এম.এ আজিজ রাসেল:
২০১৭ সালের আগস্ট থেকে এতিম, প্রতিবন্ধী, দুস্থ ও অসহায় রোহিঙ্গা শিশুদের নিয়ে জরিপ শুরু হয়। জরিপে প্রায় ৩৯ হাজার শিশুর মধ্য থেকে ২০২০ সালের আগস্ট পর্যন্ত ৩০ হাজার ৭৪৩ জন শিশুর তথ্য যাচাই বাছাই সম্পন্ন হয়েছে।
চিহ্নিত শিশুদের বিভিন্ন শ্রেণীকরণ করা হয়। তারমধ্যে ১০ হাজার ৮৪ জন শিশুকে ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করা হয়। মিডিয়াম ঝুঁকিতে রয়েছে ৮ হাজার ৪৫২ জন। আর সামান্য ঝুঁকিতে রয়েছে ২ হাজার ৯১৪ জন।
এই তিন ক্যাটাগরির মধ্যে অতিমাত্রায় ঝুঁকিতে থাকা ৮ হাজার ৬৪ জন শিশুকে রোহিঙ্গা শিশু সুরক্ষা প্রকল্পের আওতায় নগদ সহায়তা দেয়া হচ্ছে।
এই প্রকল্পে পর্যায়ক্রমে আরও দেড় হাজার দুস্থ, অসহায়, এতিম ও প্রতিবন্ধী শিশুকে তালিকাভুক্ত করা হবে। নগদ সহায়তার আওতায় মেয়ে শিশু ৪ হাজার ৪২৫ জন ও ছেলে শিশু ৩ হাজার ৬৩৯ জন রয়েছে।
ইউনিসেফ এর সহযোগিতায় গত ২০১৮ সালের ফেব্রুয়ারী থেকে এসব শিশুদের নিয়ে কাজ করছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। নগদ টাকা সহায়তার পাশাপাশি রোহিঙ্গা শিশুদের শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা, সাংস্কৃতিকসহ নৈতিকবান হিসেবে গড়ে তোলা হচ্ছে। যাতে তাদের মাঝে অপরাধ প্রবণতা হ্রাস পায়।
‘রোহিঙ্গা শিশু সুরক্ষা কার্যক্রম’ প্রকল্পের অলটারনেটিভ ফোকাল পয়েন্ট ও সমাজসেবা অফিসার মোহাম্মদ আল-আমিন জালালী বলেন, জরিপ করে রোহিঙ্গা শিশুদের বিভিন্ন ক্যাটাগরির আওতায় আনা হয়েছে। ৩২টি ক্যাম্পে যাদের মা-বাবা উভয়ই মৃত এমন এতিম শিশুর সংখ্যা ৫ হাজার ৫৮৪ জন।
পরিবার হতে বিচ্ছিন্ন শিশু রয়েছে ১ হাজার ১১০জন, পরিবারে কেউ নেই এমন শিশুর সংখ্যা ৫৬ জন। শিশু নিজেই পরিবারের প্রধান এমন শিশু রয়েছে ২৫০ জন। প্রতিবন্ধী শিশুর রয়েছে ৮৩৯ জন, পিতা বা মাতা প্রতিবন্ধী এমন শিশুর আছে ১৮১ জন। শিশুসহ বাবা-মা দীর্ঘস্থায়ী নানা রোগে আক্রান্ত শিশু রয়েছে ৪২ জন। এছাড়া মা-বাবা থাকলেও খবর নেই এমন অবিচ্ছিন্ন শিশু আছে ৫৮ জন।
প্রকল্পের অলটানেটিভ ফোকাল পয়েন্ট ও সমাজসেবা অফিসার মোহাম্মদ আল-আমিন জালালী আরও বলেন, তাদের সমাজকর্মীরা রোহিঙ্গাদের ঘরে ঘরে গিয়ে বিভিন্ন সেবা পৌঁছে দিয়ে আসছে। জরিপে ৮ হাজার ৬৪ জন রোহিঙ্গা এতিম, প্রতিবন্ধী, দুস্থ ও অসহায় শিশুদের তালিকাভুক্ত করা হয়।
তালিকা অনুযায়ী ওইসব রোহিঙ্গা শিশুদের ভরণপোষনের জন্য প্রতিমাসে ২ হাজার টাকা করে নগদ টাকা সহায়তা দেয়া হচ্ছে। ব্যাংক এশিয়ার মাধ্যমে এই টাকা বিতরণ করা হয়।
প্রসঙ্গত: ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে সে দেশের সেনাবাহিনী নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা। তারা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের প্রায় ১০ হাজার একর বনভূমির উপর অস্থায়ীভাবে বসবাস করে আসছে।
দীর্ঘ তিন বছর ধরে মিয়ানমারে প্রত্যাবাসন না হওয়ায় বাংলাদেশ সরকার এসব রোহিঙ্গাদের যাবতীয় সুযোগ-সুবিধা দিয়ে আসছে। আন্তর্জাতিক দাতা সংস্থার পাশাপাশি কাজ করছে বিভিন্ন এনজিও।