রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ছবি।
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ‘ডাকাত দলের’ গোলাগুলিতে নুর হাকিম নামে একজন রোহিঙ্গা নিহত হয়েছেন। রোববার (১০ জানুয়ারি) ভোরে চাকমারকুল ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত নুর হাকিম ওই ক্যাম্পেরই বাসিন্দা।
এ ঘটনায় আরও ২০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ তথ্য নিশ্চিত করে হোয়াইক্যংয়ে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ এপিবিএনের পরিদর্শক মনির হোসেন জানান, ক্যাম্পে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন মারা গেছেন। আরও ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সেভ দ্য চিলড্রেনের অধীনে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।