজীবী সহকারীর মত দক্ষ হয়ে উঠে। সেই সুবাদে নিজেকে এলাকার সাধারণ মানুষের কাছে এ্যাডভোকেট হিসেবেই পরিচয় দেয়। তার হাত ধরে অন্তত এক হাজারেরও বেশি নিরীহ মানুষ মালয়েশিয়া পাচার হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।
মানবপাচারের ব্যবসায় কোটি টাকার মালিক বনেছেন ফজলি। এরমধ্যে ইসলামী ব্যাংক কোটবাজার শাখায় অন্তত অর্ধকোটি টাকা জমা রয়েছে তার। এছাড়াও কক্সবাজারের বিভিন্ন বেসরকারী ব্যাংকে তার লাখ লাখ টাকা জমা রয়েছে। ওই সূত্রের মতে, ব্যাংকে জমানো সব টাকায় সে মানব পাচার করে জমিয়েছেন।
তবে বেশ কিছুদিন ধরে মানবপাচার বন্ধ থাকায় ব্যবসার কৌশল পাল্টেছে ফজলি। বর্তমানে টেকনাফ ও উখিয়া কেন্দ্রিক একটি সিন্ডিকেট গড়ে তুলে দেদারছে চালিয়ে যাচ্ছে ইয়াবা ব্যবসা।
পুরো উখিয়া উপজেলায় হুন্ডি ব্যবসা নিয়ন্ত্রণ করেন ফজলি। তার নেতৃত্বে রমরমা চলে আসছে হুন্ডি ব্যবসা। হুন্ডি’র টাকা পাচারের ঘটনায় ২০১৪ সালে মরিচ্যা বাজারে ফজলিকে স্থানীয়রা ধরে মাথা ন্যাড়া করে দেন। এটি এখনো উখিয়ার আলোচিত ঘটনা হিসেবে চিহ্নিত।
হরতালে উখিয়ার কোটবাজার, সোনারপাড়া ও মরিচ্যা এলাকায় নাশকতার নেতৃত্ব দেয়ার জন্য বিএনপি জামায়াতের অন্যতম বিশ্বস্থ লোক আবু ছৈয়দ প্রকাশ ফজলি। জামায়াতের হরতালে কোটবাজারে অসংখ্য গাড়ি ভাংচুর করেছে সে। এরমধ্যে হরতালে সোনারপাড়া মোনাফ মার্কেটে নাশকতার মূল হোতা হিসেবে ফজলির বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়। মামলা নং- জিআর ৪৯/ ১৩ ইং। এছাড়াও উখিয়া থানায় তার বিরুদ্ধে আরো একাধিক নাশকতার মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় জেলও খেটেছেন সে। তার বিরুদ্ধে সরকার বিরোধী কর্মকান্ডে অর্থ যোগান দেয়ারও অভিযোগ রয়েছে।
চাঁদাবাজিতেও শীর্ষে আবু ছৈয়দ ফজলি। সোনারপাড়া ও ইনানী এলাকার পর্যটন, হ্যাচারীসহ সব ধরণের ব্যবসায়ীরা তার বেপরোয়া চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে। ফজলি’র দাবিকৃত চাঁদা দিতে না পেরে ব্যবসা ফেলে পালিয়েছে অসংখ্য ব্যবসায়ী। ২০০৯ সালে ফজলিসহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে কক্সবাজার সিনিয়র জুড়িশিয়াল আদালতে একটি চাঁদাবাজি মামলা দায়ের করে এক ভুক্তভোগি। মামলা নং- ২০০/০৯। এছাড়াও বিভিন্ন পর্যটন ব্যবসায়ী ও হ্যচারী ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করছে শীর্ষ এই সন্ত্রাসী। সোনার পাড়ার ক্ষুদ্র ব্যবসায়ীও রেহায় পাননা তার হাত থেকে। অনেক সময় চাঁদা দিতে না চাইলে মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেয় ফজলি।
ভূমিদস্যুতার পাহাড় সম অভিযোগ রয়েছে ফজলি’র বিরুদ্ধে। নিরীহ ও সহজ সরল মানুষের জমি জোর পূর্বক দখলে নিয়ে মোটা অংকে বিক্রি করে দেয় সে। এরমধ্যে ২০১৪ সালের ২ জুন সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে জনৈক আজিজ উল্লাহ’র জমি জোর পূর্বক দখলে নেয়ার জন্য বাহিনী নিয়ে হামলা চালায় ফজলি। ওই সময় জমির মালিক আজিজ উল্লাহ’কে ব্যাপক মারধর করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে আজিজ উল্লাহ বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৬, জিআর-১২৮/২০১৪ ইং।
একইভাবে ২০০৯ সালের ২৬ ডিসেম্বর সোনারপাড়াস্থ বেঙ্গল বে-হ্যাচারীর জমি জোর পূর্বক দখলে নেয়ার জন্য হামলা চালায় ফজলি। এসময় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের মারধর করে ৩২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। একই সময় হ্যাচারীতে ব্যাপক ভাংচুর চালায়। ওই ঘটনায় ফজলিসহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং-১৫, জিআর ১২৭/২০০৯ ইং। এ ধরণের অসংখ্য ভুমিদস্যুতার মামলা রয়েছে তার বিরুদ্ধে।
জালিয়াতিতেও চ্যাম্পিয়ন সন্ত্রাসী ফজলি। কোর্টে জালিয়াতি মামলা করে ভিটে বাড়ি ছিনিয়ে নিয়েছেন অনেক নিরীহ মানুষের। এলাকা ছাড়া করেছেন নিরপরাধ মানুষদের। ২০০৯ সালে ফজলি’র বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-২০, জিআর ৭৫/২০০৯ ইং। এছাড়াও ২০১৩ সালে জালিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোছাইন চৌধুরীর স্বাক্ষর জালিয়াতি করে জালিয়াপালং মৌজার নামজারি জমাভাগ খতিয়ান নং-১৩৫৯ এর মালিক আজিজ উল্লাহ’র নামীয় জমি জোর পূর্বক দখলের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়। মামলা নং-৬৪/২০১৩ । এধরণের বহু জালিয়াতির মামলা রয়েছে ফজলি’র বিরুদ্ধে।
এছাড়াও শীর্ষ সন্ত্রাসী আবু ছৈয়দ ফজলি’র বিরুদ্ধে জিআর ১৬৪/০৪ ইং, জিআর ১৮৮/০৮ ইং, জিআর ২৯৫/০৮ ইং, জিআর ৬২/০৯ ইং, জিআর ৭৫/০৯ ইং, সিআর ০৭/০৯ ইং, জিআর ৩০৮/২০১৫ ইং সহ বহু অপরাধ মূলক ঘটনার মামলা রয়েছে।
এরইমধ্যে শীর্ষ সন্ত্রাসী ফজলি’র বিরুদ্ধে উখিয়া থানা, কক্সবাজার র্যাব ক্যাম্পের ইনচার্জ, পুলিশ সুপার, আইজিপি ও স্বরাষ্টমন্ত্রীসহ সংশ্লিষ্ঠ সব দপ্তরে অভিযোগ করেছেন ভুক্তভোগি এলাকাবাসী।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় সোনার পাড়া এলাকার এক ভুক্তভোগি জানান, সোনার পাড়া ও ইনানীতে প্রশাসনের আইন চলেনা। ফজলি’র ইচ্ছাতেই এখানে ব্যবসা করতে হয়। প্রতি মাসে তার জন্য একটা নির্দিষ্ট অংকের টাকা পৌছে দিতে হয়। তা না হলে অমানষিক নির্যাতনের শিকার হতে হয় ব্যবসায়ীদের। প্রাণের ভয়ে কেউ সহজে মুখ খুলতে চাইনা তার বিরুদ্ধে।
এদিকে সম্প্রতি আক্দ বিহীন এক মালদ্বীপ প্রবাসীর স্ত্রীর সাথে বসবাস করার ঘটনায় পুরো সোনারপাড়া এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। আক্দ বিহীন এক সঙ্গে থাকায় সমাজের সাধারণ মানুষ তার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে। ফজলি ওই প্রবাসীর স্ত্রীকে বিয়ে করেছেন বলে দাবী করলেও প্রকৃত পক্ষে তাদের বিয়ের রেকর্ড কোথাও নেই। ইতোমধ্যে এলাকাবাসী তাকে অবাঞ্চিতও ঘোষণা করেছে।
স্থানীয় একজন সমাজের মুরুব্বি জানান, ফজলি একজন জঘন্য অপরাধি। এমন কোন অপরাধ নেই যা সে করেনা। সম্প্রতি এক প্রবাসীর স্ত্রী’র সাথে আক্দ ছাড়াই এক সঙ্গে বসবাস করছে। যা খুবই নোংরামি। তার অপকর্মের প্রভাব ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে। তাই পবিত্র সমাজ থেকে এসব নোংরা মানুষকে বিতাড়িত করা প্রয়োজন বলে জানান তিনি।
আর একজন জানান, নানা ধরণের অপরাধের অনেক গুলো মামলা রয়েছে তার বিরুদ্ধে। বেশ কিছু মামলায় জেল খাটলেও এখনো পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় জেল থেকে বের হয়ে পূণরায় সে অপরাধ কর্মকান্ড শুরু করে। তাই তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আবেদন জানান তিনি।
আবু ছৈয়দ প্রকাশ ফজলি’র কাছে জানতে চাইলে তিনি জানান, এসব মিথ্যা অভিযোগ। তার বিরুদ্ধে নিউজ করলে আইনী ব্যবস্থা নেওয়ার হুমকি দেন।