ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের অবাধ বেচাকেনা, চলে সেবনের নিয়মিত আসর। ভ্রাম্যমাণ পতিতা ব্যবসাও চলে সেখানে। জুয়া খেলারও নিরাপদ আস্তানা ভবনটি। শুধু তাই নয়, অপহরণ করে নিয়ে আটকে চাঁদাবাজির ঘটনাও ঘটে। অপরাধীদের নিরাপদ আস্তানা হিসেবেও এটি পরিচিতি পেয়েছে। এমন হরেকরকম অপরাধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পর্যটন শহর কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের ডেসটিনি’র পরিত্যক্ত ১০ তলা বিশিষ্ট ভবনটি। এ সংক্রান্ত বিষয়ে ইতিপূর্বে ‘অপরাধের স্বর্গরাজ্য ডেসটিনি’র পরিত্যক্ত ভবন’ শিরোনামে তথ্য ভিত্তিক সংবাদ প্রকাশ করা হয়।
অবশেষে সোমবার (২২ মে) সন্ধ্যায় সেই পরিত্যক্ত ভবনে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পুলিশ সেখান থেকে অপরাধের মূল হোতা জাফর আলম, সাইফুল ইসলাম, মোঃ রমজান আলী, শামসুল আলম, মোঃ ইয়াছিন, মোহাম্মদ কালু, মোঃ ইব্রাহিম, ভইল্যা, টিটু, সেকুল, ওসমান, নয়ন, জাহাঙ্গীর সহ ১৭ জনকে আটক করেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, আটকদের মধ্যে জাফর আলম, সাইফুল ইসলাম ও মোঃ রমজান আলী মূল হোতা। এছাড়া ওই সিন্ডিকেটের আরও কয়েকজন ধরা পড়েনি।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম বলেন, ‘ডেসটিনির ভবনটিতে নানা অপরাধ কর্মকান্ডের বিষয়ে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ ও তথ্য আসছিল। বিষয়টি পর্যবেক্ষনের পর অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।’
জানা গেছে, এমএলএম কোম্পানি ডেসটিনি যখন সারা দেশে একচেটিয়া ব্যবসা করছিল, তখন প্রতিষ্ঠানটি সুগন্ধা পয়েন্টে আবাসিক হোটেলের জন্য ভবনটি গড়ে তোলে। পরে ২০১২ সালে ডেসটিনি বন্ধ হয়ে যায়। এছাড়া প্লটগুলো সরকার বাতিল করলে তা নিয়ন্ত্রণে নেয় স্থানীয় প্রশাসন। এরপর থেকেই এটি একপ্রকার পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সুযোগে একশ্রেণির সংঘবদ্ধ অপরাধী সিন্ডিকেট অপরাধকান্ডে নানাভাবে পরিত্যক্ত স্থাপনাটিকে ব্যবহার করছে। এছাড়া অনেকে সেখানে নানা ব্যবসা বাণিজ্যও খুলে বসেছে।
আশপাশের ব্যবসায়ীরা জানিয়েছেন, রমজান, গুরা মিয়া, জাকির, মুরাদ, নুরুল আলম, জামাল, জালাল, সেলিম, জাফর আলম, নুরুল ইসলাম, জসিম, মুজিব, শামসু সহ ১৫/২০ জনের একটি সিন্ডিকেট পরিত্যক্ত ভবনটি নিয়ন্ত্রণ করেন। তারা ব্যবসার গোডাউনের আড়ালে সেখানে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ।
তারা আরও জানিয়েছেন, পরিত্যক্ত ভবনটির বিভিন্ন কক্ষ ভাড়া দিয়েও লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। অভিযোগ রয়েছে, দুই/একজন বীচকর্মী নেপথ্যে সিন্ডিকেটটিকে সহযোগিতা দিয়ে থাকে। অভিযোগ উঠেছে, কক্সবাজারের প্রাণকেন্দ্র সুগন্ধা পয়েন্টে ডেসটিনির পরিত্যাক্ত ভবনে বসছে মাদকের হাট। প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলে মাদক বেচাকেনা। এই হাটে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিলসহ সব ধরনের মাদক। পাশাপাশি মাদক সেবীদের আড্ডার স্থান হিসেবেও বেশ পরিচিত ভবনটি।
জানা গেছে, জাফর আলম নামের এক ব্যক্তি পরিত্যক্ত এ হোটেলের প্রতি কক্ষ মাদক ব্যবসায়ীদের কাছে ৫-৭ হাজার টাকা করে ভাড়া দেন। এছাড়া মাদক ব্যবসার লাভের টাকার নির্দিষ্ট পরিমাণের একটি ভাগও পান তিনি। এছাড়া শহরের অপরাধীদের একটি চক্র ভবনটিতে আশ্রয় নিয়ে থাকে। ছিনতাইকারীরা শহর জুড়ে ছিনতাই করে ওই ভবনটিতে নিরাপদে আশ্রয় নেয়। সুগন্ধা সৈকতের পাশে এমন মাদকের আখড়ার ফলে পর্যটকরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। পর্যটকদের ব্যাগ টানা পার্টি বা কিশোর গ্যাংয়ের উৎপাতের সঙ্গেও জড়িত ওইসব মাদকসেবীরা।