• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

রামুতে পাহাড় কাটার মহোৎসব, নির্বিকার প্রশাসন

নিজস্ব প্রতিদেক / ৫২০ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
oznorCO

শাহীন রাসেল:

পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে পাহাড় কেটেই চলেছে রামু উপজেলার বিভিন্ন এলাকার স্থানীয় একাধিক সিন্ডিকেট। পাহাড় ধসে প্রাণহানির সংখ্যা বাড়লেও থামছে না পাহাড় কাটার ধুম। স্থানীয় সরকার দলীয় নেতাকর্মীদের একাধিক সিন্ডিকেট মাটির ব্যবসা এবং পাহাড় দখলের পাঁয়তারায় বিরামহীনভাবে পাহড়গুলো কাটায় মৃত্যুকূপে পরিণত হচ্ছে পুরো রামু উপজেলার বিভিন্ন এলাকা।

খোঁজ নিয়ে জানা গেছে, বর্ষা মৌসুমে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্থানীয় সরকার দলীয় সিন্ডিকেটগুলো ঘর নির্মাণ করে ব্যবসা প্রতিষ্টান ও ইট ভাটার কাঁচামাল জোগান দিতে পাহাড় কাটায় মহোসৎবে মেতেছে। সরকারি নিষেধাজ্ঞা কানে না তুলে নির্বিচারে পাহাড় কাটায় বর্ষায় পাহাড় ধসে মানুষের মৃত্যুর আশঙ্কা করছেন স্থানীয়রা।

জানা গেছে, রামু উপজেলার জোয়ারিয়ানালা, মিঠাছড়ি, কাউয়াখোপ, রশিদ নগর, কচ্ছপিয়া ও গর্জনিয়ায় ঘর নির্মাণ, ব্যবসা প্রতিষ্টান, রেল লাইনে মাটি বিক্রির জন্য নির্বিচারে পাহাড় কাটা হচ্ছে। শুষ্ক মৌসুমে বিভিন্ন ইট ভাটায় ইট তৈরির কাজেও চলে পাহাড় নিধন যজ্ঞ। আর এর সবই চলছে স্থানীয় অনেক সরকার দলীয় নেতার ইশারায়।

প্রতি বছর পাহাড় ধসে মানুষ মারা গেলেও পাহাড়খেকো নেতারা পয়সার লোভে পাহাড়ের আশেপাশে বসবাস করা ছিন্নমূল মানুষকে জিম্মি করে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। মানুষের জীবনের চেয়েও তাদের কাছে টাকার মূল্য বেশি। স্থানীয় প্রশাসন একাধিকবার অভিযান চালিয়ে অবৈধভাবে পাহাড় কাটা বন্ধ করলেও দিন ঘুরতেই আবারো পাহাড় কাটায় ব্যস্ত হয়ে পড়েছে এইসব সিন্ডিকেটগুলো।

তারা শুধু পাহাড় কেটেই ক্ষান্ত হচ্ছে না বরং সরকারি সম্পত্তি দখল করে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান, অনুমোদনহীন ইটভাটা, রাসায়নিক দ্রব্য, অনুমোদনহীন পোল্ট্রি ফার্ম করে রামুর প্রাকৃতিক পরিবেশ নষ্ট করছে তারা। স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা পাহাড় কাটার প্রতিবাদ করলে সিন্ডিকেটের সদস্যরা প্রাণনাশের হুমকি পর্যন্ত দিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কাউয়ারখোপের বাঁকখালী রেঞ্জ কর্মকর্তার অফিস ঘেষা পাহাড়টি কেটে সাবাড় করেছেন স্থানীয় প্রভাবশালী কালু মেম্বারের ছেলে বাংলা মদ ব্যবসায়ী সাইদুল ইসলাম রিপন। শুধু তাই নয়, রেঞ্জ কর্মকর্তার অফিসের দেড়’শ মিটারের মধ্যে সরকারি পাহাড় ও গাছ কেটে করা হয়েছে ঘর এবং পোল্ট্রি ফার্ম। অথচ দায়ীত্বরত কর্মকর্তা আতা ইলাহি বলছেন তার কিছুই করার নেই। এইসব দেখার দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের।

অভিযোগ রয়েছে, রেঞ্জ কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের সাথে আঁতাত করে নির্ধারিত চাঁদা দিয়ে পাহাড় কেটে অবাধে বাণিজ্য চালিয়ে যাচ্ছে স্থানীয়ভাবে প্রভাবশালী সরকারদলীয় সিন্ডিকেটগুলো। এদিকে অবৈধভাবে পাহাড় কাটা বন্ধ করে ছিন্নমূল মানুষের জান-মালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা বলেন, পাহাড় কাটা বন্ধে প্রায় সময় অভিযান চলে। শিগগিরই এইসব পাহাড়ে অভিযান চালিয়ে পাহাড় কাটা বন্ধ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

বাংলাদেশ সময় ১৭১৫ ঘণ্টা, ১৮ জুলাই ২০২০

এসআর/আএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন