বার্তা পরিবেশক:
কক্সবাজার শহরের খুরুশকুল রাস্তার মাথা এলাকায় একটি মার্কেটের ভাড়াটিয়াকে চুক্তির মেয়াদ শেষ না হওয়ার ৪ বছর আগেই সরিয়ে দেওয়ার পায়তারা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে খোদ মালিকের বিরুদ্ধে। ৫ বছরের চুক্তি হলেও মাত্র ১ বছর শেষ হওয়া পরপরেই এই ধরণের কর্মকান্ডে লিপ্ত হয়ে উঠেছে মালিক পক্ষ। মার্কেট ছেড়ে দিতে কয়েক মাস ধরে নানান ঝামেলা চালিয়ে যাচ্ছে মালিক আজিজুল হক। এই নিয়ে ভাড়াটিয়া পক্ষ থানায় অভিযোগ দায়ের করলেও কোন কর্ণপাত করেনি আজিজ। সর্বশেষ বুধবার (৪ জানুয়ারি) কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগি ভাড়াটিয়া পক্ষ।
অভিযোগ সূত্রে জানা গেছে- ২০২১ সালের ১০ ডিসেম্বর খুরুশকুল গাজীর ডেইল এলাকার মৃত ইসলাম সওদাগরের ছেলে আজিজুল হকের কাছ থেকে ২০ লাখ সেলামী ও মাসিক ৪০ হাজার টাকা ধায্য করে খুরুশকুল রাস্তার মাথাস্থ একটি কাঁচা বাজার মার্কেটের ১০টি দোকান ৫ বছরের জন্য ভাড়া নেন গোলদীঘির পাড় এলাকার মৃত ইয়াকুল আলীর ছেলে মনির আহমদ। এরপর মালিক আজিজের টাকার প্রয়োজন হলে আরো ৩ লক্ষ টাকা নিয়ে যান মনির থেকে। এসবের ষ্ট্যাম্প ও চেকও প্রদান করেন আজিজুল হক। এরিমধ্যে ২০২২ সালের ২৭ নভেম্বর মারা যান মনির আহমদ। মনির আহমদ মারা যাওয়ার পর কাঁচা বাজার মার্কেট দেখা শুনা করে দোকান ভাড়াটিয়াদের নিকট ভাড়া আদায় করেন ছেলে কামাল হোসেন।
মৃত মনির আহমদের ছেলে কামাল হোসেন বলেন- নিয়ম শৃঙ্খলা বজায় রেখে এতোদিন মার্কেটে ব্যবসা চলছে। কিন্তু আমার পিতা মারা যাওয়ার সাথে সাথে মার্কেটের উপর লোভ পড়ে মালিকসহ কিছু দুর্বৃত্তের। তারা মার্কেট কেড়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে পায়তারা চালায়। এমনকি মার্কেটের মালিক আজিজুল হক আমার সাথে খারাপ আচারণসহ বিভিন্ন ভয়ভীতিও দেখান। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবগত করে এক মাস আগে সদর মডেল থানায় একটি অভিযোগও দায়ের করি। অভিযোগের ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে শহর পুলিশ ফাঁড়িতে বিবাদীকে হাজির হতে বলা হলেও কোন কর্ণপাত করেনি। বিভিন্ন তালবাহানা করে পুলিশের ডাকে সাড়াও দেয়নি।
সর্বশেষ মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে মার্কেটের ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া আদায়ের সময় আমাকে বাধা প্রদান করেন মালিক আজিজুল হক। বাধা দেওয়ার কারণ জানতে চাইলে সে খারাপ আচরণ করে আমাকে মারধর করেন। এসময় সেখানে একটি ঝামেলাও তৈরি হয়। বিষয়টি তাৎক্ষণিক ৯৯৯ নাম্বারে ফোন করে অবগত করলে শহর পুলিশ ফাঁড়ির একটি টিম সেখানে উপস্থিত হলে আজিজুল হক চলে যান। এদিকে পুলিশ চলে যাওয়ার পর থেকেই মালিক আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। এমনকি দোকানদারের কাছ থেকে ভাড়া আদায়ে বাধা প্রদান করছে। তার এমন কর্মকান্ডের জন্য নিরাপত্তাহীনতায় রয়েছি দেড় মাস ধরে। সর্বশেষ বুধবার (৪ জানুয়ারি) তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় আবারও অভিযোগ দায়ের করা হয়েছে।
কামাল হোসেন বলেন- আমার পিতার সাথে চুক্তি হয়েছে ৫ বছরের। কিন্তু চুক্তিতে উল্লেখ নেই যে; মারা গেলে চুক্তি বাতিল হবে। আমার পিতা মারা গেছে কিন্তু ওয়ারিশ হিসেবে আমিত আছি। আমিত মালিককে নিয়মিত ভাড়াও পরিশোধ করছি। সব কিছুর ডকুমেন্টও আছে। কষ্ট করে মার্কেটটি চালুও করেছি আমি। কিন্তু এখন লোভ পড়েছে মালিকসহ একটি সিন্ডিকেট। এখনো ৪ বছর বাকি আছে চুক্তিতে। এরমধ্যে হুমকি দিয়ে মার্কেট কেড়ে নিতে পায়তারা করে যাচ্ছে।
মঙ্গলবার ঘটনার বিষয়ে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির এএসআই মোজাম্মেল হক বলেন- ফাঁড়ির আইসি স্যার বলেছিল খুরুশকুল রাস্তার মাথা এলাকায় ঝামেলা হয়েছে ওখানে যেতে; স্যারের কথা মতো মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ওখানে গিয়েছিলাম। ওই সময় মার্কেটের মালিকসহ তার কয়েকজন লোক দেখেছিলাম। ওনাকে (আজিজুল হক) এবিষয়ে ফাঁড়িকে বসার জন্য বলা হয়েছিল। ওনার একজন লোক অনুপস্থিত থাকার কথা বলে আসেনি। কয়েকদিন পর বসবে বলে আইসি স্যারকে জানান তিনি। এর আগেও একবার অভিযোগের বিষয়ে ফাঁড়িতে ডাকা হয়েছিল। কিন্তু ওনি কর্ণপাত করেনি।