• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

সবসময় ‘চাইনিজ ছুরি’ ছিনতাইকারী শহিদুলের পকেটে: খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিদেক / ৬৬১ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
ছিনতাইকারী শহিদুল ইসলাম ও ভাগিনা।

মোর্শেদ আলম
কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দিরের সামনে গত ৯ মাস আগে রাত ৯ টার দিকে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। কয়েকজন ছিনতাইকারী একব্যক্তিকে ছুরিকাঘাত করে দুটি মোবাইল সেট ও নগদ টাকা ছিনিয়ে নেন। এই ছিনতাই কাজে সরাসরি জড়িত রয়েছে শহিদুল ইসলাম (২১) ওরফে ভাগিনা।
কয়েক মাস আগে শহরের গোলদিঘীর পাড়স্থ মারকাস জামে মসজিদের সামনে এক শ্রমিকও ছিনতাইয়ের শিকার হন। শহরের আইবিপি মাঠের ওই শ্রমিককে রাতে মারধর করে মোবাইল সেট ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেন শহিদুল ইসলাম। ওই শ্রমিক বিষয়টি অপর একজন শ্রমিককে অবগত করলে তিনিও গোলদিঘীর পাড় এলাকায় যান। তখন ওই শ্রমিককেও মারধর করা হয়। শহিদুল ইসলামের নেতৃত্বে ৪/৫ জন ছিনতাইকারী দুই শ্রমিককে মারধর করে মোবাইল সেট ও টাকা ছিনিয়ে নেন। তাদের মারধর করে পাশের গলিতেও নিয়ে যাওয়া হয়।
গত ২৪ জুলাই রাতে পূর্ব মোহাজের পাড়া এলাকায় রোমা আক্তারের বাড়িতে ঢুকে নগদ ৫০ হাজার টাকাসহ মোবাইল সেট চুরি করে শহিদুল ইসলাম। এই ঘটনায় সদর থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। ওই সময় শহিদুল ইসলামের সাথে ছিল তার ছিনতাই গ্রুপের সদস্য শহরের খাজা মঞ্জিল এলাকার জব্বারের ছেলে তারেক (২২) ও বৈদ্যঘোনা জাদিরাম পাহাড় এলাকার গাঁজা মোস্তফার ছেলে রমজান (২৫)।

সর্বশেষ গত ১৬ নভেম্বর রাত দেড়টার দিকে শহরের বার্মিজ মার্কেট এলাকায় আব্দুল্লাহ খান নামে এক ব্যক্তিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। আব্দুল্লাহ শহরের পেশকার পাড়া এলাকার বাসিন্দা। আব্দুল্লাহকে ছুরিকাঘাতের ঘটনায়ও জড়িত রয়েছে শহিদুল ইসলাম। ওই রাতে বৌদ্ধ মন্দির এলাকায় শহর পুলিশ ফাঁড়ির টহল দলের সামনে পড়ে শহিদুল। এসময় পুলিশ তার পরিচয় জানতে চাওয়ার সাথে সাথে দৌড়ে পালিয়ে যায় ছিনতাইকারী শহিদুল ইসলাম। দৌড়ে পালানোর সময় তার পকেট থেকে একটি চাইনিজ ছুরিও মাটিতে পড়ে যায়। পরে পুলিশ ছুরিটি উদ্ধার করেছে বলে জানা গেছে।

এছাড়া কয়েক মাস আগে বৌদ্ধ মন্দিরের ভিতরে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় খুন হন কাউন্সিলর পুত্র সেজান। ওই খুনেও জড়িত রয়েছে শহিদুল ইসলাম। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, কক্সবাজার শহরের একজন শীর্ষ ছিনতাইকারী হিসেবে বেশ পরিচিতি রয়েছে শহিদুল ইসলাম ওরফে ভাগিনার। সে শহরের ১০ নং ওয়ার্ডস্থ পূর্ব মোহাজের পাড়া এলাকার আবছার ড্রাইবারের ছেলে। দীর্ঘদিন ধরে শহরের বৈদ্যঘোনা, গোলদিঘীর পাড়, মোহাজের পাড়া, ঘোনার পাড়া, বৌদ্ধ মন্দির এলাকা ও হাসপাতাল সড়ক এলাকায় ছিনতাই কাজ চালিয়ে যাচ্ছে। এসব এলাকায় গত দুই বছরে যেসব ছিনতাই হয়েছে সবখানে সরাসরি জড়িত রয়েছে শহিদুল ইসলাম। তার সাথে রয়েছে তারেক, রমজান ও আলু রুবেলসহ প্রায় ৬ জনের একটি সিন্ডিকেট। কাউন্সিলর পুত্র নিহত সেজানও তাদের দলের সক্রিয় ছিনতাইকারী ছিল। নিজেদের মধ্যে মোবাইল ছিনতাইয়ের ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে খুন হন সেজান। সেজান খুন হলেও অধরা রয়েছে শহিদুল ইসলামসহ ছিনতাইয়ের গ্রুপটি।

একটি সূত্রে জানা গেছে, শহিদুল ইসলামের নেতৃত্বে ছিনতাই গ্রুপটি সন্ধ্যার পর থেকে গভীররাত পর্যন্ত বৈদ্যঘোনা, বৌদ্ধ মন্দির, গোলদিঘী পাড়া ও মোহাজের পাড়া এলাকায় বিচরণ করে। তারা প্রতিটি এলাকার অলি-গলির সামনে উৎপেতে থাকে সবসময়। সুযোগ নিয়ে ছিনতাই করে গলির ভিতরে ঢুকে পড়ে গ্রুপটি। এমন ঘটনা বহু হয়েছে এসব এলাকায়। কিন্তু এসব ছিনতাইকারীদের আটক করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে অস্ত্র মামলা ও ছিনতাইয়ের ঘটনায় বহু বার কারাগারে ছিল শহিদুল ইসলাম। কারাগার থেকে বের হয়ে শুরু করে ছিনতাই কাজ। কিন্তু দীর্ঘ দেড় থেকে দুই বছর সে রয়েছে অধরা। যার কারণে বেপরোয়াভাবে চালিয়ে যাচ্ছে ছিনতাইসহ বহু অপরাধ।

জানা গেছে- সেজান হত্যার পর কিছুদিন আত্মগোপনে ছিল শহিদুলসহ তার সহযোগিরা। প্রায় ১৫-২০ দিন আত্মগোপনে থাকলেও এখন প্রকাশ্যে ছিনতাইকারী শহিদুল ইসলাম। সন্ধ্যা থেকে গভীররাত পর্যন্ত বিচরণ রয়েছে শহরে। তবে ছিনতাই কাজে অংশ নিয়ে রাতে আশ্রয় নেন শহরের জাদিরাম পাহাড়ের উপরে। জাদিরাম পাহাড়ে গেইট বন্ধ থাকলেও বাউন্ডার টপকিয়ে সেখানে রাতে আশ্রয় নেন। প্রতিটি ছিনতাইয়ের পর জাদিরাম পাহাড়ে আশ্রয় নেন বলে একটি সূত্রে জানা গেছে। সেখানে একটি আস্তানাও রয়েছে তাদের। তবে মাঝে মাঝে গভীররাতে নিজ বাড়িতে ঢুকে রাত কাটান। এছাড়া শহিদুল ইসলামের বিরুদ্ধে ইয়াবা কারবারের অভিযোগও রয়েছে। বিভিন্ন জায়গায় খুচরাভাবে ইয়াবা সেবন ও বিক্রিতে জড়িত রয়েছে শহিদুল। এসব ইয়াবা ক্রয় করেন তার এক বোনের জামাই থেকে। বোনের জামাই থেকে পাইকারি ইয়াবা ট্যাবলেট ক্রয় করে খুচরা পর্যায়ে বিক্রি করে থাকে এই ছিনতাইকারী।

শহরের মোহাজের পাড়া এলাকার এক সমাজ নেতা বলেন, আসলেই ছিনতাইকারী শহিদুল ইসলামের কারণে এলাকায় বসবাস করা কঠিন হয়ে পড়েছে। তার বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযোগে অতিষ্ঠ হয়ে উঠেছি। কিন্তু করার কিছুই নেই। সবসময় ছুরি নিয়ে চলাফেরা। কারো কথা শুনে না। বেপরোয়া জীবন-যাপন।

কক্সবাজার সদর থানার এক পুুলিশ কর্মকর্তা বলেন, শহিদুল ইসলাম ওরফে ভাগিনার নামে অনেক অভিযোগ রয়েছে। সে তালিকাভূক্ত ছিনতাইকারী। তাকে দীর্ঘদিন ধরে খুঁজা হচ্ছে। কৌশলে চলাফেরা করায় তাকে আটক করা সম্ভব হচ্ছে না। তবে যেকোন সময় এই অপরাধীকে আটক করা হবে। শহিদুল ইসলামকে আটকের বিষয়ে তিনি তথ্য চেয়ে এলাকাবাসীর সহযোগিতাও কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন