উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার রেজু আমতলী এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে ৩৪-বিজিবি। ২৮ ফেব্রুয়ারি (সোমবার) ভোর পাঁচটার দিকে উখিয়ার রাজাপালং ইউপির গোলডেবার পাহাড় এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে, এ ঘটনায় কাউকে আটক করে পারেনি তারা।
৩৪-বিজিবির অধিনায়ক মোঃ মেহদি হোসাইন কবির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩৪ বিজিবি’র অধীনস্থ রেজুআমতলী বিওপির জানতে পারে যে, ইয়াবার একটি চালান দেশে প্রবেশ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল উখিয়ার ৪নং রাজাপালং ইউপির গোলডেবার পাহাড় নামক স্থানে কৌশলগত অবস্থান নেন।
ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে কতিপয় ইয়াবা পাচারকারী সীমান্ত এলাকা হতে পায়ে হেটে বাংলাদেশে আসার প্রাক্কালে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। চোরাকারবারীরা গ্রেফতার এড়াতে টহল দলের উপর গুলিবর্ষণ শুরু করে।
বিজিবি টহলদল তাদের জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারী সম্পদ রক্ষার্থে পাল্টা গুলি চালায়। চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ী গহীন জঙ্গল দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে টহলদল ঘটনাস্থল হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, ১ জানুয়ারি থেকে অদ্যাবধি পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬ লাখ ৩২ হাজার ৯’শ ২৯ পিস বার্মিজ ইয়াবা এবং ১৪ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে। এ সময় ১৪ জন আসামী আটক করা হয়।