• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

সিআইবি রিপোর্ট ছাড়াই সিইও নিয়োগ!

নিজস্ব প্রতিদেক / ৫৬৪ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট:

চলতি বছরের ১৯ জুলাই প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে অজিত চন্দ্র আইচের নিয়োগ অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত তিন বছরের জন্য দেয়া এ অনুমোদনের ক্ষেত্রে বেশকিছু শর্ত জুড়ে দেয়া হয়।

মাসিক চার লাখ টাকা বেতন-ভাতা নির্ধারণ করে নিয়োগ অনুমোদনপত্রে শর্ত দিয়ে বলা হয়, চুক্তির মেয়াদকালে তার বেতন ও অন্যান্য সুবিধা বাড়ানো যাবে না। সেই সঙ্গে তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধার ওপর আয়কর তাকেই বহন করতে হবে। তিনি অন্য কোনো কোম্পানি, প্রতিষ্ঠান বা সংস্থায় কোনোভাবেই কর্মরত থাকতে পারবেন না।

এসব শর্ত জুড়ে দেয়া হলেও অজিত চন্দ্র আইচ ঋণখেলাপি কি-না, তা যাচাইয়ের জন্য নিয়োগ অনুমোদন দেয়ার আগে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) রিপোর্ট সংগ্রহ করেনি আইডিআরএ। বরং নিয়োগ অনুমোদন দেয়ার তিনদিন পর ২২ জুলাই অজিত চন্দ্র আইচ ঋণখেলাপি কি-না, তা যাচাইয়ের জন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয় আইডিআরএ।

অথচ আইনে মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ অনুমোদনের আগে তিনি ঋণখেলাপি কি-না, তা যাচাই বাধ্যতামূলক করা হয়েছে এবং কোনো ঋণখেলাপি বীমা কোম্পানির সিইও হতে পারবেন না বলেও বাধ্যবাধকতা রয়েছে।

অজিত চন্দ্র আইচের ঋণখেলাপ সংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে লেখা আইডিআরএ’র চিঠিতে বলা হয়েছে, প্রগ্রেসিভ লাইফের প্রস্তাবিত মুখ্য নির্বাহী কর্তকর্তা অজিত চন্দ্র আইচের নিয়োগ অনুমোদনের জন্য কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হয়েছে। কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে বীমা আইন ও প্রবিধান অনুযায়ী আবেদনপত্রের সঙ্গে দাখিল করা তথ্যাদি যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে অজিত চন্দ্র আইচ ঋণখেলাপি কি-না, তা নিশ্চিত হওয়া প্রয়োজন।

শুধু প্রগ্রেসিভ লাইফে অজিত চন্দ্র আইচ নয়, এভাবে ঋণখেলাপির তথ্য যাচাই না করেই একের পর এক বীমা কোম্পানির সিইও নিয়োগে অনুমোদন দিয়েছে আইডিআরএ। প্রতিটি নিয়োগ অনুমোদন সংক্রান্ত পত্রে শর্ত দেয়া হয়েছে, ‘তিনি যদি ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঋণখেলাপি হিসেবে প্রমাণিত হন, তবে তার এই নিয়োগ অনুমোদন বাতিল বলে গণ্য হবে।’

সিআইবি রিপোর্ট সংগ্রহ না করেই গোল্ডেন লাইফে নূর মোহাম্মদ ভূইয়া, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডে মো. আব্দুল মতিন এবং সোনার বাংলা ইন্স্যুরেন্সে মো. আব্দুল খালেকের সিইও পদে অনুমোদন সংক্রান্ত তথ্য জাগো নিউজের কাছে রয়েছে।

সবগুলো নিয়োগ অনুমোদনের ক্ষেতে একই ধরনের শর্ত জুড়ে দেয়া হয়েছে। এর মধ্যে বেতন-ভাতা বাবদ নূর মোহাম্মদ ভূইয়ার চার লাখ ২৫ হাজার টাকা, মো. আব্দুল মতিনের চার লাখ টাকা এবং মো. আব্দুল খালেকের চার লাখ সাত হাজার টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে।

বীমা সংশ্লিষ্টরা বলছেন, ঋণখেলাপির তথ্য যাচাই না করে সিইও নিয়োগ অনুমোদন দেয়া আইনের লঙ্ঘন। তাছাড়া এভাবে সিইও নিয়োগ অনুমোদন দিয়ে সংশ্লিষ্ট কোম্পানিকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়া হচ্ছে। তাই তড়িঘড়ি করে কোনো কোম্পানির সিইও অনুমোদন না দিয়ে একটু সময় নিয়ে সিআইবি রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত নেয়া উচিত।

এদিকে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র শীর্ষ কর্মকর্তারাও স্বীকার করছেন যে, ঋণখেলাপির তথ্য যাচাই করার আগে বীমা কোম্পানির সিইও অনুমোদন দেয়া ঠিক হচ্ছে না। একটু সময় নিয়ে সিআইবি রিপোর্ট পাওয়ার পর সিইও অনুমোদন দেয়া উচিত।

নাম প্রকাশ না করে একাধিক বীমা কোম্পানির কয়েকজন শীর্ষ কর্মকর্তা বলেন, আইনে স্পষ্টভাবে বলে দেয়া হয়েছে, ঋণখেলাপি কোনো ব্যক্তি বীমা কোম্পানির সিইও হতে পারবেন না। সুতরাং ঋণখেলাপির তথ্য যাচাই না করে সিইও অনুমোদন দেয়ার সুযোগ নেই। কিন্তু কেউ কেউ আইডিআরএ’র কর্মকর্তাদের সঙ্গে লবিং করে ঋণখেলাপির তথ্য ছাড়াই সিইও নিয়োগের অনুমোদন পেয়ে যাচ্ছেন। এসব নিয়োগের ক্ষেত্রে আইডিআরএ’র কোনো কর্মকর্তা বিশেষ সুবিধা নিচ্ছেন কি-না, তা খতিয়ে দেখা উচিত।

তারা জানান, আইডিআরএ থেকে নিয়োগ অনুমোদন দেয়ার পর একাধিক সিইও’র সিআইবি রিপোর্ট নেগেটিভ এসেছে। এতে সার্বিকভাবে বীমা খাতের বদনাম হয়েছে। এমনিতেই বীমা খাতের ইমেজ খুব একটা ভালো নয়। তাই আইডিআরএ’র উচিত ঋণখেলাপির তথ্য যাচাইয়ের পর সিইও নিয়োগের অনুমোদন দেয়া।

যোগাযোগ করা হলে আইডিআরএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন জাগো নিউজকে বলেন, সিআইবি রিপোর্ট পাওয়ার আগেই বীমা কোম্পানির সিইও নিয়োগ অনুমোদন দেয়া ঠিক হয়নি। নিয়োগ অনুমোদন দেয়ার পর দু-একজনের বিষয়ে নেগেটিভ রিপোর্ট এসেছে। তবে আগে যাই হোক, আমরা এখন আইন মেনেই সিইও অনুমোদন দেব। একটু সময় লাগলেও এখন থেকে সিআইবি রিপোর্ট পাওয়ার পরই সিইও নিয়োগের অনুমোদন দেয়া হবে।

সূত্র: জাগো নিউজ:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন