এম.এ আজিজ রাসেল:
করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে হোটেল, মোটেল ও গেষ্ট হাউস। পর্যটকদের হোটেলের রুম ভাড়া না দেয়ার জন্য জেলা প্রশাসনের নির্দেশনা রয়েছে। কিন্তু এই নির্দেশনা মানছেন না কতিপয় অসাধু ব্যবসায়ী। নিয়মনীতি না মেনে ওইসব ব্যবসায়ী পর্যটকদের রুম ভাড়া দিচ্ছেন। ফলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি।
করোনা আক্রান্তদের জন্য উখিয়ার ইনানীর রয়েল রিসোর্টকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা হয়। কিন্তু ওই রিসোর্ট কর্তৃপক্ষ টাকার লোভে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পর্যটকদের রুম ভাড়া দেয়। বিষয়টি জানতে পেওে সেখানে অভিযান চালায় কক্সবাজার জেলা প্রশাসন। শুক্রবার (২৪ জুলাই) বিকালে জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান জাহিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে রয়েল রিসোর্ট কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্টেট সহকারী কমিশনার ইমরান জাহিদ খান জানান, পবিত্র ঈদুল আজহার পর খুলে দেয়া হবে পর্যটন সেক্টর। কিন্তু সেই নির্দেশনা না মেনে রয়েল রিসোর্ট কর্তৃপক্ষ করোনা রোগীদের থাকার স্থানে পর্যটকদের রুম ভাড়া দেয়া হয়েছে। যা সত্যিই দুঃখজনক। করোনা ভাইরাস প্রতিরোধে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহবান জানান।