সিরাজুল ইসলাম
কক্সবাজার সদরের খুরুশকুলে সরকারি জমিতে পাহাড় কেটে নির্মিত অবৈধ ফার্ম উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ। মঙ্গলবার (৬ আক্টোবর) দুপুর ১টার দিকে খুরুশকুল পূর্ব ঘোনারপাড়া ভোমারিয়ার ছড়ার এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এসময় উপস্তিত ছিলেন- বন বিভাগের পিএমখালী রেঞ্জ কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাহাবুবুল ইসলাম। অভিযানে অবৈধ স্থাপনার কাজে তৈরীকৃত ২০টির মতো লোহার পিলার ভেঙ্গে দেন ও ২টি বাঁশের তৈরী স্থাপনা উচ্ছেদ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী নুরুল আলম বহদ্দারের ছেলে পাহাড়খেকো পারভেজ, অবৈধ ফার্ম নির্মানকারী আব্দুল হামিদ ও সরকারি জমি দখলদার নুরুল ইসলাম মিলে সরকারি পাহাড় কেটে প্লট বানিয়ে বিক্রিসহ স্থাপনা করে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।
তাদের বিরুদ্ধে বনবিভাগ সরকারি জমি দখল ও পাহাড় কাটার একাধিক মামলা করলেও খুরুশকুলের প্রায় ১২টি পাহাড় কেটে সাবাড় করছে পাহাড়খেকো এই সিন্ডিকেট।
বন বিভাগের সূত্রে জানা গেছে, কায়সারের বিরুদ্ধে ৬টির মতো মামলা আছে। তারপরও সে পাহাড় ছাড়ে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠিন ব্যবস্থা নেয়া ছাড়া পাহাড়কাটা ঠেকানো যাবেনা।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শেখ নাজমুল হুদা বলেন, খুরুশকুল পূর্ব ঘোনারপাড়া ভোমারিয়ার ছড়ার এলাকায় পাহাড় কেটে স্থাপনা তৈরীর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।