• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

লুট হওয়া ইয়াবা উদ্ধারে মিজানকে নিয়ে অভিযানের দাবী

নিজস্ব প্রতিদেক / ১৬৩৬ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২০ জুলাই, ২০২০
ইয়াবা লুটকারী মিজান

আজিম নিহাদ:

শহরের বাঁকখালী নদীর মাঝিরঘাটে খালাসের সময় ১ কোটি ইয়াবা লুটের ঘটনা এ যাবতকালের কক্সবাজারে সবচেয়ে বড় ইয়াবা ছিনতাইয়ের ঘটনা। এই ঘটনায় শুধু ‘ইয়াবা লুট’ নিয়ে আলোড়ন সৃষ্টি হয়নি। নিরাপদে মিজানের ভারত পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের তৎপরতা নিয়েও বেশ প্রশ্ন উঠেছে। মিজানের পালিয়ে যাওয়ার ক্ষেত্রে কতিপয় চক্রের যোগসাজস ছিল বলেও গুঞ্জন উঠেছিল।

অবশেষে গত ১৭ জুলাই ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পথে গ্রেপ্তার হয় মিজান। এখন দাবী উঠেছে, লুট হওয়া ইয়াবা উদ্ধারে মিজানকে নিয়ে যেন অভিযানসহ সব ধরণের প্রক্রিয়া চালায় পুলিশ।

শহরের টেকপাড়া এলাকার কয়েকজন সচেতন ব্যক্তি মিজানের কঠোর শাস্তি দাবী করে বলেন, মিজান এবং তার পরিবারের কারণে পুরো টেকপাড়ার সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। বাঁকখালী নদীর জমি দখল, ইয়াবা কারবার ও লুট ছিল মিজান এবং তার পরিবারের অন্যতম পেশা। মিজানের বাবা গোলাম মওলা বাবুল ওরফে জজ বাবুল অন্যতম একজন অপরাধী। প্রতারণা, মাদক ব্যবসা, প্রভাব বিস্তারসহ এমন কোন অপরাধ নেই যা এই পরিবার করে না। মিজানের পাশাপাশি তার বাবা জজ বাবুল, ভাই কায়সারসহ সবাইকে আইনের আওতায় আনলে টেকপাড়ার অধিকাংশ অপরাধ নিয়ন্ত্রণ হবে।

তারা আরও বলেন, ইয়াবার বিশাল চালান লুটের ঘটনায় টেকপাড়ার অনেক নিরীহ মানুষ হয়রানির শিকার হয়েছে। এখন মিজানকে নিয়ে অভিযান করে লুট হওয়া ইয়াবাগুলো উদ্ধার করে পুলিশের দৃষ্টান্ত স্থাপন করা প্রয়োজন। একই সাথে মিজানের সহযোগী হিসেবে প্রকৃতপক্ষে কারা ছিল সেটিও বের করা দরকার।

গত ৮ ফেব্রুয়ারী শহরের টেকপাড়ার মাঝিরঘাটে মাছ ধরার ট্রলার থেকে খালাসের সময় এক কোটি ইয়াবা ট্যাবলেটের একটি বিশাল চালান লুট হয়। ইয়াবার এই বিশাল চালান লুটে নেতৃত্ব দেন টেকপাড়া এলাকার জজ বাবুলের ছেলে মিজান। কিন্তু ঘটনার প্রায় ১০ দিন পার হলেও রহস্যজনক কারণে আইনশৃঙ্খলা বাহিনীর কোন তৎপরতা চোখে পড়েনি সেই সময়।

এরইমধ্যে বিষয়টি নজরে আসে দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার আজিম নিহাদ ও পূর্বকোণের জেলা প্রতিনিধি আরফাতুল মজিদের। গভীর অনুসন্ধান করে গেল ২০ ফেব্রুয়ারী দৈনিক কক্সবাজারে মাঝিরঘাটে ইয়াবা লুট নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদনে লুটের সাথে জড়িত এবং ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়। এই ঘটনায় দৈনিক কক্সবাজার পত্রিকায় পর পর দুটি প্রতিবেদন হয়। নড়েচড়ে বসে পুলিশ। কিন্তু এরইমধ্যে গা ঢাকা দেয় লুটের মূলহোতা মিজান।

পরে ২৪ ফেব্রুয়ারী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে খুরুশকুলের কুলিয়াপাড়া এলাকার মোস্তাকের বাড়ি থেকে ১ লাখ পিস এবং লারপাড়ার গ্যাস পাম্পের পেছনের মোক্তার মেম্বারের বাড়ি থেকে আরও এক লাখ পিস সহ দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করে।
অভিযানে মিজানের অন্যতম সহযোগী মো. ফিরোজ ও মোস্তাক আহমেদকেও গ্রেপ্তার করা হয়।

অনুসন্ধানে জানা গেছে, ইয়াবা লুটের ঘটনার পর ঘোনারপাড়ার তৈয়বের কাছে আত্মগোপনে ছিলেন মিজান। পরে ঘটনা জানাজানি হওয়ার এক পর্যায়ে মিজান চট্টগ্রাম থেকে বিমানযোগে ভারত পালিয়ে যান।

জানা গেছে, আলোচিত লুটের ঘটনা তদন্তের এক পর্যায়ে কক্সবাজার পুলিশ দেশের সকল ইমিগ্রেশন পুলিশের কাছে মিজানের বিষয়ে তথ্য সরবরাহ করেন। কিন্তু ততক্ষণেই মিজান ভারত পালিয়ে যেতে সক্ষম হন। তবুও সেই সময় সরবরাহ করা চিঠির প্রেক্ষিতে গত ১৭ জুলাই বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ইমিগ্রেশন পুলিশ মিজানকে গ্রেপ্তার করে। মিজানকে আনতে যাওয়া ডিবি পুলিশের টিম এখনো কক্সবাজার পৌঁছেছে কিনা সেই বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি।

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন একটি অনলাইন নিউজপোর্টালকে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, ‘এ সেই মিজান কিনা নিশ্চিত হওয়ার পর ইয়াবা লুটের রহস্য উদঘাটনে আইনী প্রক্রিয়ায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন