• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

‘ডিবি মনিয়া সিন্ডিকেট’ দরিয়ানগর পয়েন্টে সাগর পথে চোরাচালান

জয়নাল উদ্দিন: / ২৩৯ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

সমুদ্রের বিভিন্ন চ্যানেল ব্যবহার করে অবৈধভাবে জ¦ালানী তেল, ভোজ্য তেলসহ পেঁয়াজ, আলু, চাল, আদা ও রসুনসহ নিত্যপণ্য পাচারের অভিযোগ উঠেছে কক্সবাজার দরিয়ানগর কেন্দ্রিক একটি সিন্ডিকেটের বিরুদ্ধে। গত এক মাস ধরে দরিয়ানগরের বড়ছড়া এলাকায় আশ্রয় নিয়ে চোরাকারবারিরা দরিয়ানগরের বিভিন্ন সাগর পয়েন্ট দিয়ে এসব নিত্যপণ্য পাচার করে যাচ্ছে। ইতিমধ্যে দরিয়ানগর পয়েন্ট দিয়ে ট্রলারে করে মিয়ানমারে পাচার করেছে নিত্যপণ্য। দরিয়ানগর পয়েন্ট দিয়ে অবৈধভাবে সাগর পথে চোরাকারবারে নেতৃত্বে দিচ্ছে কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি কক্সবাজার পৌরসভার ১১ নং ওয়ার্ড দক্ষিণ বাহারছড়া এলাকার আবু শামার ছেলে শাহাদাত হোসেন মনিয়া। অনেকেই তাকে ‘ডিবি মনিয়া’ হিসেবেও চেনেন। মনিয়া ও তার বড় ভাই আনোয়ার মিলেই গত একমাস ধরে নিজেদের মাছ ধরার ট্রলার করে এসব মালামাল কয়েক চালান পৌঁছে দেন বলে জানা গেছে। এতে বড়ছড়া এলাকা কেন্দ্রিক ১০ জনের একটি সিন্ডিকেট রয়েছে মনিয়ার।

স্থানীয় সূত্রে জানা গেছে- দরিয়ানগর সাগরতীরে মাছ ধরার ট্রলার রয়েছে অনেকের। এরমধ্যে দেড় বছর আগে ট্রলার ক্রয় করেন মনিয়া বাহিনীর প্রধান মনিয়া। এরআগে দরিয়ানগর পয়েন্টে ট্রলার রয়েছে মনিয়ার বড় ভাই আনোয়ারের। সেখানে নতুন করে ট্রলার নিয়ে যোগদেন মনিয়া। এই সুযোগে গত একমাস ধরে সাগর পথে কয়েক দফা নিত্যপণ্যের চালান পাঠানো হয়েছে মিয়ানমারে। মনিয়ার নেতৃত্বে অবৈধপথে এই চোরাকারবার চলছে বলে জানা যায়।

এই চোরাকারবারে রয়েছে অস্ত্র ও মাদক মামলাসহ বহু অপকর্মের অপরাধী শহরের আলোচিত মনিয়া বাহিনীর প্রধান মনিয়া, তার বড় ভাই বড়ছড়া এলাকার বাসিন্দা আনোয়ার, মনিয়ার ট্রলারের মাঝি বড়ছড়া এলাকার হোসেন আহম্মদের ছেলে নুরু ওরফে গাল নুরু মাঝি, মনিয়ার সেকেন্ড ইন কমান্ড বড়ছড়া এলাকার সেলিম ওরফে চোরা সেলিম, বড়ছড়া এলাকার মানবপাচার মামলার আসামী জয়নাল ও বার্মায়া পেঠানসহ আরো অনেকেই।

এছাড়া মনিয়ার নেতৃত্বে চোরাচালানে আরেকটি ট্রলার রয়েছে বড়ছড়া এলাকার আব্দুল করিমের। এতে জড়িত রয়েছে বড়ছড়া এলাকার জাফর মাঝি, রিদুয়ান ও আব্দুল হক।

আইন শৃঙ্খলা বাহিনীর একটি সূত্রে জানা গেছে- দরিয়া নগর পয়েন্ট দিয়ে অবৈধভাবে সাগর পথে মিয়ানমারে নিত্যপণ্য পাচার করা হচ্ছে এমন একটি তথ্যও তাদের রয়েছে। এতে অনেকের নামও পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দরিয়ানগর এলাকার কয়েকজন জেলে জানান- দরিয়ানগর চরে অনেক ঝুঁপড়ি ঘর রয়েছে। এসব ঝুঁপড়ি ঘর গুলো মাছ ধরার কাজে ট্রলার মালিক ও জেলেরা ব্যবহার করে থাকে। অনেক ঝুঁপড়িতে পরিবারও রয়েছে। কিন্তু এই দরিয়ানগর চরে দাপট রয়েছে মনিয়ার বড়ভাই আনোয়ারের। মনিয়া সন্ত্রাসী হওয়ায় তার বড় ভাই আনোয়ারের এতো দাপট এখানে। তারা যেমন বলে, তেমন হয় এই চরে। সেই দাপটের কারণে অনেক মাঝি ও জেলে তাদের কাছে অসহায়। যার কারণে অনেক মাঝি ও জেলে তাদের অপকর্মে জড়িয়ে পড়ে। গত দুই মাসের ব্যবধানে দুইটি ট্রলারে করে ৪ থেকে ৫ বারের অধিক অকটেন, ভোজ্য তেল, আলু, চাল, পেঁয়াজ, আদা ও রসুনসহ বিভিন্ন নিত্যপণ্য অবৈধভাবে সাগর পথে পাচার করা হয়েছে।

স্থানীয় সূত্রে আরো জানা যায়- মনিয়ার নেতৃত্বে চোরাকারবারে জড়িত মাছ ধরার ট্রলার গুলো প্রায় নোঙর করা হয় উখিয়ার সোনা পাড়া অথবা মনখালীর দিকে। কিন্তু নিত্যপণ্য গুলো বস্তায় ভরে মজুদ রাখা হয় দরিয়ানগর চরের বিভিন্ন ঝুঁপড়ি ও গুদামে। টানা এক সপ্তাহ দিনের বেলায় পাচারের জন্য পণ্য গুলো মজুদ রাখা হয়। মজুদ করা শেষ হলে গভীররাতে উখিয়া থেকে নোঙর করা ট্রলার গুলো নিয়ে আসা হয় দরিয়া নগর পয়েন্ট। এরপর সেখানে বোটের শ্রমিক লাগিয়ে মজুদ করা নিত্যপণ্য গুলো ট্রলারে ভর্তি করে। পুরো ট্রলার ভর্তি হলে সাগর পথে রওনা দেন রাতেই।

এক জেলে বলেন- মাল ভর্তি এসব ট্রলার গুলো আকারে ছোট। যার কারণে গভীর সাগর কিংবা মিয়ানমারের দিকে যেতে পারে না। তাই মনিয়ার নেতৃত্বে এসব ট্রলারের মাল গুলো পৌঁছে দেয়া হয় টেকনাফ কিংবা শাহপরীর দ্বীপের দিকে কোন বড় ট্রলারে। ৭ তারিখ নির্বাচনের (দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন) দুই আগেও দরিয়ানগর পয়েন্ট দিয়ে দুইটি ট্রলার ভর্তি সাগর পথে অবৈধভাবে নিত্যপন্য পাচার করেছে মনিয়া। তবে ট্রলার দু’টি শাহপরীর দ্বীপে গিয়ে আটকে যায়। সেখানে দুইদিন অবস্থানও করতে হয়েছে তাদের। এর আগেও দুই থেকে তিন চালান নিত্যপণ্য পাঠিয়েছে মনিয়া। মনিয়ার নেতৃত্বে মাঝি ও জেলেরা এই কারবারে জড়িত থাকলেও রাতে এলাকা এবং দরিয়ানগর সড়কে পাহারা দেন বড়ছড়ার অনেক জন্য। এরমধ্য রয়েছে চোরা সেলিম, জয়নাল, পেঠান ও নুর। দিনভর তাদের দৃশ্যমান কোন কাজ না থাকলেও সন্ধ্যার পর থেকে দরিয়ানগর চর এলাকায় তাদের বিচরণ বেশ। বর্তমানেও দরিয়া নগরের চরে অনেক ঝুঁপড়ি ঘর ও কয়েকটি গুদামে বেশ কিছু নিত্যপণ্য মজুদ রয়েছে বলে জানা গেছে। এমনকি কলাতলী সৈকত পাড়া এলাকায় মনিয়ার নিজস্ব অফিসের পিছনেও অনেক নিত্যপণ্য মজুদ রয়েছে।

জানা যায়- মনিয়ার বিরুদ্ধে হত্যা, অপহরণ, মানব পাচার, চাঁদাবাজী, জমি দখল, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। এসময় মামলায় বেশ কয়েকবার কারাগারে যান তিনি। সর্বশেষ ২০২০ সালের ২৯ জুন তালিকাভুক্ত সন্ত্রাসী মনিয়া বাহিনীর প্রধান শাহাদত হোসেন মনিয়াকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ। এ সময় তার কাছে পাওয়া যায় ৩ হাজার ইয়াবা, একটি দেশীয় অস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ।

অভিযোগের বিষয়ে শাহাদাত হোসেন মনিয়া বলেন- দরিয়া নগর পয়েন্টে আমার মাছ ধরার বোট আছে। কিন্তু এসব নিত্যপণ্য পাচারে আমি জড়িত নয়। তবে ২০২৪ সালের নতুন বছর উপলক্ষে দরিয়ানগর এলাকায় আমি খাবারের আয়োজন করেছিল প্রায় ২০০ জনের জন্য। এই আয়োজন করার জন্য নিত্যপণ্য কিনেছিলাম। আপনি আরো খবর নিয়ে দেখেন কারা জড়িত।

এবিষয়ে র‌্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বলেন- সমুদ্রের বিভিন্ন চ্যানেল দিয়ে অবৈধভাবে জ্বালানি অকটেনসহ বিভিন্ন নিত্যপণ্য অন্যদেশে পাচার হচ্ছে বলে আমরা শুনেছি। আমরা ইতিমধ্যে বিভিন্ন সাগর পয়েন্টসহ যারা জড়িত তাদের নজরদারীতে রেখেছি। এর ধারাবাহিকতায় অভিযান চালিয়ে গত ১২ জানুয়ারি কক্সবাজার দরিয়া নগর এলাকা থেকে ৬৯টি ড্রামে মোট ২৯০০ লিটার অকটেন উদ্ধার করেছে র‌্যাব-১৫। এ সময় পাচারের সহযোগীসহ ছয় কারবারিকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন