কক্সবাজার অফিস:
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১ টার দিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনয়নের যোগাযোগ বিচ্ছিন্ন জনপদ মনিরঝলে এক প্রতিবন্ধী কৃষকের বিক্রয় করতে আনা ৩৭ কেজি শসা ন্যায্যমূল্যে কিনে নেন রামু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রণয় চাকমা।
উপজেলা নির্বাহী অফিসার জানান, প্রতিবন্ধী কৃষকের দূর্ভোগ লাঘব করতে তিনি শসাগুলো কিনে নিয়েছেন। এসব শসা তিনি কর্মহীন ও হতদরিদ্র জনসাধারণকে উপহার হিসেবে দেবেন। সুবিধাবঞ্চিত কৃষকের জন্য ইউএনও’র এ মহানুভবতার প্রশংসা করেছেন ওই এলাকার বাসিন্দারা।
স্থানীয় ইউপি সদস্য আবদুল মালেক জানিয়েছেন, ইউএনও প্রণয় চাকমা বুধবার সকালে ঢাকা থেকে আসা আবদুল কাদের নামে এক যুবককের বাড়ি লকডাউন করার জন্য আসেন। ফেরার সময় পথিমধ্যে তিনি প্রতিবন্ধী এ কৃষককে শসা বিক্রি করতে দেখে সব শসা কিনে নেন। ইউএনও এ এলাকার অন্যান্য কৃষকদের কাছ থেকে এভাবে সবজি ক্রয় করার আশ্বাস দেন।
এসময় উপ সহকারি প্রকৌশলী আলা উদ্দিন খান, রামু থানার এএসআই রাজিব বড়ুয়া, এনএসআই প্রতিনিধি আবু হানিফ ও সাংবাদিক সোয়েব সাঈদ উপস্থিত ছিলেন।