• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

কলাতলীতে হোটেল ‘পিংক শোর’ দখলে নিতে দফায় দফায় হামলা-মহড়া, আতঙ্ক

নিজস্ব প্রতিদেক / ৬৭৮ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

বিশেষ প্রতিনিধি:

কক্সবাজার শহরের কলাতলীতে গণপূর্ত আবাসিক এলাকার হোটেল সূগন্ধার পেছনে ‘পিংক শোর’ নামের একটি আবাসিক হোটেল দখলে নিতে প্রায় এক বছর ধরে দফায় দফায় হামলা, ভাংচুর, লুটপাট ও মহড়া দিয়ে আসছে নাছির উদ্দিন মোহাম্মদ মহসিন ও তৌহিদুল আনোয়ার নামের দুই ব্যক্তির নেতৃত্বে একটি অস্ত্রধারী সংঘবদ্ধ দল। চক্রটি এসব অপরাধ কর্মকান্ডে চিহ্নিত সন্ত্রাসীদের ব্যবহার করছে।

গত প্রায় তিন বছর ধরে হোটেলটি নির্মাণ, সংস্কার ও ব্যবসা পরিচালনায় নিয়োজিত মাহাছুমুল ইসলাম রাসেল নামের এক ব্যবসায়ীকে অবৈধভাবে উচ্ছেদ করতে আইনিপথে না গিয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে অপরাধ কর্মকান্ডের মাধ্যমে হোটেলটি দখলে নিতে অপচেষ্টা করছে।

সর্বশেষ গত রবিবার ৯ আগষ্ঠ সকাল ১০টার দিকে ওই হোটেলে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায় চক্রটি। বর্তমানে দিনে-রাতে চক্রটি অস্ত্রধারী সন্ত্রাসীদের নিয়ে মহড়া দিচ্ছে। এতে পর্যটন এলাকায় আতঙ্কের পাশাপাশি ভূক্তভোগী ব্যবসায়ী ভীতস্বন্ত্রস্ত হয়ে পড়েছেন। একই সাথে কোটি কোটি টাকা বিনিয়োগ করে এখন ওই ব্যবসায়ী বেকায়দায় পড়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কক্সবাজার গণপূর্ত অধিদপ্তরাধীন সমুদ্র সৈকত আবাসিক এলাকার বি-ব্লকের ২৬নং প্লটের মালিক নাসির উদ্দিন মোহাম্মদ মহসিন। তিনি প্লটের উপর ভবন নির্মাণের নিমিত্তে ‘এক্সিলেন্স প্রপার্টিজ লিমিটেড’কে ডেভেলপার নিয়োগ করেন। ডেভেলপার কর্তৃক ভবনের অবকাঠামো আংশিক নির্মাণ করে বাকি নির্মাণ কাজ করতে অপারগতা প্রকাশ করে। যার কারণে ভবনটি দীর্ঘদিন পরিত্যক্ত ছিল। পরবর্তীতে ডেভেলপার কর্তৃক নাসির উদ্দিন মুহাম্মদ মহসিন বরাবরে অপরাপর শর্তসহ বাকি নির্মাণ কাজ করা ও পরিচালনার শর্তে ফেরত প্রদান করেন।

অতঃপর বাকি নির্মাণ কাজ করা সাপেক্ষে ভবনটিতে হোটেল পরিচালনার জন্য নাসির উদ্দিন মোহাম্মদ মহসিন কর্তৃক কায়ছার হামিদ গংকে প্রদান করেন। কায়ছার হামিদ গং নিজস্ব তহবিল ও অপরাপরদের নিকট থেকে তহবিল সংগ্রহ করে ১ কোটি ৪৫ লাখ ৮৯ হাজার ৭৯৫ টাকা বিনিয়োগ করেও সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ করতে ব্যর্থ হন।

ফলে নাসির উদ্দিন মোহাম্মদ মহসিন কর্তৃক ভবনের নির্মাণ কাজ করা সাপেক্ষে ভবনটিতে হোটেল পরিচালনার জন্য ‘হোটেল পরিচালনায় নাসির উদ্দিন মোহাম্মদ মহসিন হস্তক্ষেপ করবেনা’ শর্তসহ বিভিন্ন শর্তাদি উল্লেখে ২২/৬/১৭ ইং তারিখে রফিকুল ইসলামের সাথে চুক্তি সম্পাদন হয়। সমঝোতা সাপেক্ষে কাইছার হামিদ গং এর বিনিয়োগ ফেরত প্রদান পূর্বক কাইছার হামিদ গং এর চুক্তি বাতিল করা হয় এবং ভবনের সকল নির্মাণ কাজ সমাপ্তক্রমে ‘হোটেল পিংক শোর’ নামকরণে চালু করা হয়।

