• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

কলাতলী চন্দ্রিমায় ছিনতাইকারীদের হামলায় আহত ৩

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ২৫৩ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

কক্সবাজার শহরের পূর্ব কলাতলী চন্দ্রিমা মাঠ এলাকায় দিনেদুপুরে সংঘবদ্ধ ছিনতাইকারীদের হামলায় ৩ জন আহত হয়েছেন। এসময় আহতদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। লোকজন আহত ৩ জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা সেবা দিয়েছেন।

গত সোমবার (১৪ এপ্রিল) দুপুর ১টা ও বিকাল সাড়ে ৪ টার দিকে দুই দফায় চন্দ্রিমা মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পূর্ব কলাতলী চন্দ্রিমা মাঠ এলাকার নুরুল ইসলামের স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে চন্দ্রিমা মাঠ এলাকার আনোয়ার হোসেনের পুত্র মোঃ একরাম (২৬), চৌদ্দগ্রাম এলাকার মতলবের পুত্র মোঃ ইয়াছিন, লম্বা কালুর পুত্র মোজাম্মেল ও আজিজ এর নাম উল্লেখ করে আরও ২/৩ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দায়ের করেছেন।

বাদী এজাহারে উল্লেখ করেছেন, গত ১৪ এপ্রিল (সোমবার) দুপুর ১টার দিকে পূর্ব কলাতলী চন্দ্রিমা গেইটের কাছে হাইওয়ে রেস্ট হাউজের নিচে রাস্তায় বাদীর বাড়িতে বেড়াতে আসা ভাগিনা আবদুল হামিদের কাছ থেকে ১০ হাজার টাকা মূল্যের একটি এন্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেন চিহ্নিত ছিনতাইকারী একরাম ও তার এক সহযোগী। ওইদিন বিকাল পৌনে ৫টার দিকে ভুক্তভোগী আবদুল হামিদ ছিনতাইকারী একরামকে চন্দ্রিমা মাঠে জনৈক ফরিদের বিল্ডিংয়ের সামনে দেখতে পেয়ে বাদীকে খবর দেন।

খবর পেয়ে বাদি ২/১ জনকে নিয়ে গিয়ে একরামের কাছ থেকে ছিনিয়ে নেয়া মোবাইল ফেরত চাইলে একরামের নেতৃত্বে ইয়াছিন, মোজাম্মেল, আজিজসহ ৬/৭ জন ছিনতাইকারী সংঘবদ্ধ হয়ে তাদের উপর হামলা চালান। এতে বাদী রেহেনা বেগম, আলমগীরের পুত্র ভাতিজা মোবারক ও ভাগিনা আবদুল হামিদ গুরুতর আহত হন। এলাকাবাসী ও স্বাক্ষীরা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা সেবা দিয়েছেন। এ ঘটনায় রেহেনা বেগম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

বাদী রেহেনা বেগম জানান, আসামীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী। তাদের কোন সুনির্দিষ্ট পেশা নেই। প্রধান আসামি একরামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। এছাড়া এলাকাবাসী ইতিপূর্বে তার অত্যাচারে মানববন্ধন কর্মসূচি পালন করে। এজাহারের বাদী আরও জানান, বর্তমানে চিহ্নিত ছিনতাইকারী ও সন্ত্রাসী একরাম বাদী ও স্বাক্ষীদের হুমকি দিচ্ছেন। তারা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন