• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

সুগন্ধা পয়েন্টের সেই অবৈধ ফিশ ফ্রাইয়ের দোকান উচ্ছেদ

জয়নাল উদ্দিন: / ১১০ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

অবশেষে কক্সবাজার সুগন্ধা পয়েন্টের প্রবেশমুখে অবৈধভাবে ফিশ ফ্রাইয়ের দোকান গুলো উচ্ছেদ করা হয়েছে। একই সাথে রাস্তার উপর এবং ফুটপাত দখল করে ভ্রাম্যমান ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হয়। গত রোববার বিকালে জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. মাসুদ রানার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চলে। অভিযানে প্রায় ৩০ থেকে ৪০টি ফিশ ফ্রাইয়ের দোকান উচ্ছেদ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন- সুগন্ধা পয়েন্টের প্রবেশমুখের দু’পাশে সকল অবৈধ স্থাপনা উঠিয়ে দেওয়া হয়েছে। একই সাথে রাস্তার ডান পাশে নোংরা পরিবেশে ভ্রাম্যমান ভাজা মাছের দোকানও সরিয়ে দেওয়া হয়েছে। রাস্তার পাশে বা ফুটপাতে অবৈধভাবে আর কোন দোকান বসতে দেওয়া হবে না।

জানা যায়- সুগন্ধা পয়েন্টের প্রবেশ মূখে রাস্তার ডান পাশে প্রায় ৩০ থেকে ৪০টি দৈনিক ফিশ ফ্রাইয়ের দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করছে একটি চক্র। সেখানে একেক জনের নিয়ন্ত্রণে ৫ থেকে ৭টি পর্যন্ত দোকান রয়েছে। সরকারি কোন রাজস্বের আওতায় না আসায় সেখানে অবৈধভাবে দোকান দখলের প্রতিযোগিতা চলছে প্রায় সময়। কয়েকদিন আগে দোকান বসানোর প্রতিযোগিতা নিয়েই শিমুল নামে এক যুবককে ছুরিকাঘাত করে অবৈধ দোকান বসান সিন্ডিকেটরা। ছুরিকাঘাতের ঘটনার আগেই সন্ধ্যায় ফুটপাত থেকে এসব অবৈধ দোকান গুলো সরিয়ে দেওয়া হয় ম্যাজিস্ট্রেটের নির্দেশনায়। এরপর গভীররাতে সেখানে ফের দোকান বসানোর তোড়জোড় চলে। এক পর্যায়ে জেলা প্রশাসনের বাতিলকৃত প্লটে অবৈধভাবে দোকান বসানো নিয়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

জানা যায়- বারবার ম্যাজিস্ট্রেটের উচ্ছেদ করা এসব ফুটপাতের দোকান গুলো কৌশলে বসিয়ে সেখান থেকে ফায়দা লুটে স্থানীয় একটি চক্র। বেশির ভাগ ফায়দা লুটে অবৈধ ফিশ ফ্রাইয়ের দোকান গুলো থেকে। স্থানীয় কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে এসব অপকর্মে জড়িত রয়েছে। একই সাথে এসব অবৈধ দোকান থেকে দায়িত্বভেদে তিন দফা টাকা নেন বীচকর্মীরা। কয়েকজন ফুটপাতের দোকানদার দায়িত্বভেদে টাকা গুলো তুলেই দায়িত্বরত বীচকর্মীদের সরবরাহ করে। যার কারণে ম্যাজিস্ট্রেটের অভিযানের পরও কোন কিছু তোয়াক্কা না করেই অবৈধ দোকান গুলো বারবার বসানো হচ্ছে।

সরেজমিনে দেখা যায়- কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে ঢুকতেই রাস্তার ডান পাশে অসংখ্য ফিশ ফ্রাইয়ের দোকান। সন্ধ্যা নামলেই ভ্যানে বিভিন্ন মাছ নিয়ে বসে পড়েন দোকানিরা। আর নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে সামুদ্রিক মাছের বারবিকিউ এবং ফ্রাই। যা পর্যটকরা বসে খাচ্ছেন। নোংরা পরিবেশে বসা দোকান গুলো অবৈধ। নেই তাদের লাইসেন্সও। কক্সবাজার জেলা প্রশাসন কয়েক মাস পরপরেই এসব অবৈধ দোকান গুলো উচ্ছেদ করেন। কিন্তু উচ্ছেদের কয়েকদিন পর ফের দোকান গুলো নোংরা পরিবেশে বসে যায়। উচ্ছেদ অভিযান ছাড়াও এসব দোকানদারদের করা হয় জরিমানাও। কিন্তু অবৈধ দোকানদাররা জেলা প্রশাসনের বারবার উচ্ছেদ ও জরিমানাকে তোয়াক্কাও করছে না। তারা ম্যাজিস্ট্রেটের কথা অমান্য করেই নোংরা পরিবেশে পর্যটকদের খাওয়াচ্ছে ফিশফ্রাই। পর্যটকদের পচা-বাসি মাছ খাওয়ানোর অভিযোগে জরিমানা করা হলেও কিছুতেই থামানো যাচ্ছে না তাদের।

এরআগে ২০২৩ সালের ১৯ ডিসেম্বর সুগন্ধা পয়েন্টের প্রবেশমুখে ফিশ ফ্রাই দোকানে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ও পচা-বাসি মাছ খাওয়ানোর অভিযোগে ৪টি দোকান সিলগালা ও ২৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন। এসময় অভিযান টের পেয়ে অনেক দোকানদার পালিয়ে যায়। এসব দোকানে পচা ও বাসি মাছ জব্দ করার পাশাপাশি করা হয় জরিমানাও। আর ফিশ ফ্রাইয়ের সব দোকান বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন। কিন্তু জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে একমাসের ব্যবধানে সেখানে বসে ফিশ ফ্রাইয়ের দোকানিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন