ঢাকা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে অপহরণের এক মাস পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, রোববার মধ্যরাতে কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে আব্দুল আলীম মীর্জা শান্ত (৩২) নামের এক ব্যক্তিকে, যার বাড়ি বরিশালের মুলাদী উপজেলার জলক্ষ্মীপুর গ্রামে।
মামলার নথি অনুযায়ী, ঢাকার কোতোয়ালী থানার বিক্রমপুর গার্ডেন সিটি মার্কেট এলাকায় গত ২৭ সেপ্টেম্বর এই অপহরণের ঘটনাটি ঘটে। ভূক্তভোগী স্কুলছাত্রী ফুপি সাহিদা বেগমের বাসায় বেড়াতে গিয়েছিল এবং ওইদিন সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর তাকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকার একটি আবাসিক কটেজে অপহৃত স্কুলছাত্রীসহ অভিযুক্ত আব্দুল আলীম মীর্জা শান্ত অবস্থান করছে, এমন খবর পেয়ে র্যাব অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করা হয়। পরে কটেজটির একটি কক্ষ থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।