ডেস্ক রিপোর্টঃ
কারিগরি ত্রুটির কারণে দুই দফায় শপথ নিলেন স্থায়ী নিয়োগ পাওয়া হাইকোর্টের ১৮ বিচারপতি। বিকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রথম দফায় নেওয়া শপথ রাতে গড়ায় দ্বিতীয় দফায়। শনিবার রাত সাড়ে নয়টায় ১৮ বিচারপতিকে সুপ্রিম কোর্টে ডেকে নিয়ে নিজ খাস কামরায় শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ সময় সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করা হয়।
বিচারপতিদের দুই দফায় শপথ নেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে আজ রবিবার সকালে ব্যাখ্যা দেওয়া হয়। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান কর্তৃক ই-মেইলে পাঠানো ব্যাখ্যায় বলা হয়েছে, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শনিবার বিকাল ৩ টায় ১৮ বিচারপতিকে শপথ পড়ান প্রধান বিচারপতি। উক্ত শপথ অনুষ্ঠানে কারিগরি ত্রুটির কারণে শপথগ্রহণকারী কোন কোন বিচারপতি শপথগ্রহণ স্পষ্টভাবে শ্রুত না হওয়ায় প্রধান বিচারপতি পুনরায় তাদের শপথ পাঠ করানোর প্রয়োজনীয়তা অনুভব করেন। এরপর রাত সাড়ে নয়টায় প্রধান বিচারপতির খাস কামরায় প্রধান বিচারপতি তাদের সশরীরে শপথ পাঠ করান।
শপথ নেয়া ১৮ বিচারক হলেন: বিচারপতি মো. আবু আহমেদ জমাদার, বিচারপতি এ,এস,এম আব্দুল মোবিন, বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান, বিচারপতি ফাতেমা নজীব, বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা, বিচারপতি এস.এম কুদ্দুস জামান, বিচারপতি মো. আতোয়ার রহমান, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, বিচারপতি মোহাম্মদ আলী, বিচারপতি মহি উদ্দিন শামীম, বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান, বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি এস.এম মনিরুজ্জামান, বিচারপতি আহমেদ সোহেল, বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান ও বিচারপতি কে এম হাফিজুল আলম। এই শপথ গ্রহণের মধ্য দিয়ে তাদের নিয়োগ কার্যকর হলো। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।
২০১৮ সালের ৩০ মে এই ১৮ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। দুই বছর অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের পর তাদেরকে স্থায়ী বিচারক হিসেবে নতুন নিয়োগ দেন রাষ্ট্রপতি। শুক্রবার রাতে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, এই নিয়োগ শপথগ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপন জারির পরদিন শনিবার বিকালে হাইকোর্টের ১৮ জন অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারক হিসেবে শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তাদের এই শপথ বাক্য পাঠ করানো হয়। কিন্তু ভার্চুয়াল পদ্ধতিতে নেওয়া ওই শপথ অনুষ্ঠানে কারিগরি ত্রুটির কারণে কোন কোন বিচারপতি শপথ বাক্য ঠিকমত শুনতে পারেননি। যার কারণে দ্বিতীয় দফায় রাতে সশরীরে বিচারপতিদের শপথ অনুষ্ঠানের আয়োজন করে সুপ্রিম কোর্ট।