কক্সবাজার পূর্ব কলাতলীর চন্দ্রিমার মাঠ এলাকা যেন গাঁজা বিক্রেতার হাটে পরিণত হয়েছে। এক ডজন মাদক কারবারি নিয়মিত গাঁজা সেবন ও বিক্রি করে যাচ্ছে প্রতিনিয়ত। প্রশাসনের তালিকাভূক্ত মাদক কারবারিরা নিয়ন্ত্রণ করছে গাঁজা ব্যবসা। পুলিশের হাতে কয়েকজন গাঁজাসহ আটক হলেও অনেকেই ধরা ছোঁয়ার বাইরে। আবার অনেকেই কারাগার থেকে বের হয়ে ফের এই কারবারে নেমে পড়ছে। পূর্ব কলাতলী চন্দ্রিমার মাঠস্থ সেলিম টাওয়ারের আশপাশে বসে গাঁজা বিক্রির হাট। স্থানীয় সমাজ নেতাদের আশ্রয়-প্রশয়ে দিনদিন বেড়েই চলছে এই মাদক কারবার। চন্দ্রিমার মাঠ এলাকার সুমন ওরফে পিচ্চি সুমনের সিন্ডিকেটরা এই কারবারে জড়িত দীর্ঘদিন ধরে। সুমনের বিরুদ্ধে রয়েছে অর্ধডজন মামলাও। কুমিল্লা থেকে বিশেষ কৌশলে চন্দ্রিমা এলাকায় গাঁজা এনে সুমনকে সরবরাহ দেন একই এলাকার মনিরের বোন জোহরা। জোহরা ওই এলাকার বড় গাঁজা বিক্রেতা। কয়েকমাস আগে জোহরার বাসায় অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করেছিল পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে- কক্সবাজার পূর্ব কলাতলীস্থ ঝিলংজা ১নং ওয়ার্ড চন্দ্রিমার মাঠ এলাকা। এই এলাকায় বসবাস করে দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজা বিক্রি করে যাচ্ছে সুমন ওরফে পিচ্চি সুমন। ওই এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খাতায় নাম রয়েছে পিচ্চি সুমনের। মাদকসহ আটকও হয়েছিল বহুবার। রয়েছে অর্ধ ডজন মাদক মামলা। এসব মামলা মাথায় নিয়ে বর্তমানে বেপরোয়া মাদক ব্যবসা চালাচ্ছে সুমন। চন্দ্রিমার মাঠ এলাকার হলেও বর্তমানে সুমন বসবাস করছে বখতিয়ার ঘোনার একটু ভিতরে। সেখানে জায়গা কিনে বসবাস শুরু করেছে সুমন। নিজ ঘরকে বানিয়েছে গাঁজা বিক্রি ও সেবনের আড্ডা খানা। সুমন সিন্ডিকেটের মূল গাঁজার ব্যবসা চলে চন্দ্রিমার মাঠস্থ সেলিম টাওয়ারের আশপাশে।
এলাকার সূত্রে জানা গেছে- পিচ্চি সুমনের এই সিন্ডিকেটে রয়েছে চন্দ্রিমার মাঠ এলাকার কাশেম। সুমনের গাঁজা বিক্রেতার মধ্যে কাশেম অন্যতম। প্রায় এক বছর আগে গাঁজা নিয়ে কাশেম স্ত্রীসহ আটক হয়েছিল। তবে এই ঘটনায় কাশেমকে কারাগারে পাঠিয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর বের হয়ে ফের সুমনের গাঁজা বিক্রি করে কাশেম। সম্প্রতি কাশেম কক্সবাজার সদর মডেল থানায় আটক হয়ে কারাগারে যান। বর্তমানে জামিনে রেব হয়ে চন্দ্রিমার মাঠ এলাকায় গাঁজা বিক্রি করে যাচ্ছে। কাশেম আটকের ঘটনায় বিভিন্ন জায়গায় তদবির করে সুমন ও পাহাড়িকা সমাজের জয়নাল। কাশেমকে ছাড়িয়ে নিতে প্রায় লাখ টাকাও খরচ করেছিল সুমন। চন্দ্রিমা মাঠের পর বখতিয়ার ঘোনা এলাকার হৃদয়। সুমনের আরেকজন গাঁজা বিক্রেতা। সুমনের হয়ে বিভিন্ন জায়গায় গাঁজা বিক্রি করে হৃদয়। একই সাথে রয়েছে চন্দ্রিমার মাঠ এলাকার কামাল। সুমনের মাদক কারবারির সব হিসাব-নিকাশ রয়েছে কামালের হাতে। সম্প্রতি সময়ে সুমনের গাঁজা কারবারে যোগদেন ঝরঝরিকুয়া এলাকার রফিক। মাদক কারবারি সুমনের একান্ত সিএনজি চালাক হিসেবে রয়েছে বাবু। কলাতলীতে একসময় সড়ক দূর্ঘটনায় একটি পা হারান বাবু। এক পা ছাড়াই তিনি সিএনজি টেক্সী চালান। প্রায় সময় বাবুর সিএনজিতে একলা যাতায়ত করে সুমন। বাবুর সিএনজি রির্জাভ নিয়ে মাদক পরিবহন করে সুমন। বাবুর মাধ্যমে গাঁজা এদিক ওদিক সরবরাহ দেন শীর্ষ মাদক কারবারি পিচ্চি সুমন। এছাড়া সুমনের সিএনজি চালাক হিসেবে রয়েছে আনছারুল্লাহ।
চন্দ্রিমার মাঠ এলাকায় সুমন ছাড়াও বড় গাঁজার চালান মজুদ রাখে জোহরা। জোহরা ওই এলাকায় এক নামে পরিচিত। জোহরার ভাই মনির এবং বোন ছৈয়দাও গাঁজা বিক্রির সাথে জড়িত। কয়েক মাস আগে কক্সবাজার সদর মডেল থানার একদল পুলিশ জোহরার বাসায় অভিযান চালান। অভিযানে গাঁজাসহ আটক করা হয় জোহরার ভাই মনিরকে। কুমিল্লা থেকে বিভিন্নজনের মাধ্যমে গাঁজা আনেন জোহরা। অনেক সময় নিজেও নিয়ে আসে গাঁজা। এই গাঁজার অধিকাংশ সরবরাহ দেন পিচ্চি সুমনকে। জোহরা থেকে গাঁজা নিয়ে ব্যবসা চালাচ্ছে সুমন। ৮০ টাকা, ১০০ টাকা, ৪০০ টাকা এবং ৭০০ টাকার পোল্ডা করে সিন্ডিকেটের মাধ্যমে চন্দ্রিমা এলাকায় গাঁজার ব্যবসা চালাচ্ছে সুমন-জোহরা সিন্ডিকেট।
চন্দ্রিমার মাঠস্থ পূর্ব কলাতলী আদর্শ সমাজের অনেক সদস্য বলেন- পিচ্চি সুমন চিহ্নিত মাদক কারবারি। দুই বছর আগেও পুলিশ বহু বার অভিযান চালিয়েছিল তাকে আটকের জন্য। এমনকি র্যাব অভিযান চালিয়ে তার মাদকের আস্তানা পুড়িয়ে দিয়েছিল। এখন সেই সুমনের মাদক কারবার বেড়েছে এলাকায়। তৈরি করেছে সিন্ডিকেট। তার সিন্ডিকেটের কাছে ইয়াবা ও গাঁজা কিনতে নতুন নতুন মানুষ আছে এলাকায়। কেউ মোটর সাইকেল, কেউবা সিএনজি বা টমটম নিয়ে গাঁজা কিনতে আসে চন্দ্রিমার মাঠ এলাকায়। তার অনেক সদস্য হোটেল মোটেল জোনেও গাঁজা সরবরাহ দিয়ে থাকে।
এবিষয়ে চন্দ্রিমা এলাকার গাঁজা বিক্রেতা কাশেম জানান- আমি জেল থেকে বের হয়ে ভালো হয়ে গেছি। এখন এসবে নেই। পিচ্চি সুমনের হয়ে এসব আগে করতাম। পুলিশ যখন আমাকে ধরে নিয়ে যায়, তখন অনেক টাকা খরচ হয়েছে। এসব টাকা খরচ ও তদবির করেছে সুমন ভাই।
অভিযোগের বিষয়ে পিচ্চি সুমন বলেন- মাদকের বিষয়ে আমি কিছুই জানিনা। আমি এখন গাড়িতে। গাড়ি থেকে নেমেই এবিষয়ে কথা বলবো।
এবিষয়ে চন্দ্রিমার মাঠস্থ পূর্ব কলাতলী আদর্শ সমাজ কমিটির সাধারণ সম্পাদক এখলাস চৌধুরী বলেন- পুরো চন্দ্রিমা এলাকা এখন ইয়াবা ও গাঁজার হাটে পরিণত হয়েছে। বিভিন্ন এলাকা থেকে অনেক মাদক কারবারি চন্দ্রিমা এলাকায় এসে ব্যবসা চালাচ্ছে। তারা কারো কথা শুনে না। প্রকাশ্যে গাঁজা ও ইয়াবা বিক্রি করে যাচ্ছে। তাদের কাছ থেকে মাদক কিনতে এলাকায় ঢুকছে নিত্যনতুন মানুষ। এতে অনেক মহিলারাও জড়িত রয়েছে। এলাকার মাদকের বিষয়ে পুলিশকেও অবগত করা হয়েছে। কিন্তু পুলিশ কোন জোরালো পদক্ষেপ নিতে দেখা যায় না। এমনকি অনেকেই পুলিশের সোর্স পরিচয় দিয়ে চন্দ্রিমা এলাকার অনেক মাদক কারবারি থেকে নিয়মিত টাকা আদায় করে যাচ্ছে।