ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
যার পদ যত বড় কমিশনের ভাগও হয় সে হিসেবে। পদভেদে কমিশনের এ ভাগ বাটরার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এলএ অফিসের কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। ক্ষতিপূরণ ভূমির মালিকদের কাছ থেকে পাওয়া কমিশনের ভাগাভাগি হয় পাঁচ ভাগে। যার অর্ধেকেই চলে যায় এলএ অফিসের ভূমি অধিগ্রহণ কর্মকর্তার পকেটে। বাকি অর্ধেক পান কানুনগো, সার্ভেয়ার, অফিস সহকারী ও অন্যান্যরা। সম্প্রতি ঢাকা ঘুষের সাড়ে ২৩ লাখ টাকাসহ গ্রেপ্তার হওয়া কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখার সার্ভেয়ার আতিকুর রহমানের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
দুদক ও আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া আতিকুর রহমান দুদকের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য প্রদান করেন। পরে তাকে আদালতে উপস্থাপন করা হলে সেখানে ঘুষ বাণিজ্যের সঙ্গে জড়িত এলএ শাখার প্রায় দুই ডজন কর্মকর্তা-কর্মচারী ও দালালদের নাম উল্লেখ করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। জবানবন্দীতে কমিশনের কে কত শতাংশ ভাগ পান তাও উল্লেখ করেন। পাশাপাশি কীভাবে এসব অথ্য সংগ্রহ ও ভাগাভাগি করা হয় তাও বিস্তারিত তুলে ধরেন তিনি।
জবানবন্দীতে ঘুষ লেনদেনে জড়িত আরাফাত ছিদ্দিকী, মো. শামীম হোসেনসহ চারজন ভূমি অধিগ্রহণ র্কমর্কতা, কানুনগো কামরুল হাসান ও নুরুল ইসলামসহ ৪ জন, একাধিক সার্ভেয়ার, অফিস সহকারী নিউটনসহ ৩ জন ও ১০/১২ জন দালালের নাম উল্লেখ করেন আতিকুর রহমান। কমিশনের অর্থ কাননুগো কামরুল হাসান ও সার্ভেয়ার আতিকুর রহমান জমির মালিক ও দালালদের নিকট হতে সংগ্রহ করেন। যা অফিস সহকারীদের মাধ্যমে গ্রহণ করা হয়। আর এসব অর্থ ভাগভাটরাও নিজেরাই করে থাকেন। এরমধ্যে ভূমি অধিগ্রহণ কর্মকর্তারা (এলএও) ৫০ শতাংশ, কানুনগোর ২০ শতাংশ, সার্ভেয়ারের ২০ শতাংশ, অফিস সহকারী ৬ শতাংশ ও অন্যান্যরা পান ৪ শতাংশ হিসেবে ভাগ করা হয় আদায়কৃত অর্থগুলো। যা প্রতিসপ্তাহেই বুঝে পান তারা।
এছাড়া সার্ভেয়ার আতিকুর রহমান আদালতে বলেছেন, তার কাছ থেকে উদ্ধার হওয়া ২৩ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা মুলত ভূমি অধিগ্রহণ করতে গিয়ে জমির মালিকদের কাছ থেকে নেওয়া কমিশন বাণিজ্যের (ঘুষের)। যা দিয়ে নিজ গ্রাম সিরাজগঞ্জে জমি ক্রয়ের জন্য সঙ্গে করে নিয়ে যান তিনি।
সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই আদালতের মঞ্জুরকৃত ৫ দিনের রিমান্ডে নিয়ে সার্ভেয়ার আতিকুর রহমানকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন। টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদে আতিকুর রহমান দুইদিনের মধ্যে ১৯ জুলাই আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দেন। স্বীকারোক্তি জবানবন্দী লিপিবদ্ধ করেন কক্সবাজার সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবুল মনছুর ছিদ্দিকী। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদানের বিষয়টি নিশ্চিত করে দুদক কক্সবাজারের আইনজীবী এড. আব্দুর রহিম বলেন, ‘গ্রেপ্তার সার্ভেয়ার আতিকুর রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন। তিনি তার জবানবন্দীতে কমিশন বাণিজ্যের সঙ্গে জড়িত একাধিকজনের নাম উল্লেখ করেছেন। বিষয়টি তদন্ত কর্মকর্তা খতিয়ে দেখছেন।’
জানতে চাইলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজারের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন স্বীকারোক্তিমূলক জবানবন্দীর বিষয়টি নিশ্চিত করলেও এ নিয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেন। তবে রিমান্ডে জিজ্ঞাসাবাদে আতিকুর রহমান কিছু তথ্য পাওয়া গেছে যা যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন দুদকের এ কর্মকর্তা।
এ প্রসঙ্গে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ বলেন, ‘তদন্তকারী কর্মকর্তা তাঁর নিজের মতো করে তদন্তের কাজ চালাচ্ছেন। সেক্ষেত্রে আমাদের অফিসের যে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে অবশ্যই তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। আর আমরা আমাদের মতো করে ব্যবস্থা গ্রহণ করবো। অন্যায়কে প্রশ্রয় দেয়া হবে না।’ সূত্র-পূর্বকোণ।