নাসির উদ্দিন মোহাম্মদ মহসিনকেও নগদ টাকা প্রদান করা হয়। শর্তমতো রফিকুল ইসলাম প্রায় আড়াই কোটি টাকা বিনিয়োগে তার ভাই মাহাছুমুল ইসলামের তত্ত্বাবধানে হোটেলটি চলমান রয়েছে। হোটেলে বিনিয়োগ ও ব্যবসায়ীক কার্যক্রম চলমান থাকার সমর্থনে পর্যাপ্ত প্রমানও রয়েছে। পাশাপাশি হোটেলে প্রায় সময় দেশি-বিদেশি পর্যটক অবস্থান করে। কোটি কোটি টাকা বিনিয়োগে দৃষ্টিনন্দন করে মাহাছুমুল ইসলাম যেই হোটেলটিতে ব্যবসা শুরু করেছেন তাতে লোলুপ দৃষ্টি পড়ে নাসির উদ্দিন মোহাম্মদ মহসিনের।

এর অংশ হিসেবে নাসির উদ্দিন মোহাম্মদ মহসিন লোভের বশবর্তী হয়ে ডেভেলপার ও ফ্ল্যাট মালিকদের সাথে পরষ্পর যোগসাজসে মাহাছুমুল ইসলাম রাসেলকে বেদখল করার জন্য হুমকি-ধমকি শুরু করে। চুক্তি সম্পাদনের দীর্ঘ প্রায় দুই বছর পর রফিকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে প্রশাসনের বিভিন্ন দফতরে অভিযোগ করে আসছে।

একই সাথে অস্ত্রধারী সন্ত্রাসী ভাড়া করে হোটেল থেকে বেদখল করার অপচেষ্টা করে আসছে। এর ধারাবাহিকতায় নাসির উদ্দিন মোহাম্মদ মহসিন হোটেল দখলের জন্য গত ৪/১২/২০১৯ ইং তারিখ দিবাগত রাত ২টার দিকে হোটেলে হামলা চালিয়ে মারধর, চুরি ও ভাংচুর করে। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় ১৩২৬/২০১৯ নং মামলা হয়। যা তদন্তে সত্য প্রমানে অভিযোগপত্র দাখিল হয়। এরপর ২৪/১২/২০১৯ ইং তারিখ সন্ধ্যা ৭টার দিকে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অন্ধকারে হোটেল দখলের অপচেষ্টা চালায়।

কিন্তু সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের রীট পিটিশন নং-১৫০৯৩/২০১৯ মামলার নিষেধাজ্ঞাসহ অন্যান্য আদেশের এডভোকেটের প্রত্যয়নপত্র সঠিক সময়ে পৌঁছানোয় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে না পারায় হোটেল দখলে ব্যর্থ হয় চক্রটি। এ ঘটনার তিন দিন পর ২৮/১২/২০১৯ ইং তারিখ রাত ৯টার দিকে নাছির উদ্দিন মোহাম্মদ মহসিনের নেতৃত্বে ৬০/৭০ জন সন্ত্রাসী নিয়ে আবারও হোটেল দখলের নিমিত্তে হোটেল সংশ্লিষ্টদের অস্ত্র ও মাদক মামলায় জড়ানোর চেষ্টা করে।

কিন্তু থানা পুলিশ ঘটনা বুঝতে পারায় তারা হোটেল দখলে ব্যর্থ হয়। সর্বশেষ গত ৯/৮/২০২০ ইং তারিখ সকাল ১০টার দিকে আবারও হামলা চালিয়ে হোটেলে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। এসময় সন্ত্রাসীরা নগদ টাকা, ২৩টি টিভি, ৩টি ল্যাপটপ, সিসিটিভি ও অন্যান্য মূল্যবান মালামালসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে মাহাছুমুল ইসলাম রাসেল ঘটনাস্থলে গেলে তাকে গালিগালাজ, হুমকি-ধমকি এবং হামলার চেষ্টা চালান। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু এখনও অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী নিয়ে মহড়া দিচ্ছেন নাছির উদ্দিন মোহাম্মদ মহসিন। এ ঘটনায় পর্যটন এলাকায় যেমন আতঙ্কের সৃষ্টি হয়েছে তেমনি কোটি কোটি টাকা বিনিয়োগ করে চরম বেকায়দায় পড়েছেন ব্যবসায়ী মাহাছুমুল ইসলাম রাসেল। তারা ন্যায় বিচার চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন