কক্সবাজার শহরে খুন হওয়া আওয়ামী লীগ নেতা সাইফ উদ্দিনের এক দুসম্পর্কের আত্মীয়ের মাধ্যমে পরিচয় হয় হাফেজ আশরাফুল ইসলামের। সেই পরিচয় আরো ঘনিষ্ঠ করে গত রোববার বিকেলে বড় বাজার থেকে দেশীয় মদ ও পেয়ারা কিনে হলিডে মোড়ের হোটেল সানমুনের ২০৮ নম্বর কক্ষে উঠেন তারা। সেখানে দেশীয় মদ ও পেয়ারা খাইয়ে মাদ্রাসা ছাত্র আশরাফুলকে এক পর্যায়ে যৌন নির্যাতন করে সাইফ উদ্দিন। যৌন নির্যাতন করে সাইফ সেই ভিডিও ধারণ করেছে নিজের মোবাইলে। পরে বাইকে করে গোলদিঘির পাড়ে নামিয়ে দিয়ে ১০০ টাকা দিয়ে চলে যেতে বলে।
এর এক ঘন্টা পর আবারও ফোন করে একই হোটেলে ডাকে সাইফ। সেখানে আবারও চেষ্টা করা হয় যৌন নির্যাতনের। এতে প্রতিবাদ করলে আশরাফুলের গলা চেপে ধরেন সাইফ উদ্দিন। আত্মরক্ষার্থে এসময় আশরাফুল তার পকেটে থাকা ছুরি দিয়ে সাইফ উদ্দিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। গোঙানির শব্দ বন্ধ করতে চাঁদর দিয়ে গলা পেঁচিয়ে ধরে। সাইফ উদ্দিনের বেল্ট দিয়ে দুই হাত বেঁধে ফেলে। এভাবে মৃত্যু নিশ্চিত হলে আশরাফুল রক্ত ধুয়ে হোটেল থেকে পালিয়ে যায়।
গত সোমবার রাতে টেকনাফের হোয়াইক্যং থেকে আশরাফুল ইসলামকে গ্রেপ্তারের পর মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কক্সবাজার পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।
পুলিশ সুপার বলেন, ভুক্তভোগী ও ঘাতক পূর্বের পরিচিত। সে সুবাধে তাদের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু যখন সম্পর্কটি মোবাইলে ধারণ করে, তখন আশরাফুল ক্ষিপ্ত হয়ে পড়েন। একপর্যায়ে সে সাইফ উদ্দিনকে হত্যা করে। এমনকি যৌন নির্যাতনের সে ভিডিও ধারণকৃত মোবাইলটা আলামত নষ্টের জন্য ভেঙে ফেলেন।
তিনি আরও বলেন, ভেঙে ফেলা মোবাইল, ব্যবহৃত ছুরি, ভিকটিমের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্ত করা হচ্ছে। এটি প্রাথমিক স্থর। পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে।
এর আগে গেল গত সোমবার সকাল ১০টার দিকে শহরের হলিডের মোড়ে ‘সানমুন’ আবাসিক হোটেলের ২০৮নং কক্ষে সাইফ উদ্দিনের মরদেহ পাওয়া যায়। সাইফ উদ্দিনকে হত্যা করতে ১৭ বার ছুরিকাঘাত করা হয়েছিল। তার দেহে ছুরিকাঘাতে জখমের এসব চিহ্ন পাওয়া গেছে।
সাইফ উদ্দিন কক্সবাজার শহরের ঘোনারপাড়ার অবসরপ্রাপ্ত আনসার কমান্ডার আবুল বশরের ছেলে। তিনি কক্সবাজার পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সহসাধারণ সম্পাদক। একই সাথে কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিও।
ঘটনার সিসিটিভি ফুটেজ গণমাধ্যমের প্রকাশের পর থেকে চারদিকে হইচই পড়ে যায়। এরপর প্রকাশ্যে আসে আশরাফুলের পরিচয়। সে কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী ইসলামপুর এলাকার মোহাম্মদ হাশেম মাঝির ছেলে। ওই এলাকার ওয়ামি একাডেমি নামে একটি মাদ্রাসার ছাত্র সে।