পেকুয়া সংবাদদাতা
কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টইটং ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরীর সমর্থনে আয়োজিত ১৮ সেপ্টেম্বরের শেষ জনসভায় বক্তব্য দিয়ে নৌকার পক্ষে ভোট চাওয়ায় পেকুয়া উপজেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমেদকে বিএনপি থেকে বহিস্কার করা হয়েছে। খবরটি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কনিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে টইটং উচ্চ বিদ্যালয় সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টইটং ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় রমিজ উদ্দিন আহমেদ বিএনপি নেতাদের কঠোর সমালোচনা করেন এবং সন্ত্রাসমুক্ত টইটং গঠনে নৌকার প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন। এসময় মঞ্চে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীসহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ দিকে বিএনপি নেতাদের সমালোচনামূলক বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রমিজ উদ্দিন আহমদকে দলীয় শৃংখলা ভঙ্গ এবং সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিস্কার আদেশ জানা গেছে। এবং এ বহিস্কার আদেশ ১৯ সেপ্টেম্বর ২০২১ সাল থেকে কার্যকর হবে। সংবাদটি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী।