কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে প্রকাশ্যে ভাসমান পতিতা ও হিজড়াদের আস্তানা হিসেবে রয়েছে বেশ কয়েকটি রিসোর্ট ও গেষ্ট হাউজ। সৈকতের বালিয়াড়ি থেকে পতিতা ও হিজড়ারা ফুঁসলিয়ে খদ্দরদের নিয়ে যায় চিহ্নিত এসব রিসোর্ট ও গেষ্ট হাউজে। রিসোর্ট ম্যানেজারদের সাথে দৈনিক ও মাসিক চুক্তি রয়েছে পতিতা ও হিজড়াদের। রিসোর্টে নিতে পারলেই সেখানে ওৎপেতে থাকে পতিতা ও হিজড়াদের চক্র ছিনতাইকারীরা। তারপর তারা সবাই মিলে ওই খদ্দেরের সর্বস্ব ছিনিয়ে নেন। নির্দিষ্ট রিসোর্ট ও গেষ্ট হাউজে সহজেই রুম পাওয়ার সুবাধে পতিতা, হিজড়া ও ছিনতাইকারীদের সমন্বয়ে গড়ে উঠা এই সিন্ডিকেটটি গত দুই বছর ধরে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট ও কলাতলী পয়েন্টে সক্রিয় রয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে সমুদ্রসৈকতের বালিয়াড়িতে প্রকাশ্যে চলাচল করছে একদল ভাসমান পতিতা। তারা সবসময় দলবদ্ধ হয়ে বালিয়াড়িতে বিচরণ করে। এছাড়া অন্য একটি দলে রয়েছে হিজড়া। তাদের সংখ্যাও কম নয়। সন্ধ্যার পর থেকে গভীররাত পর্যন্ত সৈকতের বালিয়াড়িতে তাদের বিচরণ। খদ্দরের খুঁজে তাদের বিচরণ প্রকাশ্যে সমুদ্রসৈকত এলাকায়। খদ্দর পেলেই তারা নিয়ে যান, হোটেল সী-প্যালেসের পূর্ব পাশে সৈকতপাড়ার ব্লক-ডি এর তিনটি রিসোর্টে। এরমধ্যে রয়েছে ওশান ভিউ রিসোর্ট, ওশান এম্পায়ার রিসোর্ট ও রাজভীর রিসোর্ট। গণপূর্ত পার্কের পূর্বপাশেই এই তিনটি রিসোর্টের অবস্থান। সমুদ্রসৈকত সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে বিচরণ করা পতিতা ও হিজড়াদের একটি অংশ খদ্দর পেলেই এই তিন রিসোর্টে নিয়ে যান। সেখানে প্রতি রুম ভাড়া নেন দৈনিক ৫০০ টাকা করে।
পরিচয় গোপন রাখার সূত্রে কয়েকজন হিজড়া বলেন- আমাদের আয়ের কোন উৎস নেই। সবখানে অবহেলিত। তাই এই পথ বেঁচে নিতে হয়েছে। জোর করে কাউকে আমরা ডাকি না। কথা বলেই পর্যটক বা খদ্দররা আমাদের সাথে যায়। আমরা প্রায় সময় সুগন্ধা পয়েন্টে থাকি। কিন্তু ট্যুরিস্ট পুলিশের দৌঁড়ানি খেতে হয় প্রায় সময়। তারপরও খদ্দর পেলে আমরা নিয়ে যায় ওশান এম্পায়ার রিসোর্টে। ওই রিসোর্টের মান্নানের সাথে আমাদের চুক্তি হয়েছে। আমাদের জন্য দৈনিক রুম ভাড়া ৫০০ টাকা। এতে আমরা একজন খদ্দরও নিতে পারবো। আবার দশজন খদ্দরও বিভিন্ন টাইমে নিতে পারবো। রিসোর্টে আমাদের পরিশোধ করতে হবে ৫০০ টাকা। অনেক সময় রুম খালি না থাকলে পাশের ওশান রিসোর্ট বা রাজভীর রিসোর্টে রুম নিয়ে থাকি।
সুগন্ধা পয়েন্টের এক টমটম চালক বলেন- সৈকতে যেসব হিজড়া এবং পতিতা রয়েছে তাদের নির্দিষ্ট টমটম আছে। তারা পর্যটক পেলেই টমটম চালকদের ফোন দেন। তারপর ওই টমটম নিয়েই সৈকত পাড়ার ওই সব রিসোর্টে যায়। আমি নিজেও কয়েকবার তাদের ভাড়ায় তুলেছিলাম। খদ্দর নিয়ে তারা সোজা ওশান ভিউ রিসোর্টে যায়। টমটম ভাড়া বহন করে খদ্দর।
সৈকত পাড়ার ওই তিন রিসোর্ট ছাড়াও হিজড়াদের নিয়মিত ভাড়া দিয়ে থাকে লাইট হাউজস্থ সমুদ্র কাস্তা গেষ্ট হাউজ ও এম আলী গেষ্ট হাউজ। লাইট হাউজস্থ ব্লক-৩-এ এই দুই গেষ্ট হাউজের অবস্থান। দীর্ঘদিন ধরে এই দুই গেষ্ট হাউজে সৈকতের ভাসমান পতিতা ও হিজড়াদের রুম ভাড়া দিয়ে যাচ্ছে বলে জানা যায়।
সমুদ্র কাস্তা গেষ্ট হাউজের পাশের এক দোকানদার বলেন- নজির নামে একব্যক্তি সমুদ্র কাস্তা গেষ্ট হাউজ পরিচালনা করেন। এই গেষ্ট হাউজে সবসময় হিজড়াদের রুম ভাড়া দিয়ে তাকে। কক্সবাজারের বাহির থেকে এসে সমুদ্র কাস্তাতে রুম নেন তারা। তাদের মাসিক রুম ভাড়া দিয়ে থাকেন নজির। এসব হিজড়ারা সন্ধ্যার পর বের হয়ে সমুদ্রসৈকতে যান। ওখান থেকে গভীররাতে বিভিন্ন সময় পর্যটকদের নিয়ে এসে গেষ্ট হাউজের রুম ঢুকান। বিষয়টি আশপাশের সব ব্যবসায়ীরা অবগত রয়েছে। তবে মাসিক চুক্তিতে হিজড়াদের ভাড়া দেওয়ার বিষয়টিও স্বীকার করেন সমুদ্র কাস্তা গেষ্ট হাউজের নজির। গতকাল শুক্রবার বিকালে তিনি বলেন- এখন হিজড়া নেয়। তারা কয়েকদিন আগে চলে গেছে। এখন তারা নাকি সমুদ্রসৈকতে নামতে পারছে না। তাই রুম ছেড়ে দিয়ে চলে গেছে। তবে একটি সূত্রে জানা যায়- সমুদ্র কাস্তা থেকে রুম ছাড়েনি হিজড়ারা। তারা ওখানে অবস্থান করে সবসময়। এসব হিজড়াদের কোন কটেজ বা গেষ্ট হাউজে রুম ভাড়া না দিলেও সমুদ্র কাস্তা ও এম আলী গেষ্ট হাউজ তাদের রুম ভাড়া দেন দৈনিক ও মাসিক চুক্তিতে। সহজেই রুম ভাড়া নিতে পারায় সৈকতের বালিয়াড়িতে তাদের অবস্থান প্রকাশ্যে। এমনকি তারা বিভিন্ন সময় অপকর্মে জড়িয়ে থাকে বলে জানান অনেক গেষ্ট হাউজের মালিক।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টা। কক্সবাজার সমুদ্রসৈকত সুগন্ধা পয়েন্টের বালিয়াড়িতে বসে আছে একদল নারী। কিছুক্ষণ পরপরেই কয়েকজন যুবক তাদের কাছে গিয়েই কথা বলছে। কয়েক মিনিট পর দল থেকে বিচ্ছিন্ন হয়ে দুইজন নারী এদিক ওদিক ঘুরছে বালিয়াড়িতে। তারাও একাধিক যুবকদের সাথে বারবার কথা বলার চেষ্টা করে যাচ্ছে। কথা বলার এক পর্যায়ে কয়েকজন যুবকের সাথে দুই নারী রাস্তায় এসে একটি টমটমে উঠে চলে যায়।
তাদের একটু দূরে আরেকজন তরুনীর সাথে দাঁড়িয়ে চারজন যুবক কথা বলছে। প্রায় ১৫ মিনিট তারা বালিয়াড়িতে দাঁড়িয়ে কথা বলে। কথা বলার এক পর্যায়ে ওই চার যুবকের সাথে তরুনীটি সুগন্ধা পয়েন্টের রাস্তার দিকে চলে যায়।
কক্সবাজার সমুদ্র সৈকতে সন্ধ্যা নামলেই দেখা মিলবে সংঘবদ্ধ এমন কিছু নারীর। তাদের দেখে মনে হবে দল বেঁধে বেড়াতে এসে উপভোগ করছেন। কিন্তু প্রকৃত ঘটনা এমন নয়। নারীদের এই দলে থাকা সবাই ভাসমান পতিতা এবং হিজড়া। তারা এখানে দেহ ব্যবসার জন্যও আসেননি। তারা অপেক্ষা করছে এক অভিনব স্টাইলে শিকার ধরার জন্য। আর তাদের আশেপাশে ছদ্মবেশে অবস্থান করছে পেশাদার ছিনতাকারীরা।
এই পতিতা ও হিজড়ারা ফুঁসলিয়ে কোনো খদ্দেরকে নিয়ে যাবে তাদের নির্দিষ্ট গেষ্ট হাউজ, রিসোর্ট বা নির্জন স্থানে। আর সেখানে ওৎপেতে থাকবে ছিনতাইকারীরা। তারপর তারা সবাই মিলে ওই খদ্দেরের সর্বস্ব ছিনিয়ে নেবে। তারা এভাবে জিম্মি করে বহু মানুষের সর্বস্ব ছিনিয়ে নিয়েছে।
পর্যটক সেবায় কক্সবাজার জেলা প্রশাসনের নিয়োজিত বীচকর্মীদের ইনচার্জ মো. হোসনে বলেন- সন্ধ্যার পর থেকে গভীররাত পর্যন্ত পতিতাদের বিচরণ থাকে সৈকতের বালিয়াড়িতে। তারা ২০ থেকে ২৫ জনের একটি চক্র আছে। এসব পতিতাদের সাথে রয়েছে ৬ থেকে ৮জন ছিনতাইকারী। পতিতরা বালিয়াড়িতে ঘুরবে আর ছিনতাইকারীরা উপরে রাস্তার দিকে অবস্থান করবে। তাদের বেশি অবস্থান সুগন্ধা পয়েন্টে। এসব পতিতারা বিভিন্ন পর্যটকদের ফাঁদে পেলে কটেজ রুমে নিয়ে যায়। এরপর তাদের মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেন। এমন ঘটনা অনেক ঘটেছে। আমরা ম্যাজিস্ট্রেট স্যারের মাধ্যমে এসব ফাঁদ থেকে অনেক মোবাইল উদ্ধার করেছি।
মো. হোসেন বলেন- আগের তুলনায় হিজড়ারা এখন কমে গেছে। ম্যাজিস্ট্রেট স্যার তাদের প্রধানকে ডেকে এনে সৈকতে না নামতে নিষেধ করেন। একই সাথে বিভিন্ন অপরাধে জরিমানাও করেছে। এরপর থেকে লোকাল হিজড়াদের বিচরণ কমেছে গত এক মাস ধরে। কিন্তু অন্য জেলা থেকে কয়েকজন হিজড়া এসে বিচরণ করতে দেখা যায়। তবে এসব অপরাধীদের ফাঁদ থেকে রক্ষা পেতে পর্যটকদেরও সজাগ থাকতে হবে।
এবিষয়ে জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. মাসুদ রানা বলেন- আমরা সবসময় পর্যটকদের সেবায় কাজ করে থাকি। সৈকত এলাকায় অপরাধীদের বিষয়ে অবগত হলেই নিয়মিত ব্যবস্থা নিচ্ছি। অপরাধে জড়িত এমন অনেকজনকে ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। একই সাথে নিয়মিত অভিযানও অব্যাহত আছে।