ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারে এক নারীকে গণধর্ষণের প্রধান অভিযুক্ত আশিকুর রহমান আশিক ধরা পড়ার ৭ দিন পর অবশেষে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছে। রোববার (২ জানুয়ারি) তাকে এ মামলায় ‘শোন এরেস্ট’ দেখানোর পর সোমবার (৩ জানুয়ারি) সাতদিনের রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।
এর আগে গত ২৭ ডিসেম্বর মাদারিপুর থেকে র্যাবের হাতে গ্রেপ্তারের পর তাকে ৫৪ ধারায় কারাগারে পাঠানো হয়। ৩০ ডিসেম্বর সন্ধ্যায় তাকে নিয়ে আসা হয় কক্সবাজার জেলা কারাগারে। সেখানেই গত রোববার তাকে গণধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলে জানিয়েছেন কক্সবাজার ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ। আদালতে দেয়া ৭ দিনের রিমান্ড আবেদন ৪ জানুয়ারী (মঙ্গলবার) শুনানি হবে বলেও উল্লেখ করেন তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা ট্যুরিস্ট পুলিশের এসআই রুহুল আমিন বলেন, “আশিককে গ্রেপ্তারের পর র্যাব ৫৪ ধারায় ঢাকা মেট্রোপলিটন আদালতে সোপার্দ করে। আমরা তাকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কক্সবাজার পাঠাতে কক্সবাজার সদর আদালতে আবেদন করি। তাকে কক্সবাজার কারাগারে আনার পর রোববার ধর্ষণ মামলায় ‘শোন এরেস্ট’ দেখিয়ে গতকাল সোমবার তার ৭ দিনের রিমান্ডের আবেদন করি। সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আবুল মনসুর সিদ্দীকির আদালতে (সদর) রিমান্ড আবেদনটি মঙ্গলবার শুনানী হবার কথা রয়েছে।”
কক্সবাজার জেলা কারাগারে সুপার নেছার আহমদ বলেন, ‘২৭ ডিসেম্বর রাতে আশিককে মাদারিপুর থেকে গ্রেপ্তার করে র্যাব। এরপর আদালতের মাধ্যমে তাকে ঢাকার কেরানিগঞ্জ কারাগারে পাঠানো হয়। সেখান থেকে ৩০ ডিসেম্বর সন্ধ্যায় তাকে কক্সবাজার কারাগারে আনা হয়। রোববার তাকে একটি ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।’
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর রাতে স্বামী-সন্তানকে জিম্মি কনে কক্সবাজার শহরের জিয়া গেস্ট ইন ও সৈকত পোস্ট অফিসের পেছনে এক নারীকে গণধর্ষনের ঘটনা ঘটে। ওই ঘটনায় ওই নারীর স্বামী ৪ জনের নাম ও তিনজনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করে। এই ঘটনায় মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। এ ঘটনায় আশিক ছাড়া গ্রেপ্তার অপর ৫জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়েছে পুলিশ। আর সর্বশেষ আশিকেও ৭দিনের রিমান্ড চেয়েছে তদন্তদল। সূত্র-মহানগর।