• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

কড়া নাড়ছে কোরবানের ঈদ, তবুও ব্যস্ততা নেই কামারশালায়

নিজস্ব প্রতিদেক / ৫৫৫ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
কক্সবাজার শহরের কামারশালা।

ফয়সাল রহমান:

ঈদুল আযহাকে ঘিরে প্রতিবছর কামারশালাগুলোতে দিন-রাত চলতো কাজ। দা-ছুরি তৈরি, বিক্রি ও শাণ দিতে দিতেই দম ফেলার ফুরসত মিলতো না কামারদের। তবে করোনাকাল পাল্টে দিয়েছে সেই চিত্র।

বড় বাজার, চাউল বাজার, নতুন বাহারছড়া, উপজেলা বাজার এলাকার বিভিন্ন কামারের দোকান ঘুরে দেখা গেছে, আগের মতো ব্যস্ততা নেই কামারদের। উপজেলাগুলোতেও তারা অনেকটা অলস সময় পার করছেন বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, এই সময়টাতে গ্রাহকের অর্ডার নিয়ে ঠিক সময়ে ডেলিভারি দিতে দোকানে বাড়তি কর্মচারী নিয়োগ দিতে হতো। আগেভাগেই কাঁচা লোহা কিনে রাখতে হতো। শাণ দেওয়ার যন্ত্রে ব্যবহারের জন্য মজুদ করতে হতো কয়লা। আর এখন গ্রাহকের অপেক্ষায় থাকতে থেকে সময় পার করছে কামাররা। পুরোনোগুলোতেই শাণ দিয়ে নিয়ে যাচ্ছে তাদের।

এসব কামারের অধিকাংশই পূর্বপুরুষদের হাত ধরে এই পেশায় এসেছেন। বর্তমানে আধুনিক যন্ত্রাংশের দাপটে কামার শিল্পে চলছে দুর্দিন। তারপরও বাপ-দাদার পেশা টিকিয়ে রেখেছেন অনেকে।

কামাররা বলছেন, এক সময় তাদের যে কদর ছিল বর্তমানে তা আর নেই। মেশিনের সাহায্যে এখন আধুনিক যন্ত্রপাতি তৈরি হচ্ছে। চাইনিজ ছুরিসহ নিত্য ব্যবহার্য সামগ্রী সস্তায় মিলছে দোকানে। ফলে তাদের তৈরি সামগ্রীর প্রতি মানুষ আকর্ষণ হারাচ্ছে।

নুনিয়ার ছড়ার বাদল নামের এক কামার বলেন, দোকান ভাড়া, কর্মচারীদের বেতনসহ আনুষাঙ্গিক খরচ দিয়ে সারাবছরই লোকসানে থাকতে হয়। এ লোকসান কাটিয়ে উঠতে কোরবানির ঈদের অপেক্ষায় থাকি। কোরবানির আগের মাস থেকেই আমাদের ব্যবসা চাঙা হতো। কিন্তু এ বছর সেই আশায় গুঁড়েবালি। মাত্র কয়েকটি দা-ছুরি বিক্রি ও শাণ দেওয়ার কাজ পেয়েছি।

চাউল বাজার কামারপল্লীর মের্সাস রাজিব এন্ড ব্রাদাসের কর্মচারী রূপক বলেন, সাধারণত ঈদের এক মাস আগে থেকেই দা, ছুরি, বটি, ধামা তৈরি করা শুরু হতো। বিক্রি শুরু হতো কোরবানির এক সপ্তাহ আগে থেকে। অতিরিক্ত কাজের চাপের জন্য নিয়োগ দেয়া হতো অতিরিক্ত শ্রমিক। কিন্তু এ বছর তেমন কাজ পাওয়া যায়নি। তাই পুরোনো ছুরি, দা, বটি, ধামা শাণ দিয়ে রাখছি বিক্রির আশায়।

একই এলাকার সজল নামে এক কামার বলেন, এটি সবচেয়ে বড় কামারপল্লী। এখানকার সব দোকানেই তেমন কাজ নেই। লকডাউনের শুরুতে ২০ হাজার টাকা ধার নিয়েছিলাম। কোরবানি উপলক্ষে কাজ করে সেই ধার পরিশোধ করার আশায় ছিলাম। এখন চিন্তায় আছি, কিভাবে এ টাকা পরিশোধ করবো।

দেখা গেছে, কামারশালাগুলোতে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে দা, ছুরি, বটি। মানভেদে নতুন দা ২৫০ থেকে ৪শ টাকা, ছুরি ১২০ থেকে ২শ টাকা, বটি ৩৫০ থেকে ৬শ টাকা, পশু জবাইয়ের ছুরি ২৫০ থেকে ৫শ টাকা এবং ধামা ৪শ থেকে ১ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। দা শাণ করাতে ২০ টাকা, ছুরি ১৫ টাকা, বটি ৩০ টাকা করে নিচ্ছেন কামাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন