নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়াস্থ খুরুশকুল রাস্তার মাথায় সড়কের উপর অবৈধ মাছ বাজারে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। প্রতিদিন সন্ধ্যার পর থেকে রাত ১২ টা পর্যন্ত রাস্তার উপরে বসে মাছের বাজার। কোন ধরণের অনুমতি ছাড়াই অবৈধভাবে রাস্তার উপর বাজারটি বসিয়ে নিয়মিত চাঁদা আদায় করছে হেলাল নামে একব্যক্তি। সন্ধ্যার পর থেকে রাস্তার উপর বাজার বসানোর কারণে সড়কটিতে দীর্ঘ যানজট লেগে থাকছে। এতে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছে ওই সড়কে যাতায়তকারীরা।
খুরুশকুল রাস্তার মাথার পশ্চিমে ও পূর্বে পিটিস্কুল বাজারসহ দুইটি বৈধ বাজার থাকলেও একটি সিন্ডিকেট মাছের ঝুড়ি নিয়ে সন্ধ্যার পর থেকে রাস্তার উপর বসে দুর্ভোগ তৈরি করে যাচ্ছে। দ্রুত সময়ে সড়কের উপর থেকে সন্ধ্যাকালীন অবৈধ বাজারটি উচ্ছেদের দাবী জানান সচেতন মহল। একই সাথে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগও দেয়া হয় এই অবৈধ মাছ বাজারে।
দ্রুত সময়ে সড়কের উপর থেকে অবৈধ বাজারটি উচ্ছেদ করার কথা জানিয়েছেন কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন। তিনি বলেন- আশপাশে দুইটি বাজার আছে। তারপরও রাস্তার উপর বাজার বসানো মানে মানুষ দুর্ভোগে পড়া। এমনেই সড়কে যানজট লেগেই আছে। মাছের বাজারটি উচ্ছেদ করে মানুষের দুর্ভোগ কমানো হবে।
খুরুশকুল সড়কের সিএনজি চালক রহমত উল্লাহ বলেন- কক্সবাজারে প্রধানসড়কসহ বহু অলিগলিতে রাস্তার কাজ চলছে। যার কারণে প্রায় যানজট লেগেই থাকে। বিশেষ করে রুমালিয়ারছড়া ও তারাবনিয়ারছড়া যানজটের পরিমাণ বেশি। খুরুশকুল রাস্তার মাথায় প্রায় সময় যানজট লেগে থাকে। সন্ধ্যার পর থেকে যানজটে কাহিল অবস্থা। কিন্তু ওই সময় রাস্তার উপরে বসানো হয় মাছের বাজার। সন্ধ্যা থেকে রাত ১২ টা পর্যন্ত প্রতিদিন মাছের বাজার বসে খুরুশকুল রাস্তার মাথায়। যার কারণে মানুষ হেঁটে রাস্তা পার হতেও কষ্ট হয়। তাছাড়া পুরো এলাকা মাছের দুর্গন্ধে ভরে উঠে।
স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে- সন্ধ্যার পর থেকে ৮ থেকে ১০ জন মাছ ব্যবসায়ী ঝুড়ি নিয়ে রাস্তার উপরে বসে যান মাছ বিক্রি করতে। তারাবনিয়ারছড়াস্থ কবরস্থান গলি এলাকার হেলাল নামে একব্যক্তি রাস্তার উপর মাছের বাজার বসিয়ে তাদের কাছ থেকে দৈনিক চাঁদা আদায় করে। হেলালের নেতৃত্বে নিয়মিত চাঁদা তুলেন হোসেন নামে আরেক ব্যক্তি। এছাড়া পাশের একটি পানের দোকান থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগও নিয়ে দেন হেলাল। অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে রাস্তার উপর অবৈধ মাছ বাজার বসিয়ে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় চলছে খুরুশকুল রাস্তার মাথা এলাকায়।
এবিষয়ে জানতে চাইলে তারাবনিয়ারছড়া এলাকার হেলাল বলেন- রাস্তার উপরের মাছ বাজারটি তিনি দেখা শুনা করেন। সেখানে তার মাছও বিক্রি হয়। একই সাথে তার পার্টনাও রয়েছে। টুকটাক খরচ নেয়া হলেও চাঁদা আদায়ের কথা অস্বীকার করেন তিনি।