মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীতে কলেজ ছাত্র মেহেদী হাসান মিরাজ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে মহেশখালী ছাত্র সমাজ। শনিবার (৯মে) বিকেল ৩টায় শাপলাপুর উচ্চবিদ্যালয় মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় ছাত্ররা হত্যা মামলায় জড়িত শাপলাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওসমান সরওয়ার, শাহেদ, সরওয়ার সহ অন্যান্য হত্যাকারীদের শাস্তি দাবী করেন। ঘটনার ৭দিন অতিবাহিত হলেও থানা পুলিশ মামলা না নেওয়ায় এবং আসামী গ্রেপ্তার না করায় নিন্দা জানান তারা।

উল্লেখ্য যে, গত ২ মে সন্ধ্যায় শাপলাপুর ইউনিয়নের জেএম ঘাট নয়াপাড়া এলাকায় সন্ত্রাসীদের হাতে আহত হয়ে ৫ মে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান কলেজ ছাত্র মেহেদী।
মানববন্ধনে বক্তারা বলেন, শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওসমান সরওয়ার ক্ষমতার দাপটে এর আগেও লোকমান হত্যাকান্ড ঘটিয়েছিল। এবার ওসমানের ইন্দনে হত্যা করা হয়েছে কলেজ ছাত্র মেহেদীকে। কিন্তু এখনো পর্যন্ত মহেশখালী থানা পুলিশ কোন আসামী গ্রেপ্তার করেনি।

নিহতের ভাই আবু হানিফ জানান, ঘটনার পর থেকে এখনো পর্যন্ত অদৃশ্য কারণে মামলা হয়নি। হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরাফেরা করায় নিহতের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
এসময় মানববন্ধনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- ছাত্র সমাজের সাদেক হোসেন, মো. মোজাহেদ, রবিউল হাসান রুবেল, রহিম বিন হোসাইন, আবু হানিফ, ইকবাল হোসেন সাগর,ওয়াজ উদ্দিন, হাবিব উল্লাহ, কেফায়েত উল্লাহ সহ প্রমুখ।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর জানান, ‘নিহতের পরিবার এজাহার নিয়ে এসেছিল। এজাহারে ভুলত্রুটি থাকায় সংশোধন করতে পরামর্শ দিই। পরে তারা যোগাযোগ করেনি। নিহতের পরিবার এজাহার নিয়ে আসলে মামলা নেওয়া হবে।’