• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

সৈকতের বালিয়াড়িতে প্রকাশ্যে পতিতা চক্রে ‘ছিনতাইকারীর ফাঁদ’

জয়নাল উদ্দিন: / ১৮২ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টা। কক্সবাজার সমুদ্রসৈকত সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে বসে আছে একদল নারী। তাদের সাথে একজন বখাটে টাইপের ছেলেও রয়েছে। কিছুক্ষণ পরপরেই কয়েকজন যুবক তাদের কাছে গিয়েই কথা বলছে। কথা বলতে গেলেই একজন নারী দল থেকে বিচ্ছিন্ন হয়ে এসব যুবকদের সাথে আলাদা কথা বলছে। আলাদা কথা বলার পর ফের ফিরে আসে ওই নারী। কয়েক মিনিট পর দল থেকে বিচ্ছিন্ন হয়ে দুইজন নারী এদিক ওদিক ঘুরছে বালিয়াড়িতে। তারাও একাধিক যুবকদের সাথে বারবার কথা বলার চেষ্টা করে যাচ্ছে। কথা বলার এক পর্যায়ে কয়েকজন যুবকের সাথে দুই নারী রাস্তায় এসে একটি টমটমে উঠে চলে যায়। তারা চলে গেলেও এই দলে আরো ৪ জন নারী বালিয়াড়িতে বসে আলাপ করছে। আবার কেউ মোবাইল নিয়ে ব্যস্ত। একটু দূর থেকে সংঘবদ্ধ এসব নারীদের লক্ষ্য করছে কিছু ছেলে।
তাদের একটু দূরে আরেকজন তরুনীর সাথে দাঁড়িয়ে চারজন যুবক কথা বলছে। প্রায় ১৫ মিনিট তারা বালিয়াড়িতে দাঁড়িয়ে কথা বলে। কথা বলার এক পর্যায়ে ওই চার যুবকের সাথে তরুনীটি সুগন্ধা পয়েন্টের রাস্তার দিকে চলে যায়।

রাত ১১ টা। সুগন্ধা পয়েন্টের একদম নিচে চেয়ার-ছাতার পাশে এক তরুনী কয়েকজন পুরুষ পর্যটকের সাথে তর্কে জড়িয়ে পড়েছে। ওই তরুনী প্রতিটি পুরুষ পর্যটকের সাথে বিচ্ছিন্নভাবে তর্ক করেই যাচ্ছে। প্রায় ৫ মিনিট চলে ওই তরুনীর তর্ক। হাঁটার সময় ওই তরুনীর শরীরে লাগার ইস্যু তুলেই এই তর্ক হয়। মুখে মাক্স পরা ওই তরুনী কিছুইতে থামতে চাই না। জোর করে হলেও পর্যটকদের উপরে নিয়ে আসতে চাই। এক পর্যায়ে বার্থ হয়ে ওই তরুনী ওখান থেকে সরে যায়। সরে গিলেও তার লক্ষ্য অন্য কোন পুরুষ পর্যটকের দিকে। প্রায় ১০ মিনিটের ব্যবধানে আলাদা তিন ব্যক্তির সাথে কথা বলে ওই তরুনী।

তার এক পাশে একদল মেয়ে দাঁড়িয়ে আছে। তাদের দলে প্রায় ৫ জন। তারাও কিছুক্ষণ পরপরেই কয়েকজন পুরুষদের সাথে কথা বলছে দাঁড়িয়ে। অনেকেই আবার আলাদা হয়ে কথা বলছে বালিয়াড়িতে। এরমধ্যে একনারী দুই পুরুষের হাত ধরে সুগন্ধা পয়েন্টের রাস্তার দিকে চলে যায়।

রাত সাড়ে ১১ টার দিকে সুগন্ধা পয়েন্টের ট্যুরিস্ট পুলিশ বাক্সের একটু দক্ষিণে বালিয়াড়িতে বসে আছে এক নারী। তার সাথে দাঁড়িয়ে কথা বলছে এক যুবক। তাদের মাঝে ৫০০ টাকা লেনদেনের কথা বলতেও শুনা যায়। কটেজ রুমের ভাড়া ৫০০ টাকা দাবী করে ওই নারীটি। গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টার ভিতরে এমন দৃশ্য দেখা যায় সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে।
কক্সবাজার সমুদ্র সৈকতে সন্ধ্যা নামলেই দেখা মিলবে সংঘবদ্ধ এমন কিছু নারীর। তাদের দেখে মনে হবে দল বেঁধে বেড়াতে এসে উপভোগ করছেন। কিন্তু প্রকৃত ঘটনা এমন নয়। নারীদের এই দলে থাকা সবাই ভাসমান পতিতা এবং হিজড়া। তারা এখানে দেহ ব্যবসার জন্যও আসেননি। তারা অপেক্ষা করছে এক অভিনব স্টাইলে শিকার ধরার জন্য। আর তাদের আশেপাশে ছদ্মবেশে অবস্থান করছে পেশাদার ছিনতাকারীরা।

এই পতিতা ও হিজড়ারা ফুঁসলিয়ে কোনো খদ্দেরকে নিয়ে যাবে নির্জন স্থানে। আর সেখানে ওৎপেতে থাকবে ছিনতাইকারীরা। তারপর তারা সবাই মিলে ওই খদ্দেরের সর্বস্ব ছিনিয়ে নেবে। পতিতা ও ছিনতাইকারীদের সমন্বয়ে গড়ে উঠা এই সিন্ডিকেটটি গত দুই বছর ধরে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট ও কলাতলী পয়েন্টে সক্রিয় রয়েছে।

তারা এভাবে জিম্মি করে বহু মানুষের সর্বস্ব ছিনিয়ে নিয়েছে। এই সিন্ডিকেটের সাথে রয়েছে কয়েকজন হিজড়াও। সন্ধ্যা নামলেই শুরু হয় তাদের শিকার ধরার মহড়া। চলে ভোর রাত পর্যন্ত। সিন্ডিকেট করেই পতিতা, ছিনতাইতারী ও হিজড়া সৈকতে এই ফাঁদ বসিয়েছে বলে অনুসন্ধানে এমন তথ্য উঠে এসেছে।

সুগন্ধা পয়েন্টের ঝিনুক ব্যবসায়ী নুরুল হুদা বলেন- এই সিন্ডিকেটটি সুকৌশলে সৈকতে এসে এক শ্রেণীর লোকজনকে ফুঁসলিয়ে জিম্মি করে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে। সন্ধ্যার পর পতিতা ও হিজড়ারা সৈকতে ছড়িয়ে-ছিটিয়ে যায়। তারপর পুরুষদের টাকার বিনিময়ে সঙ্গমের ফাঁদে ফেলায়। কথা পাকা হলে নিয়ে যায় নির্জন স্থানে বা নির্দিষ্ট কোন কটেজে। সেখানে গেলে আগে থেকে ওৎপেতে থাকা ছিনতাইকারী তাদের সর্বস্ব লুট করে নিয়ে যায়। এমন এক চক্রের কাছ থেকে এক সপ্তাহ আগে ডিভাইন রোড়ে মোবাইল উদ্ধার করেছি। তারা তিনজন ছিল ছিনতাইকারী। এক যুবককে তারা কৌশলে ফাঁদে পেলে মোবাইল ছিনতাই করে । এসময় আমরা গিয়ে একজনকে হাতে-নাতে ধরে সদর থানায় হস্তান্তর করি। ওই ছিনতাইকারী চক্রে বেশ কয়েকজন নারী সৈকতে বিচরণ করছে বলে জানা যায় তখন।

পর্যটক সেবায় কক্সবাজার জেলা প্রশাসনের নিয়োজিত বীচকর্মীদের ইনচার্জ মো. হোসনে বলেন- সন্ধ্যার পর থেকে গভীররাত পর্যন্ত পতিতাদের বিচরণ থাকে সৈকতের বালিয়াড়িতে। তারা ২০ থেকে ২৫ জনের একটি চক্র আছে। এসব পতিতাদের সাথে রয়েছে ৬ থেকে ৮জন ছিনতাইকারী। পতিতরা বালিয়াড়িতে ঘুরবে আর ছিনতাইকারীরা উপরে রাস্তার দিকে অবস্থান করবে। তাদের বেশি অবস্থান সুগন্ধা পয়েন্টে। এসব পতিতারা বিভিন্ন পর্যটকদের ফাঁদে পেলে কটেজ রুমে নিয়ে যায়। এরপর তাদের মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেন। এমন ঘটনা অনেক ঘটেছে। আমরা ম্যাজিস্ট্রেট স্যারের মাধ্যমে এসব ফাঁদ থেকে অনেক মোবাইল উদ্ধার করেছি।

মো. হোসেন বলেন- আগের তুলনায় হিজড়ারা এখন কমে গেছে। ম্যাজিস্ট্রেট স্যার তাদের প্রধানকে ডেকে এনে সৈকতে না নামতে নিষেধ করেন। একই সাথে বিভিন্ন অপরাধে জরিমানাও করেছে। এরপর থেকে লোকাল হিজড়াদের বিচরণ কমেছে গত এক মাস ধরে। কিন্তু অন্য জেলা থেকে কয়েকজন হিজড়া এসে বিচরণ করতে দেখা যায়। তবে এসব অপরাধীদের ফাঁদ থেকে রক্ষা পেতে পর্যটকদেরও সজাগ থাকতে হবে।

এবিষয়ে জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. মাসুদ রানা বলেন- আমরা সবসময় পর্যটকদের সেবায় কাজ করে থাকি। সৈকত এলাকায় অপরাধীদের বিষয়ে অবগত হলেই নিয়মিত ব্যবস্থা নিচ্ছি। অপরাধে জড়িত এমন অনেকজনকে ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। একই সাথে নিয়মিত অভিযানও অব্যাহত আছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন- সৈকতের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ কোনো অপরাধীকে ছাড় দিচ্ছে না। হিজড়া, পতিতা ও ছিনতাইকারীদের ধরতে প্রতিনিয়ত টহল জোরদার রাখা হয়েছে। ইতিমধ্যে এসবের উৎপাত কমে গেছে। হিজড়াদের সাথে আমাদের কথা হয়েছে। তারা এখন সৈকতে নামছে না। কিন্তু লোকাল হিজড়াদের দাবী- তারা সৈকতে না নামলেও অন্য কোথাও থেকে অনেকেই এসে সৈকতে নামছে। তাদের বিষয়েও আমরা কাজ করছি। এছাড়া এসব চক্রের পেছনে কারা আছে তাদেরও ধরতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সৈকতে অপরাধ করে কেউ পার পাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন