• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

কলাতলীর মোড়ে অবৈধ স্থায়ী পার্কিং : পাশে ট্রাফিক পুলিশের পরিশ্রম!

নিজস্ব প্রতিবেদক: / ১৬২ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

কক্সবাজার কলাতলী মোড়ের দক্ষিণ পাশে ওয়ার্ল্ড বীচ রিসোর্ট। রিসোর্টের সামনে থেকে মেরিন ড্রাইভ সড়কের প্রবেশপথ পর্যন্ত রাস্তার উপরেই টমটম পার্কিং। রাস্তার উপরে লাইন ধরে ২৪ ঘন্টা দাঁড়িয়ে রাখা পার্কিংয়ের শক্তি এতোই বেশি যে কেউ নড়াতে পারছেনা। বছরের পর বছর রাস্তার উপরে টমটম গুলো পার্কিং করলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেই। কলাতলীর মোড়ে যানজট লাগলেও রাস্তার উপর টমটম পার্কিং সরাতেও এগিয়ে আসছে না কেউ। অথচ টমটম পার্কিংয়ের দুই হাত পাশেই যানজট নিরসন করতে ট্রাফিক পুলিশের কতোই ব্যস্ততা ও পরিশ্রম। কলাতলীর মোড়ে ঢাকা-চট্টগ্রাম থেকে আসা বাস গুলোর কারণে লেগে থাকা যানজট নিরসনে হিমশিম খেতে হয় দায়িত্বরত ট্রাফিক পুলিশদের। অথচ যানজটের উৎস সড়কের উপর লাইন করে দাঁড়িয়ে থাকা টমটম ও অন্যগাড়ির পার্কিং যেন সরানোর কোন গতি নেই। কলাতলীর মোড়ে যানজট লেগে থাকার উৎস প্রকাশ্যে দেখা গেলেও অদৃশ্য কারণে সরানো হচ্ছে না রাস্তার উপরের পার্কিং। বছরের পর বছর রাস্তার উপরে লাইন ধরে পার্কিং রেখেই দুই হাত দূরে কঠোর পরিশ্রম ও দায়িত্বপালন করে যাচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরা।

সরেজমিনে দেখা যায়- প্রতিদিন ভোর থেকে সকাল ১১ টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম থেকে পর্যটকবাহী বাস গুলো কক্সবাজার শহরের কলাতলি মোড়ের একটু আগে ওয়ার্ল্ড বীচ রিসোর্টের সামনে এসে দাঁড়ায়। এরপর বেশ কয়েকজন যুবক দৌঁড়ে গাড়ির দরজায় দাঁড়িয়ে যাত্রীদের ব্যাগ নিয়ে টানাটানি শুরু করে। কাছে গিয়ে দেখা যায় এরা সবাই টমটম চালক। রাস্তার উপর লাইন করে টমটম রেখেই তারা পর্যটক টানাটানি করছে। ভাল মানের হোটেলে পৌঁছে দেয়ার কথা বলে নিজের টমটমে যাত্রী তুলার এ প্রতিযোগিতায় নেমেছে তারা।

ব্যবসায়ীরা জানিয়েছেন, টমটম চালকদের এ ধরনের ঘটনা নিত্যদিনের। এক শ্রেণীর আবাসিক হোটেল ব্যবসায়ী নির্দিষ্ট টমটম চালকের সাথে পর্যটক আনা নেয়ার চুক্তি করেছেন। এসব চালক হোটেলে পর্যটক পৌঁছে দিলেই পায় কমিশন। টমটম চালকের কমিশন দিতে অতিরিক্ত ভাড়া আদায় করে হোটেল মালিকপক্ষ। যার কারণে চুক্তি করা হোটেলে পর্যটক নিতেই এভাবেই টানাহেঁচড়া করে থাকেন। পর্যটক টানতে সুবিধার জন্য টমটম চালকরা রাস্তার উপর দিনের পর দিন এভাবে পার্কিং করে থাকে। কতিপয় হোটেল মালিকদের সাথে চুক্তি এসব টমটম চালকদের দলনেতাদের সাথে। গাড়ি থেকে পর্যটক টানতে সুবিধার জন্য এসব টমটম চালকদের সাথে দৈনিক চুক্তি রয়েছে ট্রাফিক পুলিশের কয়েকজন সদস্যদের সাথে। এভাবে চুক্তির কারণেই স্থায়ীভাবে রাস্তার উপর পার্কিং করে যাচ্ছে বছরের পর বছর। চুক্তি থাকায় দুই হাত পাশে যানজট নিরসনে কঠোর পরিশ্রম করলেও রাস্তার উপরের পার্কিং সরানোর কোন গতি নেই ট্রাফিক পুলিশের।

অনেক হোটেল ব্যবসায়ীদের মতে, কলাতলীর মোড়ে কয়েকটি সংগঠনের নামে রাস্তার উপরে টমটম গুলো পার্কিং করা হয়। তারা কয়েকটি হোটেল কর্তৃপক্ষের সাথে কমিশন ভিত্তিক চুক্তি করে পর্যটক আনা নেয়া করেন। আর হোটেল ব্যবসায়ীরা পর্যটকদের কাছ থেকে নির্ধারিত ভাড়া চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করেন। আদায় করা ভাড়া থেকে কমিশন দেয়া হয় টমটম চালকদের। বিষয়টি নিয়ে হোটেল মালিক সমিতির সভায় আলোচনা হলেও কার্যত কোন ব্যবস্থা নেয়া হয়নি। অভিযোগ উঠেছে, ট্রাফিক পুলিশের সহযোগিতায় রাস্তার উপর টমটম গুলো পার্কিং করা হয়েছে। যদি ট্রাফির পুলিশের সহযোগিতা না থাকত, তাহলে জীবনেও রাস্তার উপর পার্কিং করা যেতো না। কলাতলীর মোড়ে ভয়াবহ যানজট লেগে থাকলেও রাস্তার উপরের পার্কিং গুলো সরানোর কোন কার্যক্রম নেই।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন টমটম চালক বলেন, আমাদের সাথে কয়েকটি হোটেলের চুক্তি রয়েছে। প্রতি রুমের যত ভাড়া তার একটি অংশ আমাদের দিতে হয়। আর ট্রাফিক পুলিশের সাথেও আমাদের দৈনিক চুক্তি রয়েছে। যার কারণে পর্যটকের গাড়ি যেখানে থামেন সেখানে আমরা পার্কিং করে থাকি।

কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, টমটম চালকদের হাতে পর্যটক হয়রানির বিষয়টি আমরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে জানিয়েছি। সমিতিতে বসে আলোচনাও হয়েছে। কিন্তু কোন অবস্থায় নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা। এসব অসাধু ব্যবসায়ীদের কারণে কক্সবাজারে পর্যটন ব্যবসায়ীদের দুর্নাম হচ্ছে।

জানা যায়- কলাতলীর মোড় অঘোষিত বাস টার্মিনালে পরিণত হয়েছে। সড়কের দুই পাশে গড়ে উঠেছে বিভিন্ন পরিবহন কাউন্টার। এসব কাউন্টারে দূরপাল্লার বাসের টিকিট বিক্রির পাশাপাশি সড়কের অর্ধেক দখল করে যাত্রী ওঠানো ও নামানো হয়। ফলে এ পর্যটন এলাকায় বেড়েছে যানজট ও দুর্ঘটনা।

সড়কের তিনটি সংযোগ থাকায় কলাতলী মোড় থেকে ঢাকা, চট্টগ্রাম ও টেকনাফে যাওয়ার লোকজনও ওই এলাকায় জড়ো হয়। কলাতলী ঘিরে ছোট-বড় বাস, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের অঘোষিত স্ট্যান্ড গড়ে উঠেছে। সড়কে গাড়ি পার্কিং করে থাকায় কলাতলী এলাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কলাতলীর উঠনিতে গ্রিনলাইন কাউন্টারের সামনে অনেক বাসের কারণে একাধিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। বেশির ভাগ বৃহস্পতিবার থেকে শনিবার কলাতলী মোড় থেকে পুলিশ লাইন হয়ে সড়কের দুই পাশে শত শত বাস দাঁড়িয়ে থাকে। সন্ধ্যা হলে সেখান থেকে ঘুরে বাসগুলো লাবণী পয়েন্ট হয়ে হোটেল জোনে প্রবেশ করে। এরপর এসব কাউন্টার থেকে তোলা হয় যাত্রী।

এবিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কক্সবাজার ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী বলেন- কয়েকমাস আগে থেকেই ব্যাপক পরিবর্তন এসেছে কলাতলীর মোড়ে। মোড়ের চারপাশে রাস্তার উপর কিছু সংকেত দেওয়া হয়েছে। যার কারণে যানজটও নেই পার্কিংও নেই। যে কাজ সড়ক বিভাগের করার কথা সেই কাজ আমরা করেছি।

টমটমের পার্কিংয়ের বিষয়ে তিনি বলেন- একসময় এসব টমটমের কোন ডাটাবেজ ছিল না। যার কারণে সহজে অপরাধ করে রক্ষা পেতো। এখন কলাতলীর অনেক টমটমের ডাটাবেজ রয়েছে। এতে সহজে কেউ অপরাধ করে পার পেতে পারবে না। তবে যাত্রীদের বাস থেকে নেমেই অন্য গাড়িতে (টমটম) উঠার জন্য একটি নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কিন্তু ট্রাফিকের নামে অবৈধ আয়ের বিষয়ে আমাকে কেউ অবগত করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন