কক্সবাজারে সংঘটিত বিভিন্ন অপরাধের সঙ্গে মাদকের সংশ্লিষ্টতা রয়েছে বলে মন্তব্য করেছেন জেলার দায়িত্বপ্রাপ্ত ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী।
তিনি বলেন, মাদক শুধু কক্সবাজারের সমস্যা নয়, এটি সারাদেশের একটি গুরুত্বপূর্ণ ইস্যু। মাদকের সংশ্লিষ্টতার কারণে দেশের বিভিন্ন এলাকায় নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। মাদক নির্মূলে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে সভাটি অনুষ্ঠিত হয়।
সাচিং প্রু জেরী বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট অংশীজনের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
তিনি আরও বলেন, সংশ্লিষ্টদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জেলার শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা আরও জোরদার করা সম্ভব।
জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এবং পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বক্তব্য দেন।
এ সময় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন মহল্লায় মাদক নিয়ন্ত্রণ প্রতিরোধ কমিটি গঠন করা হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর জনবল ও যানবাহন সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।