কক্সবাজার শহরের উত্তর বাহারছড়া এলাকার মৃত নবাব মিয়ার ছেলে বাবু। বয়সে তরুণ হলেও এলাকায় বাবু একজন চিহ্নিত মাদক সেবনকারী ও খুচরা বিক্রেতা। বাবুর ঘরে বসে নিয়মিত মাদক সেবনের আড্ডা। পরিবারের কেউ না থাকার সুবাধে মাদক কারবারিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিণত হয়েছে বাবুর বাসা। বিশেষ করে সন্ধ্যা থেকে গভীররাত পর্যন্ত এলাকার অনেকেই বাবুর বাসায় মাদক সেবন করতে প্রবেশ করেন। বিভিন্ন এলাকা থেকেও এসে বাবুর বাসায় মাদক সেবনের আড্ডা জমান অনেকেই।
কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ড উত্তর বাহারছড়া এলাকার মৃত মকবুলের ছেলে মাহিনুর ইসলাম আকাশ। ইয়াবা কারবারে বেশ পরিচিত আকাশ। ইয়াবাসহ আটকের পর মাদক কারবারে আরো দক্ষতা বাড়ে আকাশের। সেই দক্ষতাকে কাজে লাগিয়ে হোটেল আলফা-ওয়েভে যোগদেন আকাশ। সেখানেও আকাশের নেতৃত্বে মাদকে বিস্তার ঘটায় বলে জানা গেছে। নিজ হোটেলসহ আশপাশের বিভিন্ন হোটেল বয়দের মাধ্যমে ইয়াবা কারবার চালিয়ে যাচ্ছে আকাশ। আকাশের পরিবারে বেশ কয়েকজন মাদক কারবারি রয়েছে। তারমধ্যে তার বোন চাম্পু। চাম্পু ইয়াবাসহ আটকও হয়েছিল। ইয়াবা কারবার তাদের একপ্রকার পারিবারিক ব্যবসা হিসেবে জনশ্রুতি রয়েছে এলাকায়। বিভিন্ন সময় পুলিশ তাদের বাড়িতে অভিযানও চালিয়েছে বলে জানা গেছে। তবে কৌশলে তারা পালিয়ে যায়। আকাশ ও চাম্পুর ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশের একটি সূত্রে জানা গেছে।
উত্তর বাহারছড়ার আরেক ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারী মিঠন। নিজ বাসার সামনে সিসি ক্যামরা লাগিয়ে ভিতরে মাদক সেবন ও বিক্রি করার অভিযোগ উঠেছে মিঠনের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালালেও ধরাছোঁয়ার বাইরে মিঠন। তার মাদক কারবারের বিষয়ে খোদ এলাকাবাসীরাও অবগত রয়েছে। তাদের কাছ থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য ক্রয় করে নিয়মিত সেবনে জড়িত রয়েছে বাহারছড়া এলাকার নাইমুল ও জাহেদ। কটেজ জোন ও হোটেল মোটেল জোন এলাকায় বিভিন্ন গাড়ির ড্রাইভার এবং হোটেল দালালদের কাছ থেকে হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এসব টাকা দিয়েই তারা উত্তর বাহারছড়া এলাকায় বাবুর বাসায় যান ইয়াবা সেবনে। একই সাথে গাঁজা সেবনও থেমে নেই তাদের।
এসব মাদক কারবারি ও সেবনকারীদের গডফাদার হিসেবে রয়েছে আকাশের চাচাত ভাই হুমায়ুন কবির ছোটন। বহু মামলার এই আসামী মাদকের গডফাদার হিসেবে পরিচিত। তার কাছ থেকে ইয়াবা নিয়েই বিভিন্ন হোটেলসহ চাহিদা ভিত্তিক জায়গায় পৌঁছে দেন মাহিনুর ইসলাম আকাশ।
উত্তর বাহারছড়া এলাকার এক সমাজ নেতা বলেন- আকাশ ও চাম্পু নামে মেয়েটার পরিবার সম্পর্কে সবাই জানে। তারা এলাকার চিহ্নিত মাদক কারবারি। ইয়াবাসহ আটকও হয়েছিল তারা। আটক হওয়ার পরও তাদের ব্যবসা বন্ধ হয়নি। নিয়মিত পুলিশ এসে তাদের খোঁজ করে এলাকায়। পুলিশের ভয়ে তারা পালিয়ে যায় বিভিন্ন জায়গায়। তাদের কারণে সমাজের অনেক বদনামও হচ্ছে। তবে এলাকার কয়েকজন বড়ভাই হিসেবে পরিচিত তাদের নিয়ন্ত্রণ করেন। তারাও চিহ্নিত অপরাধী। মূলত বিভিন্ন ধরনের অপরাধের অপরাধীরা একযোগ হয়ে মাদক কারবার চালিয়ে যাচ্ছে। সমাজের প্রতিনিধিরাও তাদের কিছুই করতে পারেনা। একই সাথে বাবু নামের ছেলেটাও চিহ্নিত মাদক কারবারি। নিয়মিত মাদক সেবনও করে। তারা ছাড়াও এলাকায় আরো অনেক মাদক কারবারি আছে।
এবিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন- বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা মাদক কারবারিদের নজরে রেখেছি। সব জায়গায় আমাদের নজরদারী আছে। ইয়াবাসহ আটকের পরও অনেকেই এই কারবারে জড়িত। যেকোন সময় অপরাধীরা আইনের আওতায় আসবে।