নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহরে এক রাখাইন যুবককে প্রকাশ্যে নির্যাতনের ঘটনায় পালিয়ে আত্মগোপনে রয়েছে শাহিদুল ইসলাম বাবু ও মেহেতার নামে দুই যুবক। এই দুইজনের সাথে পলাতক রয়েছে তাদের এক সহযোগিও। শাহিদুল ইসলাম বাবু ও মেহেতার ছিনতাইকারী দলের সদস্য বলে জানা গেছে।
নিজেদের অপরাধ আড়াল করতেই প্রবাসী এক রাখাইন যুবককে মিথ্যা অপবাদ দিয়ে প্রকাশ্যে নির্যাতন করা হয়েছে অভিযোগ এই দুই ছিনতাইকারীর বিরুদ্ধে। বাবু কক্সবাজার শহরের মোহাজের পাড়া এলাকার বাসিন্দা এবং মেহেতার পৌর-প্রিপ্যার্যাটরি স্কুলের পিছনে আয়ুবের ছেলে। বর্তমানে তারা পলাতক রয়েছে বলে জানা গেছে।
জানা যায়, শহরের হাসপাতাল সড়ক গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বরর্ব কায়দায় রাখাইন যুবক লাইন লাইনের ওপর অমানষিক নির্যাতন চালানো হয়। এ নির্যাতনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে সামাজিকভাবেও সম্মানহানি করা হয়। কিন্তু ঘটনার এত দিনেও চিহ্নিত হামলাকারীদের কেউ গ্রেপ্তার হয়নি। এবিষয়ে কক্সবাজার সদর থানায় মামলাও দায়ের করা হয়।
শহরের মোহাজের পাড়ার শহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে কয়েকজন বখাটে যুবক মুঠোফোন চুরির অভিযোগ এনে লাইন লাইনকে ধরে বেধড়ক পিঠুনি শুরু করেন। উদ্দেশ্য, ভয়ভীতি দেখিয়ে রাখাইন যুবক থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া।
লাইন লাইন বলেন, বড়বাজারের একটি স্বর্ণের দোকানের কাজ শেষ করে ওই দিন বিকেলে তিনি হাঁটতে বের হন। বৌদ্ধমন্দির সড়ক দিয়ে গোলদিঘির পাড় হয়ে সন্ধ্যায় তিনি হাসপাতাল এলাকায় পৌঁছালে পেছন থেকে কয়েকজন যুবক এসে তাঁকে দাঁড়াতে বলেন। এরপর মুঠোফোন চুরির অপবাদ দিয়ে তাঁকে কিলঘুষিসহ বেধড়ক পেটানো শুরু করেন। একপর্যায়ে তাঁকে রশি দিয়ে বেঁধে রাস্তায় ফেলে ঘণ্টাব্যাপী অমানুষিক নির্যাতন চালালেও কেউ এগিয়ে আসেননি।
খোঁজ নিয়ে জানা গেছে, বাবু ও মেহেতার দুইজনেই ছিনতাইকারি। তাদের রয়েছে একটি গ্রুপ। প্রায় ৫ জনের একটি ছিনতাইকারী গ্রুপ রয়েছে বাবুর। কক্সবাজার হাসপাতাল ও স্টেডিয়াম কেন্দ্রিক তাদের আনাগোনা থাকত প্রায় সময়। প্রায় সময় তারা ছিনতাই কাজে অংশ নেন। তাদের দলে রয়েছে একজন মহিলাও। তবে এই ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে। কিন্তু তারা পলাতক রয়েছে।